মোহনগঞ্জ এক্সপ্রেস ট্র্রেনে আগুনের ঘটনায় সরকার জড়িত: রিজভী
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ এএম
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্র্রেনে আগুনের ঘটনায় সরকারের জড়িত থাকার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘পুলিশের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক, শয্যা প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। হঠাৎ কেন এমন চিঠি? সবার মনে সন্দেহ জাগছে। তেজগাঁওয়ের ঘটনা কারা করেছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো পরিকল্পিত ঘটনা। আমরা আগেই বলেছি, সরকার এখন জঙ্গি-নাশকতার নাটক সাজাবে। সেটারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। কে এই ঘটনা ঘটিয়েছে তা সুস্পষ্ট। এ ঘটনার সঙ্গে রাষ্ট্র¶মতার সম্পর্ক রয়েছে।’
গতকাল ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্র্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের ‘মানবতার শত্রু’ উল্লেখ করে তিনি বলেন, ‘একই ট্রেন কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিল। একই ট্রেন দুবার আক্রান্ত হয়েছে। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। আমাদের বিশ্বাস, সরকার এর জন্য দায়ী।’
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। তারা উন্নয়ন, পদ্মা সেতুর কথা বলে; কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস। মধ্যযুগের রাজা-বাদশারা যতটা আইন মানতেন, সরকার সেই অন্ধকার সময়কেও ছাড়িয়ে গেছে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে। নিচ্ছিদ্র, নিরাপদ, টুঁ শব্দবিহীন নির্বাচন করতে বিএনপির নেতাদের কারাগারে নেওয়া হয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।’
বিচার বিভাগীয় তদন্ত দাবি : গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী অভিযোগ করে বলেন, ‘তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজন যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো তারা নি:সন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরণের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত: চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। নাশকতাকারিরা মানবসভ্যতার শত্রু, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।’
তিনি বলেন, ‘এ ধরণের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’
রিজভী বলেন, ‘আমি বিএনপি’র পক্ষ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা।’
অগ্নিকান্ডে বিএনপি নেতার মৃত্যু : রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় রিজভী বলেন, ‘আজ ভোর রাতে তেজগাঁওয়ে ট্রেনে দুস্কৃতিকারিদের দেয়া আগুনে নিহত চারজন যাত্রীর মধ্যে নেত্রকোনা জেলা বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালীর মৃত্যু প্রমাণ করে চলমান গণতান্ত্রিক আন্দেলনকে দোষারোপের কলঙ্কলেপন করতেই রাষ্ট্রীয় মদদে এই নির্মম কাজটি সংঘটিত করা হয়েছে। সুপরিকল্পিতভাবে এই নাশকতার ঘটনাটি ঘটানো হয়েছে বলে দেশবাসীর বিশ্বাস।’
তিনি বলেন, ‘এ ধরণের হৃদয়বিদারক ও মানবতাবিরোধী কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির ইন্ধন ছাড়া সম্ভব নয়। আমি এই বর্বরোচিত ও মর্মস্পর্শী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিহত আব্দুর রশিদ ঢালী’র শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বিবৃতিতে রিজভী আব্দুর রশিদ ঢালীসহ নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
