বন্দি ধারণ ক্ষমতা বাড়াতে বদলে যাচ্ছে দেশের বিভাগীয় ও জেলা কারাগারগুলোর কাঠামোগত চিত্র। কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বাড়ানো হচ্ছে আয়তন। একই সাথে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মূলত বিরোধী রাজনৈতিক মতাদর্শদের দমন-পীড়ন আটক করতেই কয়েক বছর আগে থেকেই পরিকল্পিতভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা কারাগারগুলোকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে বন্দিদের চিকিৎসার জন্য বাইরে না নিয়ে অভ্যন্তরেই চিকিৎসা দেওয়া যায়। এজন্য জেলা কারাগারগুলোকে কেন্দ্রীয় কারাগারের মর্যাদা দেওয়ারও উদ্যোগ রয়েছে সরকারের।
জানা গেছে, ৬০৮ জন ধারণ ক্ষমতাসম্পন্ন খুলনা কারাগারকে ২ হাজার কয়েদি ও আসামি ধারণ ক্ষমতার কেন্দ্রীয় কারাগারের সুবিধা সম্বলিত আধুনিক কারাগার করা হচ্ছে। বছর সাতেক আগে নতুন এই কারাগার নির্মাণে কার্যক্রম শুরু হয়। বর্তমানে নির্মাণ কাজে গতি আনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
প্রকল্পের ব্যয় ধরা হয় ২৫১ কোটি টাকা। খুলনার রূপসা বাইপাস সড়কের পাশে ডুমুরিয়া উপজেলার চক মথুরাবাদের আসানখালী মৌজায় প্রায় ৩০ একর জমির ওপর আধুনিক জেলা কারাগার নির্মাণ কাজ চলমান। নতুন এই কারাগারটিতে নির্মাণ করা হবে ছোট-বড় ৭৩টি ভবন। ভবনগুলোতে থাকবে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের পৃথক স্থান। মা ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থাসহ নারীদের ১০ শয্যার একটি হাসপাতাল ও মোটিভেশন সেন্টার। পুরুষ বন্দীদের জন্য ৫০ শয্যার হাসপাতাল থাকছে। আরও থাকবে বন্দীদের জন্য স্কুল, আধুনিক লাইব্রেরি, ডাইনিং রুম, সেলুন, লন্ড্রি ইত্যাদি। এছাড়া কারাগারে শিশুদের জন্য থাকবে পৃথক ওয়ার্ড ও ডে-কেয়ার সেন্টার। সেখানে শিশুদের জন্য লেখাপড়া, খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা থাকবে। শিশুসহ মা বন্দীদের জন্যও থাকবে আলাদা ১টি ওয়ার্ড। কারাগারে পুরুষ ও নারী বন্দীদের হস্তশিল্প প্রশিক্ষণের জন্য আলাদা ওয়ার্কশেড, বিনোদন কেন্দ্র ও নামাজের ঘর থাকবে। বন্দীদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের জন্যও থাকবে আলাদা কক্ষ। প্রস্তাবনায় সামনের জমির কিছু অংশে এলপি গ্যাস প্লান্ট স্থাপন এবং পেছনে একটি পুকুর খনন করার পরিকল্পনা রয়েছে। এলপিজি প্লান্ট থেকে কারাগারের জ্বালানি এবং পুকুরে কারাগারে ব্যবহৃত পানি নিষ্কাশিত হবে।
বদলে ফেলা হচ্ছে জামালপুর জেলা কারাগারও। ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন কারাগার ভবনসহ নানা স্থাপনা হতে যাচ্ছে। পুরনো এই কারাগারের প্রশাসনিক ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধা এবং নারী, পুরুষ ও কিশোর বন্দিদের ওয়ার্ড নির্মাণসহ ২১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন জামালপুর জেলা কারাগার পুনর্নির্মাণ কাজ চলছে।
জেলা কারাগার পুনঃনির্মাণ প্রকল্পে গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয়ের স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভূমি উন্নয়ন, বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দি ব্যারাক (পুরুষ) নির্মাণ, পুরুষ শ্রেণিপ্রাপ্ত বন্দি ও কিশোর বন্দি ওয়ার্ড নির্মাণ, পুরুষ বন্দি হাসপাতাল, মানসিকভাবে অসুস্থ বন্দি ওয়ার্ড, মা বন্দিদের জন্য ওয়ার্ড ও শিশুদের ডে-কেয়ার সেন্টার, মহিলা বন্দিদের ওয়ার্কশেড ও বিনোদন সেন্টার, মহিলা জেল স্কুল, মহিলা শ্রেণিপ্রাপ্ত ও কিশোরী বন্দি ওয়ার্ড, মহিলা বন্দি সেল, সাক্ষাতকার ব্লক, প্রশাসনিক ভবন, ব্যাচেলর অফিসার্স কোয়াটার, ৮০০ বর্গফুট আয়তনের একটি এবং ৬৫০ বর্গফুট আয়তনের দুটি আবাসিক কোয়াটার নির্মাণ, ওয়ার্কশেড, স্টোর, লন্ড্রি এবং সেলুন, দর্শনার্থীদের অপেক্ষাগার, এমআই ইউনিটসহ ৭৫ জনের পুরুষ ব্যারাক ভবন, সীমানা প্রাচীর, পেরিমিটার দেয়াল, সেগ্রিগেশন দেয়াল, আরসিসি ওয়াকওয়ে, পাম্প হাউজ, ক্যান্টিন, প্যারেড গ্রাউন্ডসহ অন্যান্য আনুষঙ্গিক ভৌত অবকাঠামো নির্মাণ এবং সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি), পুকুর খনন, লিফট, সৌরবিদ্যুৎ, বনায়ন, যানবাহন ক্রয়, আসবাবপত্র ক্রয়, জেল হাসপাতাল ও নিরাপত্তা সরঞ্জামাদি, অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি, বহির্বিভাগের চারদিকে বিদ্যুতায়ন, বাইরে পানি সরবরাহ, অন্যান্য অফিস সরঞ্জামাদি, জেনারেটর, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করা হবে।
একই সুযোগ-সুবিধা রেখে নরসিংদী জেলায় নতুন কারাগার তৈরির হচ্ছে। ৩২৬ কোটি টাকার প্রকল্পে নতুন কারাগারে থাকবে তথ্য প্রযুক্তির সন্নিবেশ। এছাড়াও থাকছে কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একক ও পারিবারিক বাসস্থান। পুরুষ বন্দীদের জন্য দুইটি ৬ তলা ভবনের ব্যারাক নির্মাণ; সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য একটি ছয়তলা ভবনের বন্দীশালা নির্মাণ; পুরুষ বন্দীদের জন্য একটি চারতলা ভবনের ব্যারাক ও একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ, মানসিক সমস্যায় আক্রান্ত বন্দীদের জন্য একটি দুইতলা ভবনের ব্যারাক নির্মাণ করা হবে। সেই সঙ্গে কারাগারটিতে মহিলা বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য একটি পাঁচতলা ভবন নির্মাণ, নারী বন্দীদের জন্য একটি দুইতলা ভবনের সেল নির্মাণ, নারী শ্রেণীপ্রাপ্ত ও কিশোরী বন্দীদের জন্য একটি চারতলা ভবন নির্মাণ, স্বজনদের সঙ্গে বন্দীদের দেখা করার জন্য একটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে কারাগারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একটি তিনতলা ভবন নির্মাণ, ব্যাচেলর অফিসার্সদের জন্য একটি তিনতলা ভবন নির্মাণ, ১২৫০ বর্গফুট, ১০০০ বর্গফুট ও ৮০০ বর্গফুট আয়তনের একটি করে পাঁচতলা কোয়ার্টার এবং ৬৫০ বর্গফুট আয়তনের ১০তলা দুইটি আবাসিক কোয়ার্টার নির্মাণ, একটি চারতলা ভবন নির্মাণ যেখানে বন্দীদের জন্য ওয়ার্কশেড স্টোর, লন্ড্রি ও সেলুনের ব্যবস্থা থাকবে। বন্দীদের দেখতে আসা দর্শনার্থীদের অপেক্ষা করার ঘর নির্মাণসহ আরও বেশি কিছু কাজ করা হবে।
এছাড়া একই সুযোগ সুবিধার রেখে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুন:নির্মাণসহ দেশের বিভিন্ন কারাগার সম্প্রসারণ, নির্মাণ ও পুন:নির্মান করা হচ্ছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদাড় করা হচ্ছে।
কারা অধিদপ্তরের প্রাপ্ত তথ্যের সূত্রে জানা যায়, সারা দেশে ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৬৬। কিন্তু ২ নভেম্বর পর্যন্ত বন্দির সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৪৪২ জনে। বিএনপির ২৮ নভেম্বরের সমাবেশের পর এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হলে বন্দির সংখ্যাও বাড়তে থাকবে। এই প্রেক্ষাপটে কারাগারগুলোতে আরও অন্তত ৪০ হাজার বন্দি রাখতে কারা অধিদপ্তর ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে।
কারা সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে যেসব কারাগারে বন্দির সংখ্যা তুলনামূলক কম, অন্য কারাগার থেকে সেসব কারাগারে বন্দি স্থানান্তর করা হচ্ছে। তারপরও বন্দির চাপ কমানো যাচ্ছে না। কারণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকে নাশকতাসহ নানা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। তবে ধারণ ক্ষমতা অনুযায়ী ঢাকা বিভাগের কারাগারগুলোতে বন্দির সংখ্যা অন্যান্য বিভাগের কারাগারগুলোর চেয়ে অনেক বেশি। মোট বন্দির এক-তৃতীয়াংশের বেশি রয়েছে এ বিভাগের কারাগারগুলোতে।
সূত্র জানায়, একই দিনের হিসাব অনুযায়ি ঢাকা বিভাগের ১৭টি কারাগারে মোট বন্দি ধারণ ক্ষমতা ১৩ হাজার ৩২২ জন। কিন্তু বর্তমানে এখানে বন্দি আছে ৩০ হাজার ৩১৫ জন। এই ১৭টি কারাগারে পুরষ বন্দি ধারণ ক্ষমতা ১২ হাজার ৭৩১ জন। বর্তমানে আছেন ২৯ হাজার ২৪৫ জন। অন্যদিকে নারী বন্দির ধারণ ক্ষমতা ৫৯১ জন। আছেন এক হাজার ৭০ জন। এই বিভাগের কারাগারগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারে বন্দির ধারণ ক্ষমতা চার হাজার ৫৯০ জন। বর্তমানে বন্দি রয়েছেন ১১ হাজার ১৬৮ জন। চাপ সামলাতে এখান থেকে প্রতিদিন দুই থেকে তিনশ বন্দি কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হচ্ছে। অন্যদিকে ঢাকা বিভাগের সবচেয়ে কম বন্দি রয়েছে মাদারীপুর জেলা কারাগারে। এখানে বন্দির সংখ্যা মাত্র ৩৫২ জন। এখানকার ধারণ ক্ষমতা ৫০৭ জন।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে কারাগারগুলোয় এক লাখের বেশি বন্দি ছিল। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও ভালো প্রস্তুতি নিয়েছে কারা অধিদপ্তর।
উল্লেখ্য, জেল কোর্ড অনুযায়ী একজন বন্দির জন্য ৩৬ ফুট জায়গা প্রয়োজন। কিন্তু বর্তমানে এক ব্যক্তির ঘুমানোর স্থানে ঘুমাচ্ছে দুই থেকে তিন জন।
গত ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে। তার দেওয়া তথ্য অনুয়ায়ি ‘দেশের কারাগারে মোট বন্দী ধারণক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৯৩৭ এবং নারী বন্দী ১ হাজার ৯২৯ জন।’ কিন্তু দেশের ৬৮টি কারাগারে ৭৭ হাজার ২০৩ জন বন্দী রয়েছে বলে জানান।
