Logo
Logo
×

সাক্ষাৎকার

বিদেশীদের দিকে তাকিয়ে থাকলে হবে না: আমির খসরু

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০ এএম

বিদেশীদের দিকে তাকিয়ে থাকলে হবে না: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকার কতদিন ক্ষমতায় থাকবে, সে সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। সাধারণ জনগণ এখনও সেই লড়াই করছে। গণতান্ত্রিক এ লড়াইয়ে আমাদের জিততে হবে এবং বিজয় না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। বাংলা আউটলুককে দেয়া এক স্বাক্ষাৎকারে সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌৗধুরী এসব কথা বলেন। স্বাক্ষাতকারটি নিয়েছেন এম হাসান। 

প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পান আমীর খসরু। গত বছরের ২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় তিনি কারাগারে ছিলেন। ১৬ ফেব্রুয়ারী রাজধানী ঢাকার বানানীতে নিজ বাসভবনে বাংলা আউটলুকের সঙ্গে কথা হয়। এসময় তিনি ২৮শে অক্টোবর লাখ লাখ মানুষের মহাসমাবেশ পণ্ড, ৭ই জানুয়ারি একতরফা নির্বাচন ও ভবিষ্যতে বিএনপির করণীয়সহ নানা বিষয়ে কথা বলেন। কারামুক্তির পর বাসায় বিশ্রামে থাকলেও শারীরিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। গত বছর ৩ নভেম্বর গুলশান থেকে আমীর খসরু আটক করে গোয়েন্দা পুলিশ। 

বাংলা আউটলুক: দীর্ঘ সাড়ে তিনমাস কারাভোগ করেছেন। কারাগারে কেমন ছিলেন?
আমীর খসরু: আসলে জেলের ভেতরে আর বাহিরের জীবন এক নয়। এবারের জেল জীবন সুখকর ছিল না। অন্য সময়ের তুলনা এবার জেলের জীবনটা একটু আলাদাই ছিল। চলাফেরা ছিল খুবই সীমিত। করিডোরের বাইরে যাওয়া যেতে না। ফলে হাঁটাচলা করার সুযোগ হয়নি। এটাই সবচেয়ে বড় অস্বস্তির কারণ ছিল।

বাংলা আউটলুক: সরকার একতরফা নির্বাচন করে নতুন সরকার গঠন করেছে। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপি আরও পাঁচ বছর অপেক্ষা করবে কিনা?
আমীর খসরু: এটা তো বিএনপির সিদ্ধান্ত নয়,দেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ভোটারহীন অবস্থায়; অধিকারহীন অবস্থায়, সমস্ত সাংগঠনিক,  রাজনৈতিক,  গণতান্ত্রিক  অধিকারহীন অবস্থায় আরও পাঁচ বছর অপেক্ষা করবে, না কী করবে না। একদলীয় শাসন চলবে, না বাংলাদেশের জনগণের শাসন চলবে। আমরা রাজনীতিবিদ হিসেবে জনগণের স্বার্থের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা ক্ষমতার লড়াই না, এটা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। 

বাংলা আউটলুক: ২৮শে অক্টোবর লাখ লাখ মানুষের সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে যায়। এই সরকারের বিরুদ্ধে একইআমির ভাবে আন্দোলন করে অধিকার আদায় করা সম্ভব হবে কী না?
আমীর খসরু: পুলিশ মারবে; বলে যে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাবে; এটা তো দুনিয়ার ইতিহাসে নেই। পুলিশ মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে,জেলে নিয়েছে, নিপীড়ন হয়েছে। এ কারণে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াই বন্ধ হয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। মানুষের অধিকারের প্রশ্ন। সেখানে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। অনেক মানুষ জীবন দিয়েছে, অনেকে জেলে গেছে, অনেকে বিভিন্ন ভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন। অনেকে বাড়ি-ঘর ত্যাগ করেছে, অনেকের চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা-বাণিজ্য ছেড়েছে। সাধারণ মানুষ অধিকার আদায়ে এত ত্যাগ স্বীকার আমার জানামতে দূর অতীতে করেনি। এরপরও সাধারণ মানুষ আশা ছাড়েনি। 

বাংলা আউটলুক: সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে দেশের জনগণ এবং দলের কর্মীদের জন্য বিএনপির পক্ষে আপনার বার্তা কি?
আমীর খসরু : গণতন্ত্রের লড়াই চলবে। এ লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হয়; তাহলে বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা বিএনপির জয়-পরাজয়ের লড়াই নয়, এটা বাংলাদেশের মানুষের লড়াই। মুক্তিযুদ্ধের লড়াইয়ে যেভাবে জিতেছি, এ লড়াইয়েও আমাদের জিততে হবে।   

বাংলা আউটলুক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে-আপনি কি বলবেন?
আমীর খসরু: তারা(আওয়ামী লীগ) তো বলতেই পারে। তারা যে জায়গায় আছে, ক্ষমতায় আছে...।  এটা তো সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ভোটাধিকার আদায়ে তারা কি করবে। এটা সময়ই বলে দেবে।

বাংলা আউটলুক : কারাগারে থাকার সময় নিশ্চয়ই ভোটের খবর রেখেছেন। কেমন ভোট হলো? 
আমীর খসরু: বিএনপির ডাকে সাড়া দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। সরকার ভোটের হারের যে হিসাব দিচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না।  কেউ যদি বলে- কারো কাজ শেষ হয়ে গেছে, সফলতা লাভ করেছে, এটা তো আর সফলতা হতে পারে না। মানুষের রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে। সব সিদ্ধান্ত দিন শেষে বাংলাদেশের জনগণ নেবে। জনগণ তার অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর। সেটাকে তারা গায়ের জোরে, নিপীড়ন-নির্যাতন, খুন-হত্যা, মিথ্যা মামলা দিয়ে কতক্ষণ রাখতে পারবে? তা সময়ই বলে দেবে। তবে কোনো দেশেই এটা দীর্ঘ সময় কাজ করেনি। একটা সময় পর্যন্ত কাজ করে, এরপর আর কাজ করে না। দেশ স্বাধীন হয়েছে মৌলিক অধিকারের জন্য। চলমান এই স্বাধীনতা কি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? তারা সেটার জন্য লড়ে যাবে। আমরা আজকে আছি, কাল থাকবো না। মানুষের অধিকার আদায়ের এই আন্দোলন তো থেমে থাকবে না। 

বাংলা আউটলুক: ৭ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর পশ্চিমা বিশ্বের নীরব ভূমিকার বিষয়ে আপনানি কি বলবেন?
আমীর খসরু : আপনার রাজনীতি আপনাকে করতে হবে। কারো ওপর নির্ভরশীল হয়ে বাইরের থেকে কে কি করবে, এটাতে বিএনপি বিশ্বাস করে না। তারা হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে উৎসাহিত করবে। কিন্তু এটা তো মূল রাজনীতি হতে পারে না। মূল রাজনীতি হলো, বাংলাদেশের জনগণকে নিয়ে আপনার রাজনীতি। গণতন্ত্র, মানবাধিকার নিয়ে তাদের অবস্থান এখনো বদলায়নি।  কোনো দেশের একটি দল যদি জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে তারা তো এখানে এসে যুদ্ধ করবে না।

বাংলা আউটলুক: বর্তমান সরবার ভারত- চীন- রাশিয়ার সমর্থণ নিয়ে ক্ষমতায় টিকে আছে বিষয়টি নিয়ে কি বলবেন?
আমীর খসরু: সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। সম্পর্ক হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের মানুষের। কোনো দেশ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সত্যিকারের কোনো সম্পর্ক হতে পারে না। এটা এক ধরনের কৃত্রিম সম্পর্ক। এই সম্পর্ক দীর্ঘায়িত হতে পারে না। সম্পর্কটা হতে হবে নীতি-নৈতিকতা উপর ভিত্তি করে। পরস্পরের প্রতি সম্মানবোধের ওপর বাংলাদেশের মানুষের প্রতি সম্মানবোধ থাকতে হবে। 

বাংলা আউটলুক: পশ্চিমা বিশ্বের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনা করবেন কিনা?
আমীর খসরু: নতুন বলে কিছু নেই। আলোচনা চলমান প্রক্রিয়া।  এটা তো এখনও চলছে। আমাকে যেহেতু পার্টি একটা দায়িত্ব দিয়েছে। আমার যতদিন দায়িত্ব থাকবে, আমার সে কাজটা করে যেতে হবে।

বাংলাআউটলুক: বাংলা আউটলুককে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমীর খসরু: বাংলাআউটলুককেও ধন্যবাদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন