পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য বাংলাদেশকে চাপ দেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে সমর্থন জানানোর জন্য ‘আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন’ (এএএফএ)-কে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা।
পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ প্রক্রিয়া উন্নয়ন এবং শ্রমিকদের নূন্যতম মাসিক মজুরির দাবি মেনে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ সৃষ্টির কথাও বলেন তারা।
মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমর, ডাকোটার প্রতিনিধি জিম ম্যাকগভর্ন এবং ইলিনয়ের প্রতিনিধি জ্যান শাকোস্কির নেতৃত্বে পাঠানো এই চিঠিতে সই করেছেন আরও ৫ জন কংগ্রেস সদস্য। তারা হলেন- রাউল এম গ্রিজালভা, বারবারা লি, ডেভিড জে ট্রোন, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সুসান ওয়াইল্ড।
তারা লেখেন, “আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি দৃঢ়ভাবে সমর্থন করার আহ্বান জানাতে আমরা এই চিঠি লিখছি।”
চিঠিতে লেখা হয়, “বাংলাদেশের ওয়েজ বোর্ড থেকে সর্বশেষ যে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে তা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ বিক্ষোভকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে সহিংসপন্থায় ব্যবস্থা নিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে।
প্রতিশোধ, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া সংগঠিত ও শান্তিপূর্ণভাবে শ্রমিকদের প্রতিবাদ করা এবং দর কষাকষির অধিকারকে সম্মান প্রদর্শন ও রক্ষার জন্য বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন যে আহ্বান জানিয়েছে তার সঙ্গে আমরা একমত।”
চিঠিটি অনুমোদন করেছে কয়েকটি মার্কিন ব্র্যান্ড প্রতিষ্ঠান। এর মধ্যে আছে একাডেমিক্স স্ট্যান্ড অ্যাগেইনস্ট পোভার্টি আন্তর্জাতিক নেটওয়ার্ক, এশিয়ান প্যাসিফিক আমেরিকান লেবার অ্যালায়েন্স, ইড্রাস্টিয়াল গ্লোবাল ইউনিয়ন, ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ, গ্লোবাল ইকোনোমি প্রজেক্ট, অক্সফাম আমেরিকাসহ শ্রমিক সংশ্লিষ্ট আরও কয়েকটি প্রতিষ্ঠান।
চিঠিতে লেখা হয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং ন্যায্য ও স্বচ্ছ মজুরি নির্ধারণ প্রক্রিয়ার পক্ষে বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডের সমর্থন দেখে আমরা উৎসাহিত হয়েছি, তবে কেবল কথা বলাই যথেষ্ট নয়।
এমন অবস্থায় আমরা এএএফএ-কে অনুরোধ জানাই যাতে তারা বাংলাদেশে শ্রমিকদের ওপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের ওপরও এএএফএ চাপ প্রয়োগ করুক, যাতে তারা শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যুনতম মজুরি মাসিক ২০৮ ডলার বাস্তবায়ন করে।
শ্রম সংগঠনের স্বাধীনতার অধিকারসহ শ্রম ও মানবাধিকার রক্ষার জন্য সদস্য কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যকলাপ এবং সাপ্লাই চেইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার আহ্বান জানানো হোক।
চিঠিতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক ও ইউনিয়ন নেতাদের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশ দিতেও এএএফএ-কে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা। শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বন্ধ করতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করতে বলা হয়েছে চিঠিতে।
একইসঙ্গে তারা মজুরি সংক্রান্ত বিক্ষোভের প্রতিক্রিয়ায় শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার বন্ধ করা এবং অবিলম্বে নির্দোষ আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানানোর কথা বলেছেন।
