Logo
Logo
×

সংবাদ

দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে বর্তমান ক্ষমতাসীনরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে: তারেক রহমান

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে বর্তমান ক্ষমতাসীনরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে: তারেক রহমান

স্বাধীনতার অব্যবহিত পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানী হানাদার বাহিনীর ন্যায় দেশের মানুষের সার্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে, এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দূর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। 

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীগণ দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যাঁরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তাঁরা ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসর’রা দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বিশ্ব ইতিহাসে এক ঘৃণ্য অধ্যায় রচনা করে।

‘সেই দুঃশাসনের ঐহিত্য ধারণ করে তাদের উত্তরসূরী বর্তমান ক্ষমতাসীনরা বিভেদ, অনৈক্য এবং সংকীর্ণতার দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। সুতরাং আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, স্ব-স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে। এ ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ কারে যাবেন বলে তিনি বাণীতে উল্লেখ করেন।’ 

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন