৪৯ বছর পর আওয়ামী লীগ বাকশাল-২ প্রতিষ্ঠা করেছে : ড. মঈন খান
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০১:২৮ এএম
ফাইল ছবি
স্বাধীনতার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। সেই একই আওয়ামী লীগ ৪৯ বছর পর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে বাকশাল-২ প্রতিষ্ঠা করেছে। কিন্তু বাস্তবতা বলছে বাংলাদেশের মানুষ তখনও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি, এখনও করবে না। জনগণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই। শুক্রবার বাংলা আউটলুকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সংক্ষিপ্ত ওই সাক্ষাতকারে তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের গণতন্ত্র বিসর্জন দিয়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিলো। এখন বাকশাল-২ কায়েম করেছে একই আওয়ামী লীগ। বলাবাহুল্য এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সংগ্রাম খুব সহজ নয়। কিন্তু আশ্চর্য্যরে বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে কখনও আপোষ করেনি। এখনও করছে না।’
মঈন খান বলেন, ‘এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এ আন্দোলন যুগপৎভাবে হোক, কিংবা একমঞ্চে হোক কিংবা সমান্তরাল হোক। সেটা কোনো প্রশ্ন নয়।’
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়েই জনগন এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। যে গণতন্ত্রের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলো।’
