হাসনাত কাইয়ুম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি গণতন্ত্র মঞ্চের অন্যতম প্রধান নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী। হাসনাত কাইয়ুম হাওরের মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বহুবার কারা নির্যাতিত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং বাংলাদেশ লেখক শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শোভারামপুর গ্রামে ১৯৬৩ সালের ১ জানুয়ারি তার জন্ম।
২৮ অক্টোবরের পুলিশি হামলা এবং সংঘর্ষকে কীভাবে মূল্যায়ন করবেন?
হাসনাত কাইয়ুম: চলমান আন্দোলনে অনেকগুলো ধারা আছে , এ অর্থে যে,আমরা ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ থেকে একভাবে ভাবি, আমরা যখন গণতন্ত্র মঞ্চে যাই; সেখানে পাঁচ-ছয়টি সংগঠন, তাদের বিভিন্ন ধরনের ভাবনা, বিভিন্ন স্কুলিং আছে। আবার গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে। বিএনপিও নিজেদের মতো করে পরিস্থিতি ব্যাখ্যা-বিশ্লেষণ করে।
ওই দিনের ২৮ তারিখের পরিস্থিতি নিয়ে আমি এটুকু বলতে পারি যে, সরকার কতটা নীচে নামতে পারে! সরকারের সংস্থাগুলোর নীচে নামার ক্ষমতা মানে অধপতনের সীমা কতটা; আমার ধারণা, বিএনপির পক্ষে এটা আঁচ করা সম্ভব হয় নাই। বিএনপি যেহেতু এ যুগপৎ আন্দোলনে সারা দেশে সাংগঠনিক বিস্তারের কারণে এবং শক্তির কারণে প্রায় মূল নেতৃত্বের জায়গা দখল করে আছে; সে জন্য বিএনপির এই আঁচ করতে পারা না পারার উপর আন্দোলনের গতি-প্রকৃতি অনেকখানি নির্ভর করে।
আমার নিজের মনে হয়েছে যে, বিএনপি এটা ভাবতে পারে নাই। কারণ লিঁয়াজো কমিটিতে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে ঠিক করা হইছিল ২৮ তারিখে একটা শান্তিপূর্ণ সমাবেশ হবে। বিএনপি মহাসমাবেশ করবে, আমরা সমাবেশ করব। অন্যান্যরা অন্যদের মতো সমাবেশ করবে। সেইসব সমাবেশ থেকে একটা কর্মসুচী ঘোষণা করা হবে, একদিন গ্যাপ রেখে ৩০ (অক্টোবর) তারিখে। সেটা হতে পারে সচিবালয় বা গণভবন বা নির্বাচন কমিশন ঘেরাও। জায়গা ঠিক করা হয় নাই। কর্মসূচি চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত ২৮ অক্টোবরের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখার কথা ছিল। কিন্তু আসলে দেখা গেল সমাবেশ হতেই পারল না।
একদিক থেকে আমাদের আশঙ্কা ছিল, জামায়াত যেহেতু কর্মসূচি দিচ্ছে, এটি নিয়ে পুলিশের সঙ্গে তাদের একটা ‘ক্যাওটিক সিচুয়েশন’ হতে পারে। সেটা হলে বিএনপি এবং আমাদের সমাবেশও ঠিকমতো হবে কি না, সেটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা ছিল। কিন্তু আমরা নিজেরাও আসলে ভাবি নাই যে, সরকার সমাবেশের অনুমতি দেওয়ার পরেও এ ধরনের ঘটনা ঘটায়ে দিতে পারে। ২৮ অক্টোবর কর্মসূচির পরের দিনটা ফাঁকা রাখা হয়েছিল যেন শান্তিপুর্ণভাবে মানুষ এলাকায় ফিরে যেতে পারে। তাদের (বিএনপি) আরেকটা পরিকল্পনা ছিল যে, ঢাকার আন্দোলন ঢাকার মানুষ করবে, বাইরের মানুষ এনে আন্দোলন করার যে পরিকল্পনা তাদের আগে ছিল, সেখান থেকে সরে আসছিল।
এরপরের ঘটনা আপনারা তো জানেন যে, আওয়ামী লীগের বাসগুলোকে বিএনপির সমাবেশে ঢুকতে দেওয়া হলো। সংঘর্ষ হলো, পুলিশ দিয়ে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ছোড়ানো হলো, শত শত পুলিশের উপস্থিতিতে (ডিবির ভেস্ট পরে) পুলিশ বহনকারী বাসে আগুন দেওয়া হলো, মারামারিতে যুবদলের একজন নেতা এবং একজন পুলিশ নিহত হলো, প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল ছোড়া হলো, মহাসমাবেশ পণ্ড করে দেওয়া হলো । গণ্ডগোল চারপাশে ছড়িয়ে পড়ল। প্রাথমিকভাবে মনে হয়েছিল, উসকানি দেওয়ার ফলে এসব ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তী কর্মকাণ্ড এবং তৎপরতা দেখে এখন মনে হচ্ছে, সবটাই সরকারের পরিকল্পনা মাফিক করা হয়েছে। উসকানি দেওয়াটা ছিলো পরিকল্পনার অংশ এবং সমাবেশে বিএনপির মধ্যে থাকা নিজেদের কিছু লোককে তারা উদ্দেশ্যমূলকভাবে ববহার করেছে। যে কোনোভাবে হোক ঘটনা যেটা ঘটেছে সেটা ভয়াবহ, দুর্ভাগ্যজনক। রাজনৈতিক কর্মী মারা গেল, পুলিশ মারা গেল, সাংবাদিক মারা গেল এবং পণ্ড হয়ে গেল লাখ লাখ মানুষের সমাবেশ। এবং যেটা আরো বিস্ময়কর যে এরপর থেকে বিএনপিকে আর দাঁড়াতে দেওয়া হলো না। পরেরদিনই একেবারে মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হলো ।
ক্র্যাকডাউনের মতো পরিস্থিতি
হাসনাত কাইয়ুম: একদম ক্র্যাকডাউনে চলে গেল। এখন ধরেন এটা ঠিক যে, একজন পুলিশ মারা গেছে। আমি মানুষ হিসেবে, আইনের ছাত্র হিসেবে বুঝি; পুলিশ মারা গেছে এটা যেমন অপরাধ, গারমেন্টস কর্মী আঞ্জুয়ারা খাতুনকে যে মেরে ফেলা হয়েছে সেটাও অপরাধ। আপনি দেখবেন যে, বাংলাদেশে যেটা হয়, আঞ্জুয়ারাদের (মৃত্যুর) আসলে কোনো বিচার হয় না। আমরা সে জন্যই রাষ্ট্রের সংস্কারের কথা বলি। ওই মামলাগুলোও পুলিশ করে, তদন্তও তারাই করে এবং প্রতিবেদনও তারাই দেয়। অনেকদিন পরে একদিন দেখা যাবে যে, আঞ্জুয়ারা একজন উছৃঙ্খল নারী, সে রাষ্ট্রের কার্যক্রমে,পুলিশের কাজে বাধা দিয়েছে, সেজন্যই সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে।
অনেকে মাঝে মাঝে এ প্রশ্ন করেন যে, বাসে আগুন দেওয়ার ঘটনা যেমন। যে বাসে আগুন দেওয়া হয়, সেই বাসের নাম, নাম্বার, স্থান, সুনির্দিষ্ট অপরাধীর বিচার হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে, পলিটিসাইজ করা হয় যে বিএনপি আগুন দিছে...
হাসনাত কাইয়ুম: তারপর বিএনপি নেতার উসকানি আছে।
জি, এই যে পলিটিসাইজ করার একটা ট্রেন্ড, আমরা সবাই মিলে এটাই করি।
হাসনাত কাইয়ুম: এটা আগে থেকেই আমাদের এখানে হয়েছে। পাকিস্তান আমলেও ধরেন রাজবন্দী ছিল। রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে গ্রেপ্তার করা হতো। আমরা ওগুলোকে ‘কালো আইন’ বলে তুলে দিছি। তুলে দেওয়ার পর আজকে আর কোনো রাজনৈতিক অপরাধ নাই। আমি রাজনৈতিক অপরাধ করছি এ কথা বলে আমাকে আর গ্রেপ্তার করা যাবে না। তাহলে কী করা হয়? প্রত্যেকটা পলিটিক্যাল লিডারকে আসলে ক্রিমিনাল অফেন্সের দায় দিয়ে গ্রেপ্তার করা হয়। তাইলে পাকিস্তান আমলের যেটা কালো আইন ছিল, সে আইনটা দৃশ্যত নাই, কার্যত তারচেয়ে বাজে পরিস্থিতি তৈরি করা হয়। আমি যখন জেলে আন্দোলনে ছিলাম, তখন আমাকে মাছ চুরির অপরাধে ডিটেনশন দেওয়া হয়েছে। আমাকে আন্তঃজেলা মাছ চোর দলের নেতা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছে। আমি যে কাজটা (আন্দোলন) করতেছি, সেটা দৃশ্যত মানে আইন অনুযায়ী বৈধ, আমাকে ঠেকানো যাচ্ছে না। তাহলে কী করতে হবে? তখন একটা অপরাধ যে অপরাধ ঘটে নাই, সে রকম বানানো একটা ঘটনার দায় দিয়ে আইনের দ্বারা নিপীড়ন করা হয়। আসলে আইনের মাধ্যমে আরেকটা অপরাধ করা হয়। আসলে যারা আইনের রক্ষক তারা নিজেরা আইনভঙ্গ করে প্রতিপক্ষকে কোনো একটা অপরাধে দায়ী করে। এমন একটা অদ্ভুত ব্যাপার, আমাদের এখানে নাগরিকরা বলেন, সুশীল সমাজ বলেন, আইনজীবী সমাজ বলেন, তারা কেউ কখনো এ আইনের প্রশ্নগুলোকে; রাষ্ট্র যে আইনের পথে নীপিড়নগুলো করে এবং এই নীপিড়নগুলোর (মামলা) যে বাস্তব ভিত্তি নাই, এগুলো যে অন্যায্যভাবে প্রয়োগ হয়, এটা নিয়ে কথা বলে না। সে জন্য যখন ধরেন, একজন পুলিশ মারা গেল, নিঃসন্দেহে এটা দুঃখজনক। কিন্তু যেকোনো খুনের মামলায়, যেকোনো অফেন্সে তিনটা জিনিস লাগে। একদম প্রাথমিক–কখন, কোথায়, কীভাবে এবং কে, কার সহায়তায়, কী দিয়ে–এগুলো ভাইটাল প্রশ্ন। এগুলো ছাড়া আপনি কোনোদিন ক্রিমিনাল অফেন্সের বিচার করতে পারবেন না। পুলিশ জানে এগুলো কোনোদিন প্রমাণ করতে পারবে না। কিন্তু পুলিশ যেটা করতে পারে, পুলিশি রাষ্ট্র বানানোর জন্য পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে–সেটা ব্যবহার করে যে কাউকে সে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করতে পারে। জিজ্ঞাসাবাদের নামে বিএনপির প্রায় সমস্ত কেন্দ্রীয় নেতাকে তিন-চারদিন-পাঁচদিন করে পুলিশ রিমান্ড নিয়েছে। আইনের সঙ্গে এর চেয়ে বড় তামাশা হইতে পারে না।
২৮ অক্টোবরের হামলা দিয়ে সরকার বোঝাতে চেয়েছে যে তারা একতরফা আন্দোলনের দিকে যেতে চায়। সেটা কি সম্ভব হবে?
হাসনাত কাইয়ুম: সম্ভব হবে নির্বাচন না করে। ধরেন একটা নির্বাচন কমিশন আছে, সে কাউকে তোয়াক্কা না করে নির্বাচন ঘোষণা করে ফেলল। কয়েকজন মানুষ এসে মনোনয়ন জমা দিল, যেটা হইছিল আসলে ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবং এটা বৈধ। অন্যায্য কিন্তু বৈধ। আমাদের দেশে নির্বাচনের যে আইন আছে, সে আইনে এরকম বলা আছে যে, যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে যিনি দাঁড়াইছেন উনি নির্বাচিত বিবেচিত হবেন। এরকম একটা কাগুজে নির্বাচন যদি করতে চায়, তাহলে একটা করতে পারবে না বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশে একটা অর্থবহ, বাংলাদেশ বা দুনিয়ার জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি আওয়ামী লীগ করতে চায়; তাহলে নির্বাচনটা অন্যান্য অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে, তাদের নিয়ে একটা সমঝোতায় না পৌঁছে, সমস্ত দল এবং মতের মানুষ অংশ না নিলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, করতে পারবে না। এবং এই একতরফা নির্বাচন যদি জানুয়ারিতে হয়ও, তাহলে ২০১৪ কিংবা ২০১৮’র মতো আওয়ামী লীগ আরো পাঁচ বছর দেশ পরিচালনা করবে, এ স্বপ্ন দেখা একদমই ঠিক হবে না। এটা বড়জোর ৯৬’র নির্বাচন হতে পারে। বিএনপি যেমন একটা নির্বাচন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করানোর জন্য। এদের (আওয়ামী লীগ) এটা করার দরকার নাই। তাদের কাছে টু-থার্ড মেজরিটি এমনিই আছে। তারা যদি নির্বাচন করেই ফেলে, তাহলে আন্দোলনের ভেতরে থাকা একজন মানুষ হিসেবে আমি বলতে পারি, তাদের আসলে সে স্বপ্নটা (আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা) বাস্তাবায়ন হবে না।
২০১৪-তে বিনাভোট, ২০১৮-তে রাতের ভোট। আর এখন যদি এমন হয় যে আপনারা যারা আন্দোলনের আছেন তারা ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থী নির্বাচনে অংশ নেয়, আপাত দৃষ্টিতে মনে হবে বৈধ। পাবলিক যাবে এবং ভোট দেবে-এ বিষয়টা নিশ্চিত করার সুযোগ আওয়ামী লীগের আছে। যদি জাতীয় পার্টি যায় বা স্বতন্ত্র হিসেবে কেউ যায়...
হাসনাত কাইয়ুম: আমার মনে হয় না। আওয়ামী লীগ এ স্বপ্নই তো দেখছে, এ পরিকল্পনা নিয়েই আগাচ্ছে। কিন্তু আমার নিজের মনে হয় না, শেষ পর্যন্ত তারা এটা করতে পারবে। তারা যদি শিডিউল ডিক্লেয়ার করে তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরো বদলে যাবে। এবং যাদের তারা নির্বাচনে পাবে বলে মনে করছে, তাদের অনেককে পাবে না। আওয়ামী লীগ নিজের দলের লোকদের কাউকে দলীয়, কাউকে স্বতন্ত্র এভাবে কাজ করতে পারে। তা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে না। দেশের মানুষ এ সরকারকে আর মেনে নিতে পারছে না। অবাক কাণ্ড যে, তেমন কোনো পিকেটিং হাচ্ছে না, রাস্তায় বিএনপির কাউকে নামতে দেওয়া হচ্ছে না, বিএনপির অফিফস তালামারা। কিন্তু এটা অবিশ্বাস্য, এ প্রোগ্রামগুলো (অবরোধ) যখন ডিক্লেয়ার করা হচ্ছে; মানুষ এখন পর্যন্ত, এত ভোগান্তির পরও গালিগালাজ করছে না, বরং সফল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এটা জানে বলেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় না। আওয়ামী লীগ এটা টের পায় যে, এখানকার জনগণের কাছে তার কোনো জায়গা নাই। জায়গা নাই বলে মুখে যা-ই বলুক নির্বাচন করার মতো সাহস তারা রাখে না।
তফসিল ঘোষণার পরে আপনাদের বড় ধরনের প্রস্তুতি আছে?
হাসনাত কাইয়ুম : এ কাজটা করবে তো আসলে জনগণ। তা না হলে ১৮ কোটি মানুষের দেশে কয়েকজন রাজনৈতিক কর্মী একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারে না। সেখানে আমরা যেটা দেখছি এখন পর্যন্ত, এ সময়ে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, একদিন মানুষ মুভ করতে না পারলে তার জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও মানুষ এ আন্দোলনকে সমর্থন করে যাচ্ছে। আমরা ধারণা করছি, শিডিউল ডিক্লেয়ার করে হলে মানুষ বুঝে যাবে যে সরকার আর কাউকে কোনো পাত্তা দিচ্ছে না, ওনারা একটা কাজের দিকেই যাচ্ছে। সেটা হলে জনবিস্ফোরণের সম্ভাবনাটা বেশি। রাজনৈতিক কর্মীরা অবশ্যই রাস্তায় নামবে। যেমন ধরেন এক লাখ মামলায় যদি বিএনপির চল্লিশ লাখ মানুষ থাকে, তার যদি আসলে এক কোটি আত্মীয়-স্বজন থাকে, তাহলে বাংলাদেশে এ মানুষগুলোর তো কোনো ভবিষ্যৎ নাই। বাঁচতে হলে, ঘরে থাকতে হলে, সংসার করতে হলে, আন্দোলন করতেই হবে। তাদের তো আসলে ফিলিস্তিনিদের মতো অবস্থা প্রায়। তাদেরকে এ লড়াই জিততেই হবে, তার হারার কোনো জায়গা নাই। এ সমস্ত পরিস্থিতির কারণে তফসিল ঘোষণা হলে আন্দোলন অন্যমাত্রায় উন্নিত হবে। সেটা ওরা ঠেকাতে পারবে না। তখন এর চেয়ে কঠোর কর্মসূচি আসবে।
আপনাদের এ আন্দোলন মূলত রাষ্ট্র সংস্কারের। আপনারা এ নাম নিয়েই রাজনীতি করছেন। আপনাদের কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করবে?
হাসনাত কাইয়ুম : এটা নিয়ে কথা বলেছি ওনাদের (বিএনপি) সঙ্গে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা যদি বলেন, তাহলে আমি বলব যে প্রচার আন্দোলনের পর্যায়ে আছি আমরা। আমরা যে আইডিয়া বিল্ডআপ করেছি, সেটা নিয়ে কাজ করেছি, তারপর গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছি। তাদের সহযোগিতায় আরো বেশি মানুষের কাছে গেছে আমাদের বক্তব্য। বিএনপিকে যখন আমরা এতে সম্মত করাতে পেরেছি, তখন আসলে দেশের বড় অংশের কাছে রাষ্ট্র সংস্কারের পক্ষে এক ধরনের প্রচার হয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে বা আওয়ামী লীগ যদি এবার ক্ষমতা হারানোর পর আবার রাজনীতিতে ফিরে আসতে চায়, আমাদের বিশ্বাস, তাহলে তাদেরও রাষ্ট্রের সংস্কারের পক্ষেই অবস্থান নিতে হবে। আমরা যতটা সংস্কার চাই, ততটা হয়তো হবে না। কিন্তু একটা ধাপ পর্যন্ত আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারব। ধরেন নির্বাচনের প্রশ্নটারই যদি স্থায়ী একটা আমরা ফয়সালা করতে পারি, সেটাও অনেক বড় একটা অগ্রগতেই হবে। আমরা বলছি যে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সংস্কার ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের কার্যকারিতা থাকবে না। এটা করতেই হবে, এটাই ভবিতব্য এবং অনিবার্য।
