Logo
Logo
×

সাক্ষাৎকার

নির্যাতিতের জবানবন্দী

তারা বলে, এটাই আয়নাঘর এখানে টর্চার করা হয় : শাকিল উজ্জামান

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:১৮ পিএম

তারা বলে, এটাই আয়নাঘর এখানে টর্চার করা হয় : শাকিল উজ্জামান

২০২১ সালের ২৬ মার্চ, তখন দুপুর ১টা ২৬। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহপাঠী বন্ধুদের আসার অপেক্ষায় দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বারবার ঘড়ি দেখছিলাম। হঠাৎ সাদা পোশাকে দু’জন লোক আমার সাথে কথা বলার চেষ্টা করে। মিনিট পাঁচেকের মধ্যে র‌্যাবের দুটি গাড়ি চলে আসল। আমাকে ঘিরে ফেলল তারা। টেনে গাড়িতে তুলে নিল। উঠিয়েই কানের দুই পাশে জোরে জোরে চড় দিতে শুরু করে। দু’জনের মাঝে বসিয়ে অতর্কিত মারতে থাকে। পেছন থেকে র‌্যাবের কালো রঙের পাইপ দিয়ে পিঠে, ঘাড়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে হাতে হ্যান্ডকাফ লগিয়ে দেয়। গামছা দিয়ে চোখ বাঁধে। অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। আর গাড়িও চলতে থাকে। তারা আমাকে একটি নির্জন ভবনে ওঠায়। চলতে থাকে নানা ধরনের নির্যাতন। এভাবে তিন দিন আমাকে আটকে রাখে। কেউ জানে না, আমি কোথায় আছি। বেঁচে আছি কী মরে গেছি।

কথাগুলো বলছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র শাকিল উজ্জামান। ১৯৯৪ সালের ৪ এপ্রিল টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্ম তার। হেমনগর গ্রামের কৃষক শামছুল হক ও সেলিনা বেগমের তিন সন্তানের মধ্যে বড় তিনি। ২০১২-১৩ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতকে ভর্তি হন।

ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ছিলেন শুরু থেকে। বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন শাকিল। তার সাথে ঘটে যাওয়া নানা নির্যাতন নিয়ে কথা বলেছেন বাংলা আউটলুকের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন বাংলা আউটলুকের ঢাকা প্রতিনিধি।

 

বাংলা আউটলুক: রাজনীতিতে জড়ালেন কীভাবে?

শকিল উজ্জামান: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই হলে সিট পেতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হয়ে মিছিল-মিটিংয়ে যেতে বাধ্য করা হতো নতুনদের। কেউ যেতে না চাইলে, তার ওপর চালানো হতো নানা নিপীড়ন। এর প্রতিবাদ করি শুরু থেকে। আমাকে বেশ কয়েকবার হল থেকেও বের করে দেয় ছাত্রলীগ। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে আন্দোলন-সংগ্রামে সরব ছিলাম। কৃষক বাবার বড় সন্তান হওয়ায়, স্বপ্ন ছিল একটি ভালো সরকারি চাকরির। কিন্তু কোটার আওতায় না আসায় অনেক মেধাবী, দরিদ্র শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছিল। এর প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোতে কর্মসূচি শুরু হয়। আমরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ মুভমেন্ট শুরু করি। ৫৬ শতাংশ সংরক্ষিত কোটা বতিলের দবিতে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আমি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক। সেই শুরু।

বাংলা আউটলুক: হামলা-মামলার মুখে কতবার পড়েছেন?

শাকিল উজ্জামান: ক্যাম্পাসে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের মার খেয়েছি বহুবার। সে হিসেব কখনো করিনি। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ কয়েকবার ঢাকা-আরিচা মহাসড় অবরোধ করি আমরা। ২০১৮ সালে একবার তিন দিন টানা আন্দালন চলে। পরদিন সকালে আমরা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে কর্মসূচি ঘোষণা করি। আমাদের ৫ দফা দাবিতে জড়ো হতে থাকি। তখন আমাদের নারী সদস্যদের ওপরও হামলা হয়। আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলের একটি কক্ষে আটকে রাখে। কক্ষে আটকে রেখে জিআই পাইপ, লাঠি দিয়ে মারে। এ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট লেগেছে গায়ে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আন্দোলন চালিয়ে গেছি। আবার দু-একবার একটু বেশি জখম হয়েছি, হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। সেগুলো উল্লেখ করার মতো কিছু না।  একবার তো আমাকে তুলেই নিয়ে গেল র‌্যাব।

বাংলা আউটলুক: কবে তুলে নিল, কীভাবে নিল?

শাকিল উজ্জামান: ২০২১ সালের ২৬ মার্চ তখন মহামারি করোনায় সারা দেশে লকডাউন চলছে। শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধে যাওয়ার প্রস্তুতি চলছিল। একটু দুপুরের দিকে রওনা দিই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। সহপাঠী, বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। দেরি হয়ে যাওয়ায় বারবার ঘড়িতে সময় দেখছিলাম। দুপুর তখন ১টা ২৬। এ সময় সিভিল পোশাকে দু’জন লোক আসে। তারা আমার সাথে নানা বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। আমার মোবাইল চেক করে। আমার নাম, পরিচয় সব নিশ্চিত হয়। এর মিনিট পাঁচেকের মধ্যে দুইটা কালো রঙের মাইক্রোবাস আসে। আমাকে ঘিরে ফেলে। ওই দু’জন আমাকে টেনে গাড়িতে তুলে নেয়।

বাংলা আউটলুক: গাড়িতে তুলে কী করল?

শাকিল উজ্জামান: আমার চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এর ওপর আরো একটি টুপির মতো কিছু দিয়ে আমার মাথাসহ আটকে ফেলে। এ সময় তারা আমার দুই কানের ওপর সজোরে চড় দিতে থাকে। অনেক ব্যথা পাচ্ছিলাম। আমি কিছু বলার চেষ্টা করছিলাম। কিন্তু তারা আমার দুই হাত হ্যান্ডকাফ দিয়ে বেঁধে ফেলে। আমি বাধা দিতে চেষ্টা করি। আমাকে পেছন থেকে দু’জন শক্ত পাইপ দিয়ে (র‌্যাবের কালো রঙের লাঠি) পিঠে, ঘাড়ে, দুই হাতের বাহুতে পেটাতে শুরু করে। ভয়ে আমি চুপ হয়ে বসে রইলাম। তাদের কথাবার্তা আলোচনায় মনে হয়েছে তারা মোট ছয়জন ছিল ওই গাড়িতে। সামনে দুজন। আমাকে মাঝে বসিয়ে দুই পাশে দুজন। আর পেছনে দুজন। আমাকে নিয়ে তারা গাড়ি চালানো শুরু করলো। মাঝে মাঝে মনে হয়েছে নির্জন কোনো রাস্তা দিয়ে চলছে। আবার বাইরে গাড়ির শব্দ পাচ্ছিলাম। নির্জন সড়কগুলোতে যখন ছিলাম, তখন ওরা বলাবলি করছিল, ‌‘তোকে রাতেই খেয়ে দেব’। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। ওদের আলাপে কেউ কারো নাম বলেনি। সাংকেতিক শব্দ ব্যবহার করেছে। ঘণ্টা দুই পর মনে সাহস রাখলাম। ভাবলাম ভয় পেয়ে লাভ নেই। আমি টের পাচ্ছিলাম, তাদের আঘাতে আমার নাক ফেটে রক্ত বের হচ্ছিল। ব্যথায় শরীর শক্ত হয়ে আসছিল। তবুও আহা-উহু করলাম না। দুই পায়েও মেরেছে। পুরো রাস্তায়ই মারল। হঠাৎ গাড়ি থামলো।

বাংলা আউটলুক: গাড়ি থামলো কোথায়? সেখানে নিয়ে কী করলো?

শকিল উজ্জামান: প্রায় দুই ঘণ্টার মতো গাড়ি চলছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আমি জানি না। তবে সিঁড়িতে হাঁটিয়ে তোলার কারণে অনুমান করলাম, হয়তো দুই বা তিনতলায় তুলল। একটি কক্ষে নিয়ে বসাল। হাত, চোখ সবই বাঁধা। কিছু দেখতে পাচ্ছিলাম না। নির্যাতনে শরীরের বিভিন্ন স্থান বিশেষ করে উরু, পিঠ, দুই চোয়াল ব্যথা করছিল। তারা আমাকে বললো, আমাদের বড় অফিসার আসবে, যা যা জিজ্ঞাসা করে আমি যেন স্বীকার করি। না হলে যে কোনো সময় আমার জীবন চলে যাবে। তারা আমাকে ভয় দেখাচ্ছিলেন, ‘তোকে নিয়ে আসা হয়েছে, কেউ দেখেনি, তোকে শেষ করে ফেলব।’ 

বাংলা আউটলুক: এরপর কি তারা চলে গেল?

শাকিল উজ্জামান: চলে গেল কি-না, আমি দেখিনি। তবে বেশ কিছুক্ষণ বসে রইলাম। বড় একজন কর্মকর্তা আসলেন। আমাকে বললেন, কেন রাজনীতি করি? বিশ্ববিদ্যালয়ে পড়ি, ভালো ক্যরিয়ার আছে। যদি এখানেই মেরে ফেলা হয়, পরিবার শেষ হয়ে যাবে, বড় জোর দুই-চার দিন আন্দোলন হবে, এরপর সব স্বাভাবিক হয়ে যাবে’, এই বলে আমাকে তিনি বোঝান। আমি কিছুই বলিনি। এরপর তিনিও চলে গেলেন।

ছেলের মুক্তির জন্য পোস্টার লাগাচ্ছেন শাকিলের পিতা কৃষক শামছুল হক

সন্তানের মুক্তি চেয়ে রাতের অন্ধকারে পোস্টার লাগাচ্ছিলেন শাকিলের পিতা শামছুল হক

 

বাংলা আউটলুক: এরপর কী হলো?

শাকিল উজ্জামান: তখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে। আমার জন্য খাবার আনে। আমার চোখ খুলে দেয়। কিন্তু হাতে হ্যান্ডকাফ ছিল। সেই অবস্থায় খেতে হয়েছে। গরুর মাংস আর পোলাও। যে কক্ষে আমাকে রাখে, সেখান থেকে বাইরের কিছু বোঝা যাচ্ছিল না। চার দেয়াল, বড় বড় পর্দা দিয়ে ঘিরে রাখা। মনে হয়েছে, কোনো ঘরের ভেতর একটি কক্ষে আমাকে রাখা হয়েছিল। খাওয়ার ৩০ মিনিট পর আবার আমার চোখ, হাত বেঁধে গাড়িতে তোলে। 

বাংলা আউটলুক: কোথায় নিয়ে গেল?

শাকিল উজ্জামান: আগের মতোই গাড়িতে আমার দুই পাশে দুজন বসল। পেছনে সামনে মিলে মোট ছয়জন। কিন্তু তাদের আলোচনায় মনে হয়েছে, এবার লোক পরিবর্তন হয়েছে। আবারো গাড়ি চলতে শুরু করল। তারা আমাকে ‘মামা’ সম্বোধন করে বলাবলি করছিল, ‘একটু পরই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হবে, ক্রসফায়ার দেয়া হবে। রাত ২টা বা ৩টা পর্যন্ত গাড়ি চলছিল। পুরো সময় গাড়ির মধ্যে অস্ত্রের শব্দ করেছে। হঠাৎ একটি নির্জন কোনো স্থানে গাড়ি থামিয়ে আমাকে কোনো একটি কক্ষে নিয়ে যায়। আমার চোখ খুলে দেয়া হয়। কিন্তু বোঝা যাচ্ছিল না, এটা কোথায়। চারদিক আবদ্ধ। দেয়ালের গায়ে হুকের মতো লাগানো। এক হাতের হ্যান্ডকাফ খুলে দেয়ালের হুকে লাগিয়ে দেয়। ওই কক্ষে এসি ছিল। তারা বলছিল, এটা মাইনাসও করা যায়। আবার তাপমাত্রা ৪০-৫০ ডিগ্রি বাড়ানোও যায়। একটি যন্ত্র দেখিয়ে বলে, এটা দিয়ে ইলেক্ট্রিক শক দেয়া হয়। আমাকে মেঝেতে ঘুমাতে দেয়। একটি হাত দেয়ালে ঝুলিয়ে রাখে ওই হ্যান্ডকাফ দিয়ে। তারা তখন বলছিন, এটা আয়না ঘর, এখানে টর্চার করা হয়।

বাংলা আউটলুক: তাদের কথামতো আপনি কী মনে করেছিলেন এটি ‘আয়নাঘর’?

শাকিল উজ্জামান: হ্যাঁ। তারা আমাকে বিভিন্ন ধরনের যন্ত্র দেখায়, ইলেক্ট্রিক ড্রিল মেশিনের মতো একটা জিনিস দেখিয়ে বলে, এটা দুই হাতে ইলেক্ট্রিক তার লাগিয়ে শক দেয়া হয়। মূলত, তারা আমাকে প্রচন্ড ভয় দেখানোর চেষ্টা করে। তখন ওই কক্ষের ভেতরে তখন দু’জন ছিল। আমাকে বলছিল, ‘নির্যাতন করে যদি তোমাকে মেরে ফেলা হয়? কে বাঁচাবে তোমাকে’। এরা সবাই সিভিল পোশাকে ছিল। আমাকে যারা আটক করে, তখন তারা র‌্যাবের কালো পোশাক পরা ছিল। কিন্তু এরপর লোক পরিবর্তন হয়েছে। ওনারা আমাকে বললেন, এটাই ‘আয়নাঘর’। আমি যখন ঘুমাতে যাই, তখন আবারো চোখ বেঁধে ফেলে। 

বাংলা আউটলুক: এরপর কী হলো?

শাকিল উজ্জামান: পরদিন (২৭ মার্চ) সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে তারা খেতে দেয়। সে সময় ঘড়ি ছিল না। সবজি আর ভাত খাই। এরপর আবারো চোখ বেঁধে দেয়। হ্যান্ডকাফ পরায়। আবার গাড়িতে তোলে। আবারো ঘুরতে থাকে। বাইরে কী হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছু দেখিনি। কথায় কথায় আমাকে ক্রসফায়ারের ভয় দেখায়। বলছিল, ‘তোকে নিয়ে এসেছি, কেউ দেখেনি, এভাবে অনেককে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা হয়েছে’। আমাকেও মেরে ফেলা হবে, ভয় দেখায়। এভাবে বিকেল পর্যন্ত ঘোরে। বিকেলে আবার অপর একটি কক্ষে নিয়ে খেতে দেয়। আবারো রাত ২টা-৩টা পর্যন্ত ঘোরে, আবার রাতে একটি কক্ষে নিয়ে যায়। এরই মধ্যে গাড়িতে বসে বিভিন্ন সময়ে তারা তাদের বুট দিয়ে পায়ের নখে আঘাত করে। নখ ফেটে আলাদা হয়ে যায়। লাঠি ও হাত দিয়ে মারতে থাকে, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল।

বাংলা আউটলুক: এরপর দিন কী করলো?

শাকিল উজ্জামান: ২৮ (মার্চ) ভোরে আমাকে মিরপুরের দারুসসালাম র‌্যাব-৪ এর কার্যালয়ে নিয়ে যায়। ছবি তোলে। তখন আমার চোখ খোলা ছিল। আমাকে থানায় দিয়ে দেয়ার কথা বলে। বলছিলো, ‘এখন তো তোকে পুলিশে দিয়ে দেয়া হবে, তোর তো একটু ট্রিটমেন্ট দেয়া দরকার’। আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে হাসপাতালের ভেতরে আবার আমাকে বেদম মারে। চিকিৎসকের সামনেই আমাকে কালো পাইপ দিয়ে পেটায়। এ সময় আমার নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। র‌্যাবের কালো পোশাক পরিহিত কর্মকর্তা বলে, ‘এখনই তোকে মেরে ফেলব। থানায় আর দেব না’। কর্তব্যরত নার্স তাদের বাধা দেয়। বলে, এখানে সিসি ক্যামেরা আছে, এখানো মারবেন না। এভাবে ১৫ মিনিটের মতো মারে। এরপর চিকিৎসা করিয়ে সেখান থেকেই সকালে পুলিশের কাজে বাধা দেয়া আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপরাধের মামলা দিয়ে মতিঝিল থানায় দিয়ে দেয়।

বাংলা আউটলুক: এরপর কী হলো?

শাকিল উজ্জামান: ওই দিনই পুলিশ আমাকে আদালতে তোলে। আদালত আমার দুই দিনের রিমান্ড দেয়। থানা পুলিশ আমাকে কোনো নির্যাতন করেনি। আমার শরীরের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। দুই দিন পর আবারো আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাংলা আউটলুক: কারাগারে চিকিৎসা হয়েছে?

শাকিল উজ্জামান: না তেমন কোনো চিকিৎসা হয়নি। আমাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের শাপলা বিল্ডিংয়ে রাখে। সেখানে আমাকে কনডেম সেলে রাখে। সেখানে চার দিন ছিলাম। এরপর আবার নিয়মিত ওয়ার্ডে দিয়ে দেয়। আমি প্রায় ৬ মাস কারাগারে ছিলাম। ওই নির্যাতন, আঘাতের ক্ষত শুকাতে দীর্ঘ সময় লেগেছে। অনেক দিন পর্যন্ত আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটেছি।

বাংলা আউটলুক: কারাগার থেকে বেরিয়ে চিকিৎসা নিয়েছেন? মামলার অবস্থা কী?

শাকিল উজ্জামান: হ্যাঁ, চিকিৎসা নিয়েছি। কিন্তু এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি। মাঝে মধ্যেই ঘুমের ভেতর আঁতকে উঠি। জানি না কত বছর লাগবে এই ট্রমা কাটাতে। মামলা এখনো চলছে।

বাংলা আউটলুক: ভবিষ্যৎ পরিকল্পনা কী?

শাকিল উজ্জামান: দেশের জন্য, মানুষের জন্য, অধিকারের জন্য কাজ করে যাব।

বাংলা আউটলুক: আপনাকে ধন্যবাদ।

শাকিল উজ্জামান: বাংলা আউটলুককেও ধন্যবাদ। মানুষের কষ্ট, বেদনা আর বঞ্চনার সহযাত্রী হয়ে বাঁচার স্বপ্ন দেখাবে বাংলা আউটলুক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন