Logo
Logo
×

সাক্ষাৎকার

বইমেলা পূর্বাচলে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না: সাঈদ বারী

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৬:১৪ পিএম

বইমেলা পূর্বাচলে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না: সাঈদ বারী

‘সূচিপত্র’ প্রকাশনীর প্রকাশক সাঈদ বারী

প্রকাশনা জগতে একটি পরিচিত নাম ‘সূচিপত্র’। ১৯৯০ সাল থেকে তারা বইমেলায় নিয়মিতই অংশ নিয়ে আসছে। সর্বশেষ ২০১৯ সালে প্রতিষ্ঠানটি যখন বইমেলায় অংশ নিয়েছে, তখন বইমেলায় ১৯টি প্যাভিলিয়ন ছিল। সূচিপত্র ছিল তার মধ্যে একটি।

গেল ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বইমেলার ব্যবস্থাপনা, কীভাবে বইমেলা অর্থপূর্ণ করা যায়, সামনের বছরে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে ‘সূচিপত্র’ প্রকাশনীর প্রকাশক সাঈদ বারীর সঙ্গে কথা বলেছে বাংলা আউটলুক। সাক্ষাৎকার নিয়েছে বাংলা আউটলুকের ঢাকা অফিস।

বাংলা আউটলুক: সম্প্রতি বইমেলা শেষ হয়েছে। মেলা নিয়ে প্রায়ই অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। এ বিষয়ে কিছু বলবেন?

সাঈদ বারী: বইমেলা নিয়ে প্রায়ই ভিন্ন ভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। প্রথমেই আসে স্টল বরাদ্দে অনিয়মের বিষয়টি। রাজনৈতিক বিবেচনায় স্টল বরাদ্দের অভিযোগ রয়েছে বাংলা একাডেমির বিরুদ্ধে। এরপর আসে প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানকে নিজেদের বই বিক্রি করতে হবে, সেটা পালন করা হয় না। পুরো বইমেলার সময়টায় দুয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। ওই নোটিশেই সীমাবদ্ধ থাকে। বইমেলায় ধূলা থাকে, টয়লেট ব্যবস্থাপনা ভালো নয়। বিশেষ করে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমিসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। এতে মানুষের বইমেলায় আসতে কষ্ট হয়।

বাংলা আউটলুক: বইমেলা প্রাঙ্গণ সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। গণপূর্ত সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেবে না বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে বাংলা একাডেমি কী করতে পারে, বিকল্প কোন জায়গায় মেলা হতে পারে?

সাঈদ বারী: গণপূর্ত সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দিলে বাংলা একাডেমির সীমিত জায়গায় বইমেলা করা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প জায়গা খুঁজতে হবে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ কিংবা আগারগাঁও বাণিজ্য মেলার জায়গায় বইমেলা হতে পারে। তবে কোনোভাবে বইমেলা পূর্বাচলে নেওয়া ঠিক হবে না। কারণ পূর্বাচলে গেলে বইমেলায় ক্রেতা, দর্শক পাওয়া যাবে না। বইমেলা মাঠে মারা যাবে।

বাংলা আউটলুক: বইমেলার সময় নিয়ে প্রশ্ন রয়েছে। কেউ কেউ সীমিত সময়ের জন্য বইমেলা করার কথা বলছে। বিষয়টিকে কীভাবে দেখছেন।

সাঈদ বারী: বইমেলার সময় নিয়ে প্রশ্ন রয়েছে, এটা ঠিক। বিশ্বের কোথাও মাসব্যাপী বইমেলা হয় না। পাশ্ববর্তী দেশ ভারতের কলকাতায় মেলা হয় ১২ দিনের। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হয় জার্মানির ফ্রাঙ্কফুটে। সেটা হয় চার দিন ধরে। অবশ্য সেখানে বই বিক্রি হয় না। ওই মেলায় বইয়ের স্বত্ব বিক্রি হয়। প্রকাশকরা বইয়ের স্বত্ব কিনে দেয়। এরপর কেউ ইংরেজি ভাষায়, কেউ জার্মান ভাষায়, কেউ স্প্যানিশ ভাষায় বই প্রকাশ করে। বাংলাদেশে বইমেলা বড় জোর দুই সপ্তাহ হতে পারে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দুই সপ্তাহ। এর বেশি প্রয়োজন নেই। 

বাংলা আউটলুক: এক সময় বইমেলায় দেশের সেরা সেরা লেখকদের বই বিক্রি হতো। এবার দেখা গেছে ভাইরাল বইয়ের বিক্রি বেশি। এটাকে কীভাবে দেখছেন।

সাঈদ বারী: বইমেলার মান দিন দিন নিম্নমুখী। উচ্চমানের বই প্রকাশ ও বিক্রি কমে গেছে। সেখানে সস্তা লেখকদের বই বিক্রি হয়েছে এবার। শুনেছি ভাইরাল বই বিক্রি হয়েছে। কিছু প্রকাশক সস্তা মানের বই প্রকাশ ও বিক্রি করছে। মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। অবশ্য এসব বই সারা বছর বিক্রি হবে না। এ বছর মেলায় প্রায় তিন হাজার সাতশ’ বই বের হয়েছে। এর বেশিরভাগই হাবিজাবি বই। এর মধ্যে হয়তো দুই-তিনশ’ বইয়ের বেশি বাইরে পাওয়া যাবে না। ভালো প্রকাশকদের বই সারা বছর বিক্রি হয়। এসব বইয়ের চাহিদা রয়েছে। তা ছাড়া এখন বই বিক্রি হয় অনলাইনে। বিশেষ করে করোনার সময় থেকে অনলাইনে বই বিক্রি বেড়েছে। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মানুষ এখন বেশিরভাগ বই কেনে অনলাইনে।

বাংলা আউটলুক: বইমেলার মান, ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে বাংলা একাডেমির ভূমিকা কেমন? তারা কি সঠিক ব্যবস্থাপনা করতে পারছে?

সাঈদ বারী: বাংলা একাডেমি বইমেলার ব্যবস্থাপনায় ফেল করেছে। অথচ কাদের স্টল বরাদ্দ দেওয়া যাবে সে বিষয়ে নীতিমালা রয়েছে। স্টল বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না। বাংলা একাডেমির কাজ গবেষণা। সেদিকে তাদের নজর নেই। বইমেলার মাধ্যমে বাংলা একাডেমিতে যারা আছেন তাদের একটা বাড়তি আয় হচ্ছে। বইমেলায় বিকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কী পরিমাণ টাকা দিয়েছে তার কোনো হিসাব-নিকাশ বাংলা একাডেমি দিতে পারবে বলে মনে হয় না। আমরা বারবার বলেছি, বইমেলা প্রকাশকদের হাতে ছেড়ে দিতে। কারণ বাংলা একাডেমির এত বড় আয়োজন করার মতো যোগ্যতা নেই। কারণ এখানে যারা আছেন, তারা চাকরি করেন। প্রকাশকদের দায়িত্ব দিলে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ভালোভাবে বইমেলা করা সম্ভব। কিন্তু সেটা হচ্ছে না। বইমেলা প্রাণবন্ত করতে এর ব্যবস্থাপনা উন্নত করতে শুরু থেকে অনেক রকম ভূমিকা পালন করেছে সূচিপত্র। বিশেষ করে বইমেলায় শিশু কর্নার করা, স্টলে নিজেদের বই বিক্রি করা, শুধু বাংলাদেশি বই বিক্রি করা, বাংলা একাডেমির বাইরে স্টল করা, প্রবেশে টিকেটের ব্যবস্থা করার জন্য কাজ করেছি।

বাংলা আউটলুক: আপনাকে ধন্যবাদ।

সাঈদ বারী: বাংলা আউটলুককেও ধন্যবাদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন