অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতি থেকে আসা এই নেতা বিএনপির চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিনিয়ত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। দলীয় নেতা-কর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন। পুলিশী বাধা ও হামলার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে মিছিলে নামছেন। বিএনপির চলমান আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন বাংলা আউটলুকের সঙ্গে।
বাংলা আউটলুক : বিএনপিসহ সরকার-বিরোধী আন্দোলনে সরকারের পতন হবে না বলে মনে করছে অনেকে। আন্দোলনের ধরন পাল্টানোর কোনো চিন্তাভাবনা রয়েছে কি?
রুহুল কবীর রিজভী : বিএনপির আন্দোলন ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করা মায়ের ক্ষুধা নিবারণের, শেয়ার মার্কেটে নিঃস্ব হওয়া সেই বিনিয়োগকারীর জন্য যে আত্মহত্যা করেছে, বিএনপির আন্দোলন গার্মেন্টস শ্রমিকদের জন্য- যে শ্রমিক সীমিত বেতনে চলতে পারছেন না, বিএনপির আন্দোলনে ওই ব্যবসায়ীর জন্য যিনি ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না। এভাবে সারাদেশের সাধারণ জনগণের যারা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, যারা মানবাধিকার বঞ্চিত হয়ে আছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাওয়া মানুষের। এভাবে নির্যাতিত-নিপীড়িত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর আন্দোলন করছে বিএনপি। এ অন্দোলন করতে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আজ কারাবন্দি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাসিত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সারাদেশের অসংখ্যা নেতাকর্মী আজ কারাগারে। সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা আজ ঘর ছাড়া হয়ে বনে-বাদাড়ে রাত কাটাচ্ছে। আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ হামলার শিকার হয়ে বিনা চিকিৎসায় কারাগারে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
বিএনপি জনসমর্থিত একটি রাজনৈতিক দল। জনগণের সমর্থনে ও অংশগ্রহণের মধ্য দিয়েই চলমান আন্দোলন চলছে। চলমান আন্দোলনেই সরকারের পতন হবে। তবে চলমান অবরোধ, হরতালের বাইরে সভা, সমাবেশ, ঘেরাওসহ বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির কথা আমাদের চিন্তায় রয়েছে। আন্দোলনের একটা আর্ট রয়েছে, ধাপ রয়েছে। যখন যে কর্মসূচি দেওয়া দরকার তা দেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, গ্রেপ্তার, বাসা-বাড়িতে অভিযানের কারণে নেতাকর্মীরা ঘরবাড়ি ছাড়া। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার কিন্তু সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু ফ্যাসিস্ট অবৈধ নিশিরাতের সরকার সে সুযোগ দিচ্ছে না। আন্দোলন-সংগ্রামের জন্য নেতাকর্মীরা রাজপথে নামবে। মিছিল করবে, মিটিং করবে। কিন্তু সরকারের হয়ে আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, গুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে সেটা অনৈতিক। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের আহ্বান আপনারা জনগণের পাশে থাকুন, সংবিধান স্বীকৃত আন্দোলন-সংগ্রাম করার পরিবেশ দিন। দেশের জনগণ ভালো নেই। এই জনগণ কিন্তু আপনাদের কারো না কারো আপনজন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণ আপনাদের ক্ষমা করবে না।
বাংলা আউটলুক : আত্মগোপনে থাকা নেতারা নামছেন না কেন?
রুহুল কবীর রিজভী : ২৮ অক্টোবরের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান এবং জ্যেষ্ঠ নেতাসহ সারাদেশের নেতাদের গণহারে গ্রেফতারের কারণে গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এখন ধীরে ধীরে নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। সামনে এই সংখ্যা বাড়বে।
বাংলা আউটলুক : গুঞ্জন রয়েছে বিএনপি জামায়াতকে এক মঞ্চে আনার পরিকল্পনা করছে। এ বিষয়ে আপনার মতামত এবং দলের সিদ্ধান্ত কী?
রুহুল কবীর রিজভী : সরকারের অধীনে যেসব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে তাদের সবাইকে নিয়ে আমরা সরকার-বিরোধী আন্দোলন করে যাচ্ছি। আমাদের এবারের ধরন ভিন্ন। আমরা যুগপৎভাবে এবারের আন্দোলন করছি। বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই কর্মসূচি দেওয়া হচ্ছে।
বাংলা আউটলুক : বিএনপি কি নির্বাচন ঠেকাতে পারবে ? নির্বাচন করতে পারলে কি সরকার টিকে যাবে ?
রুহুল কবীর রিজভী : বিএনপি সরকার-বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলন করছে। কারণ দেশের জনগণের ভোটাধিকার নেই। মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে না। ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে রাতে ভোট হয়েছে। তরুণ প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারছে না। সরকারের অধীনে যত নির্বাচন হচ্ছে তাতে জনগণ ভোট দিতে যাচ্ছে না। যারা যাচ্ছে তারা ইচ্ছে মতোন ভোট দিতে পারে না। ভোট কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তাদের পছন্দের মার্কায় ভোট দিতে বাধ্য করে। এই সরকারের অধীনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ নেই। তাছাড়া খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে যায় না। তাই আমরা মনে করছি, জনগণই নির্বাচন ঠেকাবে। বিগত দুইটি নির্বাচনের বৈধতা গণতান্ত্রিক বিশ্ব দেয়নি। আগামীর একতরফা নির্বাচনকেও দেশের জনগণের পাশাপাশি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বৈধতা দেবে না। সরকার আগামী নির্বাচন পার করতে পারবে না। জনগণ পার পেতে দেবে না। কি নির্বাচন হচ্ছে? নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না। জনগণকে নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ভোট নিয়েও চিন্তা নেই। তাই সরকারের সৃষ্ট কিংস পার্টি, সরকারের উচ্ছিষ্টভোগী, জনবিচ্ছিন্ন কিছু রাজনীতিবিদ জনগণের কাছে না গিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য কী? যে কোনোভাবে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পাওয়া। সেটা পেলেই জনগণের ভোট ছাড়া নির্বাচিত হওয়া যাবে। একজনের নির্দেশে দেশের সবকিছু চলছে। তিনি যাকে সিগন্যাল দেবেন তাকেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচিত ঘোষণা করবে। তার সিদ্ধান্তের বাইরে যাওয়া দেশের কারো পক্ষেই এখন সম্ভব হচ্ছে না। আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, ইসি সব একজনের নির্দেশে চলছে। বাকিরা পুতুল। এখন বাংলাদেশে শেখ হাসিনাই সর্বেসর্বা।
বাংলা আউটলুক: আপনাকে বাংলা আউটলুকের পক্ষ থেকে ধন্যবাদ।
রুহুল কবীর রিজভী: বাংলা আউটলুককেও ধন্যবাদ।
