Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক বসছে দিল্লিতে : অভিযোগ রিজভীর

Icon

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:১১ এএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক বসছে দিল্লিতে : অভিযোগ রিজভীর

ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক বসছে দিল্লিতে। বাংলাদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ বাংলাদেশের নাগরিকদের হাত থেকে ছিনিয়ে নেয়ারই অংশ। যা বাংলাদেশের জন্য সম্মানজনক নয়।’

গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,‘অতীতের তিনটি ভূয়া নির্বাচনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের জনগন উদ্বিগ্ন। ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে প্রকাশ্যে শেখ হাসিনার একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন। বিএনপিসহ অধিকাংশ দলবিহীন নির্বাচনে তারা সমর্থন দিচ্ছেন। দিল্লি থেকে বলা হচ্ছে, তারা বাংলাদেশে স্থিতিশীলতা চান। তার মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাংক্তেয়।’

তিনি বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যমে বুদ্ধিজীবি ও সাংবাদিকেরা যে সব মতামত প্রকাশ করছেন, তা প্রায় সবই তাদের সরকারি দৃষ্টিভঙ্গী ও নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছু নয়। সেখানকার পত্রিকায় লেখা হচ্ছে ,”মোদীর কৌশলে বাজিমাত করতে সক্রিয় শেখ হাসিনা”।’

রিজভী বলেন, ‘আরও বিস্ময়ের কথা হচ্ছে, তারা গণতন্ত্রের মূল ভিত্তি বহুমত ও সহনশীলতার নীতিকে অগ্রাহ্য করে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, অন্য কথায় বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকাকে অপরিহার্য গণ্য করছেন গণতন্ত্রকে বর্জন করে। এক্ষেত্রে স্থিতিশীলতার বাংলা হলো স্বৈরতন্ত্র! তাদের কথায় স্পস্ট যে, এখানে তারা কি লেন্দুপ দর্জি চান ? দিল্লী তার নিজ স্বার্থের জন্য আমাদের দেশের গণতন্ত্র হত্যায় মুল ভুমিকা পালন করে আমাদের দেশের মানুষের বিরুব্ধে অবস্থান নিয়েছে ? জনগনের প্রশ্ন দিল্লী কি বাংলাদেশের জনগনের সাথে সম্পর্কের পরিবর্তে একটি গণবিরোধী ভোট ডাকাত দলের সাথে সম্পর্ক চান ?’ তিনি বলেন, ‘তবে দেশের ১৮ কোটি জনগন চায় দিল্লী সৎ প্রতিবেশী সুলভ  আচরন করুক।আমাদের অভ্যন্তরীন বিষয়ে নাক না গলাক। জনগনের ভোটাধিকার গলাটিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুক।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা তার পূর্বনির্ধারিত ডামি নির্বাচনের মাধ্যমে ¶মতায় টিকে থাকতে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার কৌশল হিসাবে নাশকতা ও জঙ্গী নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা নিচ্ছে বলে নানাভাবে জানা যাচ্ছে। আমরা জানতে পেরেছি, একজন ডিআইজিকে দায়িত্ব দেয়া হয়েছে জঙ্গী নাটক মঞ্চস্থ করার। এজন্য বিএনপি জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে রাখা হয়েছে। তাদেরকে দিয়ে জঙ্গী নাটক মঞ্চায়ন হতে পারে। পার্শবর্তী দেশের পরিকল্পনায় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পূর্ববর্তী সময়েরই তারা  জঙ্গী নাটক করে তাদের স্বার্থসিদ্ধি করেছিল। ৭ জানুয়ারি নির্বাচনের পূর্ব মূহুর্তেও একই নীলনকশা বাস্তবায়ন করতে পারে।’

পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘ আপনারা আওয়ামীলীগের কোন নাটককে বিশ্বাস করবেন না। একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে  সোচ্চার হোন এবং এদেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনারা জানেন, মেরুদন্ডহীন দলদাস নির্বাচন কমিশন শেখ হাসিনার পাঠানো সীট বন্টনের তালিকায় সীলমোহর দেয়ার জন্য একটি একতরফা নির্বাচনের নাটকের আয়োজন করেছে। এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের কথাবার্তা-আচার-আচরণ রীতিমত হাস্যকর। গনভবনের সুতোয় পুতলের মতো নাচছে ইসি। তারা প্রায়শ বিএনপিকেও হুমকী ধামকী দিচ্ছেন।গোটা দেশের জনগন জানে,কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে। আর নির্বাচন কমিশনাররাও ভেক ধরছেন।’

‘রুহুল কবির রিজভীর কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন।’-নির্বাচন কমিশনার আনিছুর রহমানের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কি হাস্যকর কথা। তিনি সাধু সন্ত হওয়ার অভিনয় করছেন। তিনি গণভবনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুখিয়ে আছেন আর তিনি জানেন না ? এতো অর্বাচীনতার নাটক করে ভাবছেন জনগন কিছু বোঝে না? তালিকা আমি কেন দিব ? শেখ হাসিনাকে বলেন, পেয়ে যাবেন। আপনার প্রধান নির্বাচন কমিশনারকে বলেন পেয়ে যাবেন।’

‘১৮৯৬ জন প্রার্থী এবারের নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিচ্ছে। ৭০ শতাংশ মানুষ ভোট দেবে।-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব জানেন কত পার্সেন্ট ভোট কাস্ট করবে তা-ও তারা গনভবনে বসে ঠিক করে রেখেছেন। আপনাদের কাজ হলো ঘোষনা করা। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতোই আরেকটি পূর্ব নিধারিত ফলাফল ঘোষনার এসব নাটক বাদ দিয়ে পদত্যাগ করে জনগনের কাতারে আসুন। অন্যথায় মীরজাফরদের পরিণতি কি হয় তা ইতিহাসে পড়ে নিন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন