গাঁজার লোভে ছিনতাই!
রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে— জসিম কারওয়ান বাজারের ভাসমান তরুণদের গাঁজার লোভ দেখাতেন। এতে প্রলুব্ধ হয়ে ছিনতাই করতেন তারা।
গ্রেফতাররা হলেন, জসিম প্রকাশ ওরফে ডোম জসিম (২৬), রাসেল প্রকাশ রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতার ৩ জনই ছিনতাইকারী। ডোম জসিম এই দলের প্রধান। জসিম এক সময় ডোম হিসেবে কাজ করতেন। পরে তিনি পেশা ছেড়ে ছিনতাই শুরু করেন। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন। তিনি টোকাই, ভাসমান, মাদকসেবীদের দলে নেন। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান। নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দেন। এই প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে।
তিনি আরও জানান, তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এ সময় কেউ যদি তাদের আটকায় তাহলে তাদের ছুরি মেরে দেয় তারা। প্রতি ছিনতাইয়ের বিনিময়ে তাদের কয়েক পুরিয়া গাঁজা দেওয়া হয়। এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই করতে থাকেন। শুক্রবার রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জসিম প্রকাশ ডোম জসিমের বিরুদ্ধে ৪টি, মো. রাসেল প্রকাশ রিয়াজের বিরুদ্ধে ৩টি এবং রাজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
