Logo
Logo
×

সাক্ষাৎকার

দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের ভেতরেই জিন-ভূত আছে: ইনু

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০২:৩৭ এএম

দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের ভেতরেই জিন-ভূত আছে: ইনু

সরকারের ভেতরেই জিন-ভূত আছে। ভেতরে থাকা অসৎ তিন মাথা এক হয়েছে। অসৎ আমলা, অসাধু ব্যবসায়ী আর অসৎ রাজনীতিবিদ- এরাই দুর্নীতির মূল হোতা। লেজে বাড়ি না দিয়ে এদের মাথায় আঘাত করতে হবে।

বাংলা আউটলুককে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সদ্য সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলা আউটলুককের ঢাকা প্রতিনিধি।

বাংলা আউটলুক: সম্প্রতি ইফতারে খেজুর না খেয়ে বরই দিয়ে ইফতার করার জন্য শিল্পমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে আপনার যে বক্তব্য; সরকারের অংশ হতে না পেরে আপনি সরকারের বিরুদ্ধে বিশোদগার করছেন বলে মন্তব্য করছেন ক্ষমতাসীন দলের অনেকে। এ বিষয়ে আপনার মূল্যায়ন কী?

হাসানুল হক ইনু: আমি যদি বাস্তব ঘটনার সঠিক চিত্র তুলে ধরি, তাহলে কে কী মনে করলো বা কে কীভাবে গ্রহণ করল সেটা আমার ধরার বিষয় নয়। আমি যদি মিথ্যাচার করে থাকি তাহলে সমালোচনা আমি মাথা পেতে নেব। আমি মনে করি, বাজার দরের উর্ধ্বগতির চেয়েও বড় কথা হলো, বাজার দর অস্বাভাবিকভাবে ওঠা-নামা করছে। অর্থনৈতিক কারণে দাম একটু বাড়তে পারে। কিন্তু সকালে এক দাম, দুপুরে এক দাম, আবার বিকেলে এক দাম; এরকম তিন বেলায় তিন দাম, এটা অর্থনীতির কোনো নিয়মে পরে না।

বাংলা আউটলুক: তাহলে দাম বাড়ছে কেন?

হাসানুল হক ইনু: আমি মনে করি নীতিগত ভুল-ত্রুটি থাকতে পারে এবং কারসাজি থাকবে। আমি সেই কারসাজির কথাই বলেছি। এটা একটা সামগ্রিক ব্যবস্থাপনার ত্রুটি।

বাংলা আউটলুক: বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়, আপনিও কি তাই মনে করেন?

হাসানুল হক ইনু: এটার সঙ্গে আমি একমত নই। সিন্ডিকেট যখনই বলছেন, তাহলে এটি একটি দুর্নীতির সংস্থা। দুর্নীতির সংস্থা মোকাবিলা করা সম্ভব। চুরি ঠেকানো যাবে না, তবে চোর ধরা যাবে না, এ কথাটা যুক্তিযুক্ত হয় না। সুতরাং, সিন্ডিকেট ঠেকানো যাবে না- এই কথার সাথে আমি একমত নই। পৃথিবীর অন্য দেশ সিন্ডিকেট দমন করতে পারছে, তাহলে আমাদের দেশে পারব না কেন?

বাংলা আউটলুক: যারা দায়িত্বশীল তাদের দায়িত্বহীনতা বা উদাসীনতা আছে বলে মনে করছেন?

হাসানুল হক ইনু: যেহেতু তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, সুতরাং প্রশাসনের দায়িত্বহীনতা বা গাফিলতিতো আছেই। এটা তদন্ত করে দেখা দরকার।

বাংলা আউটলুক: আপনি হলে কী করতেন?

হাসানুল হক ইনু: চুরি হলে চোর ধরা যায়, চোর ধরার জন্য যা করার তাই করতাম। মনে করেন, পরিবহনের চাঁদাবাজি বন্ধ করা যাবে না কেন? কালকে ইচ্ছা করলেই বন্ধ করা যায়। ১০ টাকার মাল ১০০ টাকায় বিক্রি করছে। এটাতো মানুষই করছে। জিন-ভূততো আর করছে না। অদৃশ্য কোনো শক্তিও না। যেহেতু মানুষই সিন্ডিকেট চালাচ্ছে। একটা টেলিফোনের মাধ্যমে সকালের দাম, বিকেলের দাম পরিবর্তন করে দিচ্ছে, এই চোর মানুষগুলোকে শায়েস্তা করা সম্ভব।

বাংলা আউটলুক: আপনিও-তো মন্ত্রী ছিলেন, সরকারে ছিলেন; তখন এসব অনিয়ম নিয়ে কথা বলেননি কেন?

হাসানুল হক ইনু: আমি যখন সরকারে ছিলাম, দায়িত্বে ছিলাম, তখনও অনিয়ম নিয়ে দুর্নীতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে কথা বলেছি। পার্লামেন্টে, মন্ত্রী পরিষদেও কথা বলেছি। মন্ত্রী থাকা অবস্থায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টিআর নিয়ে কথা বলেছি। পার্লামেন্টে অন্য এমপিরা আমার সমালোচনা করেছে। বিদ্যুতের দাম, ডিজেলের দাম, তেলের দাম বাড়ানো হচ্ছে, ক’দিন আগে এগুলো নিয়েও কথা বলেছি। কুইক রেন্টালের নামে বাড়তি টাকা নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে পার্লামেন্টে জোরালোভাবেই কথা বলেছি। সব সময়ই কথা বলেছি, এখনো বলছি। তাতে এমপি হই আর মন্ত্রী হই; তাতে কিছুই আসে যায় না। আমি এখন পার্লামেন্টে নেই, বাইরে এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, সেটা পছন্দ করবেন না; যারা এটা বলেন, তারা সঠিক বলছেন না। কথাটা আমি সঠিক বলেছি কি-না, সেটা বিবেচনা করবেন। আমিতো কোনো রাগ-ক্ষোভ ঝারছি না। এটাই বাস্তব ঘটনা। আমি প্রতিকার চেয়েছি। 

বাংলা আউটলুক: শুধু পণ্যমূল্য নয়, আরও অনেক অনিয়ম হচ্ছে- এগুলোর পেছনে ক্ষমতাসীনরা থাকে। আপনার পর্যবেক্ষণ কী? কারা জড়িত? 

হাসানুল হক ইনু: দুর্নীতির তিন মাথা বা দানব এক হয়েছে। একটা মাথা হচ্ছে অসাধু ব্যবসায়ী, অসৎ আমলা আর অসৎ রাজনীতিক- এই তিনের সিন্ডিকেট হচ্ছে দুর্নীতির মাথা। আমি বলব, এটা তিন মাথার দান। সুতরাং, সরকারকে বলব, লেজে বাড়ি না দিয়ে তিন মাথার দানবের মাথায় আঘাত করলে সর্বগ্রাসী দুর্নীতি কমে আসবে। সরকারের ভেতরেই জিন-ভূতের বসবাস রয়েছে। তারাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করছে। তারাই আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েসিং করছে। তারাই প্রকল্পের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এই ‘ত্রয়ীচক্র’র মাথা থেতলে দেওয়া শুরু করেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি থাকলে সেটাই করতাম।

বাংলা আউটলুক: আপনাকে ধন্যবাদ।

হাসানুল হক ইনু: বাংলা আউটলুককেও ধন্যবাদ। অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়কারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিক বাংলা আউটলুক। এই ধারা অব্যাহত রাখুক বাংলা আউটলুক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন