নির্যাতিতের জবানবন্দী
গাড়িতে তুলেই কালো কাপড়ে চোখ বেধে ফেলে : গুম হওয়া ছাত্রদল নেতা মির্জা শাকিল
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০১:০০ এএম
রাজধানীর উত্তরা পূর্ব থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা শাকিল। গত বছরের ৭ নভেম্বর রাজধানীর উত্তরা আজমপুর থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর নির্মম নির্যাতনের শিকার শাকিল মনে করেছিলেন তিনি আর জীবিত ফিরবেন না। নয় দিন তাকে গুম করে রাখা হয়। তাকে তুলে নেয়ার বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনী। ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তার পাশে চোখ বাঁধা অবস্থায় শাকিলকে মাইক্রোবাস থেকে ফেলে রেখে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
গুম থেকে ফিরে শাকিল বাংলা আউটলুককে জানিয়েছেন সেই দু:সহ অভিজ্ঞতার কথা।
বাংলা আউটলুক : কবে, কোথা থেকে এবং কীভাবে নিখোঁজ হয়েছিলেন?
মির্জা শাকিল: দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সে দিন। কর্মসূচি ঘোষণার পর বাস্তবায়ন কীভাবে করা যায় তা নিয়ে উত্তরার আজমপুরে এক রেস্টুরেন্টে বসে সংগঠনের দুই সহযোগীকে নিয়ে আলাপ করছিলাম। তিনজনের মধ্যে একজন ওয়াশরুমে যান। ছিলাম আমরা দুজন। এমন সময় হঠাৎ একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকের পুলিশ আমাদের দিকে ছুটে আসে। তারা এসে আমাকে জাপটে ধরে ফেলে। আমার সঙ্গে যে ছোট ভাই ছিল, সে পালিয়ে যায়। আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়। গাড়িতে তুলে কালো কাপড়ে চোখ বেধে ফেলা হয়।
বাংলা আউটলুক : কোথায় নিয়ে যায়, বুঝতে পেরেছিলেন ?
মির্জা শাকিল: ৭ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা আজমপুর থেকে সাদা পোশাকের পুলিশ আমাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে তুলেই কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর গাড়ি চলতে থাকে। আনুমানিক ৪৫ মিনিট পর গাড়ি থামে এবং আমাকে নামানো হয়। গাড়ি থেকে নামিয়ে একটি বিল্ডিংয়ে নেওয়া হয়। শব্দ শুনে মনে হয়েছে বিল্ডিংটি নির্মাণাধীন। বিল্ডিংয়ের একটি রুমে আমাকে নেওয়া হয়। সেখানে নিয়ে আমাকে বেদম প্রহার করা হয়। পায়ে ক্রমাগত আঘাত করা হয়। এ আঘাত সহ্য করার মতো অবস্থা আমার ছিল না। একপর্যায়ে মনে হয়েছিল আমার পা ভেঙে ফেলেছে।
বাংলা আউটলুক : তুলে নেয়ার পর কীভাবে কেটেছে আপনার দিন?
মির্জা শাকিল: তুলে নিয়ে আমাকে যেখানে নিয়ে রাখা হয় সেখানেই ছিলাম। রুমের ভেতর সবসময় চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হতো। বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে বিল্ডিংয়ের দারোয়ান নিয়ে যেত। আবার নিয়ে আসত। খাবার ঠিকভাবে দেওয়া হতো না। বেশিরভাগ সময় দিনে একবার খাবার দেওয়া হতো। সব সময় বিভিন্ন ভয়-ভীতি দেখানো হতো। তারা বলত, ‘তোকে মেরে ফেলা হবে। লাশ গুম করা হবে। আমাদের কে দেখেছে যে আমরা তোকে তুলে এনেছি।’ সারাক্ষণ মনে হতো, এই বুঝি আমি আর নেই। আমাকে মেরে ফেলবে। ১০ দিন পুরোপুরি ট্রমার মধ্যে ছিলাম। আমাকে একাই রাখা হয়েছিল। মাঝেমধ্যে সাদা পোশাকের পুলিশ আসত। নানা ধরনের প্রশ্ন করত। আমি বলেছি, গত ২৮ অক্টোবর সমাবেশে গিয়েছিলাম। সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বাসায় চলে এসেছি।
বাংলা আউটলুক : পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়েছিল?
মির্জা শাকিল: পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি কারো সঙ্গেই যোগাযোগ করতে দিত না। আমাকে যে তুলে নিয়ে গেছে তা তো স্বীকার করেনি। আমাকে তুলে নেয়ার সময় সঙ্গে মোবাইল ছিল তা আর ফেরত দেয়নি। ৭ নভেম্বর আমাকে তুলে নিয়ে যাওয়ার পর আমার ভাই থানা, পুলিশ, ডিবিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কেউ আমাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। আমার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানে আমার বাবা-মা দুশ্চিন্তায় ছিলেন। ৯ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সন্ধান চেয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতি দেন আমার সন্ধান চেয়ে।
বাংলা আউটলুক : কীভাবে ফিরে আসলেন?
মির্জা শাকিল: আমার ধারণা দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমের কাছে আমার বিষয়টি তুলে ধরায় এবং আমাকে তুলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। নির্যাতনের মাত্রা কমে আসে। নির্মাণাধীন ভবনে ১০ দিন রাখার পর আবার গাড়িতে তোলা হয়। কয়েক ঘণ্টা পর গভীর রাতে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দেয়। লোকজন এগিয়ে আসার পর চোখ খুলে দেখি আমি গাছের গোড়ায় নির্জন জায়গায়। পরে জানতে পারি আমাকে যে জায়গায় ফেলে রাখা হয়েছে সেটা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। স্থানীয় লোকজন যারা আমাকে উদ্ধার করেছিলেন, তারা কাছেই দোকানে নিয়ে যান। দোকানে নিয়ে খাবার খাওয়ান তারা। আখাউড়ায় কীভাবে এখানে এলাম তা জানতে চান। তাদের ঘটনা খুলে বলি। এরপর তারা টাকা-পয়সা দিয়ে আখাউড়া স্টেশনে পাঠান। পরে আমার ভাই মির্জা শামীমকে ফোন করি। ভাই বিকাশে টাকা পাঠালে সেই টাকা দিয়ে ট্রেনে রাতেই ঢাকায় ফিরে আসি।
বাংলা আউটলুক : বাংলা আউটলুকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
মির্জা শাকিল : বাংলা আউটলুককেও ধন্যবাদ। আশা করি গনতন্ত্রের এই লড়াইয়ে বাংলা আউটলুক জনগনের সঙ্গে থাকবে।
