আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ফল নির্ধারিত হয়ে গেছে। বলতে গেলে, নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি) ভোটের দিন জাতির উদ্দেশ্যে ফলাফল ঘোষণা করবে। অথচ এমন নির্বাচন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরে বেসরকারিভাবে বিশাল বরাদ্দ তো আছেই। গতকাল সোমবার বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এসব কথা জানিয়েছেন।
তারা অভিযোগ করে বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে নিশিরাতে ভোট হয়েছে। তার আগে ২০১৪ সালে একতরফাভাবে নির্বাচন হয়েছে। এবার আগেভাগেই নির্বাচন হয়ে গেছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিঠা ভাগাভাগির মতো কাকে কোন আসন দেবেন, কাকে বিরোধী দলীয় নেতা বানাবেন তা ঠিক করে ফেলেছেন। তার এ কাজে সহযোগিতা করেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা চেয়েছিলাম দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।। জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিক। দেখা যাবে, কে জেতে। কিন্তু সরকার সে পথে হাঁটছে না। বরং তারা টাকা-পয়সা আদান-প্রদান, সিট ভাগাভাগি করে একটি ভুয়া সংসদ নির্বাচন করার পথে যাচ্ছে। এটা কোনো নির্বাচন হতে পারে না। পৃথিবীর কোনো দেশে এ ধরনের নির্বাচন হয় না। এমনকি বাংলাদেশের মতো প্রকাশ্যে বাহাদুরি করে পৃথিবীর যেসব দেশ গণতন্ত্রের বিশ্বাস করে না তারাও ভোটচুরি করে না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন মূলত বানরের পিঠা ভাগ করার নির্বাচন। ভাগাভাগির নির্বাচন করছে আওয়ামী লীগ ও তাদের শরিকরা। তামাশার নির্বাচন করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।’
রাজপথে সরকারবিরোধী আন্দোলনে শরিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেন, ‘সব কিছুই ঠিকঠাক করা রয়েছে। এখন কিছু প্রসিডিউর বারি রয়েছে। সেগুলো সম্পন্ন করে আগামী ৭ জানুয়ারি ইসি ফলাফল জাতির উদ্দেশ্যে ঘোষণা করবে। নির্বাচনের নামে যা হচ্ছে তা লজ্জার। কিন্তু সরকার কিংবা যারা আসন ভাগাভাগি করছে তারা নির্বাচনকে খেলার বস্তুতে পরিণত করেছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পিঠা ভাগাভাগিতে অসন্তুষ্ট ছিলো জাতীয় পার্টি। কিন্তু গণভবনের সিদ্ধান্ত মানতে বাধ্য করতে গত রবিবার সকালে তাদের বনানী কার্যালয়ে গোয়েন্দা সংস্থার লোকজন গিয়েছিল। সেখানে জাতীয় পার্টির নেতাদের ভয়-ভীতি দেখিয়ে গণভবনের নির্ধারিত আসন নিয়ে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়েছে। যেভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদকে ২০১৪ সালে রাজি করানো হয়েছিল।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমানসহ অসংখ্য নেতা কারারুদ্ধ। প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, দণ্ডিত করা হচ্ছে। আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসব হচ্ছে নির্বাচন নামের একটা খেলা খেলার জন্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। যারা এই নির্বাচনের খেলায় যোগ দিয়েছে তারা সবাই ক্ষমতাসীন দলের প্রধানকে পা ছুঁয়ে সালাম করে, তার দোয়া নিয়ে নির্বাচনে নামছে। সবাই জানে, পত্রপত্রিকায় ছাপা হচ্ছে কারা, কোন দল কয়টা আসন পাবে, কোন নেতা কোন এলাকা থেকে নির্বাচন করবে। এটা কোনো নির্বাচন, ভাবতে পারেন? নির্বাচন হবে প্রতিযোগীদের মধ্যে। এখন সেই ব্যাপার নাই। কারণ জনগণ এই নির্বাচন চায় না। এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ভোটার আনার জন্য এখন নিজের দলের লোকজনকেই ডামি প্রার্থী বানাচ্ছে। লোকে বলে, একবার নির্বাচন হলো প্রার্থী ছিল না, আরেকবার নির্বাচনে রাতের বেলায় ভোট হয়ে গেল আর এবারের নির্বাচন হলো ডামি নির্বাচন।
সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ‘ডামি নির্বাচনের জন্য সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক নিয়োগ দেওয়া হবে। ঘোষণা করে দিলেই হয় কোন আসনে কে নির্বাচিত হলো। এই খেলার কী দরকার? এত লোকের কষ্টের কী দরকার? যে দেশের মানুষ এত কষ্টে আছে, সাধারণ মানুষ দুই বেলা খেতে পারে না সেখানে ২ হাজার কোটি টাকা খরচ করে এই নির্বাচন করার কী অর্থ আছে? ঘোষণা করে দিলেই হয় অমুক এমপি, তমুক মন্ত্রী। এই রসিকতার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই।’
বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা যেভাবে আসন বাড়ানোর জন্য ধর্ণা দিয়েছেন তা লজ্জার। এখন দেশের সবকিছুর ভাগ্য নির্ধারণ হয় গণভবন থেকে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে এভরিথিং ওকে। আপনি যতো অপরাধ করেন সব মাফ। আর তার বিরাগভাজন হলে আওয়ামী লীগ করলেও মাফ নেই।
