ভারত থেকে চাল ও নিত্যপণ্য আমদানির নির্ভরশীলতা কমাতে হবে : ড. এম আসাদুজ্জামান
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ এএম
ড. এম আসাদুজ্জামান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস’র সাবেক গবেষণা পরিচালক। সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ দলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশের খাদ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নীতি ও গবেষণায় যুক্ত আছেন। দেশে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি এবং এ খাতের পরিস্থিতি, বাজারদর, ভারতের ওপর নির্ভরশীলতা এবং কৃষকদের অবস্থা সম্পর্কে তিনি বাংলা আউটলুকের সঙ্গে কথা বলেন।
বাংলা আউটলুক: দেশের উৎপাদনের দিকে নজর না দিয়ে সরকার ভারত থেকে নিত্যপণ্য আমদানির জন্য মুখিয়ে থাকে কেন? শোনা যাচ্ছে, ভারত থেকে কোটার মাধ্যমে সরকারি ও বেসরকারি দুই পর্যায়ে খাদ্য আমদানি করা হবে। যুদ্ধের কারণে মিয়ানমার থেকে নিত্যপণ্য আমদানি করতে পারবে না ।
এম আসাদুজ্জামান: দেখেন চালের দামটা কমাতে না পারলে তখন আবার ভারত থেকে আমদানির কথা বলবে সরকার। এমনকি ভারত থেকে কোটায় ৪৫ লাখ মেট্রিক চাল ও গমসহ আরো বড় আকারের আমদানির আলোচনা চলছে শুনছি। প্রশ্ন হলো মার্চে জাতীয় নির্বাচন সামনে রেখে ভারত এ বড় রপ্তানি করতে পারবে? যুদ্ধের কারণে মিয়ানমার থেকে বাংলাদেশের জন্য নিত্যপণ্য আমদানির চিন্তা বাদ দিতে হবে। দেশের নিত্যপণ্য বেশি উৎপাদনের দিকে নজর দিতে হবে, আর ভারতকে পাশ কাটিয়ে সরকার অন্য দেশ থেকে নিত্যপণ্য আমদানির ব্যবস্থা করে না কেন? ভারত কারণে-অকারণে নিত্যপণ্য রপ্তানি বন্ধ করে দেয়। যে জন্য বাংলাদেশ বারে বারে বেকায়দায় পড়ে। ভারত সরকার বছরে কয়েকবার এভাবে পেঁয়াজ ও চাল রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
বাংলা আউটলুক: কয়েক বছর ধরে ভরা আমনের মৌসুমে চালের দাম প্রতি কেজিতে প্রায় ৬ টাকা বেড়ে যাওয়ার কারণ কী?
আসাদুজ্জামান: এমন আমন ওঠার ভরা মৌসুমে কীভাবে দেশে চালের দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়ছে, চালের দাম বাড়ার বিষয়টি অনুসন্ধান না করলে কীভাবে বলব কেন বাড়ছে? আর সদ্য নিয়োগ পাওয়া খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কোনো ধরনের অনুসন্ধান না করেই চালের করপোরেট ব্যবসায়ী আর চাল কল মালিক ও ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিলে কোনো লাভ হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। আবার বাণিজ্য প্রতিমন্ত্রী রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের আরো নৈতিক আচরণ করতে বলছেন। নিত্যপণ্য বিক্রিতে কম লাভ করতে বলছেন। চোর কি আর ধর্মের কাহিনি শুনবে?
বাংলা আউটলুক: আপনার কি মনে হয় আওয়ামী সরকারের সমর্থনে বড় কোনো করপোরেট কোম্পানি চালের বাজার নিয়ন্ত্রণ করছে?
আসাদুজ্জামান: কোনো বড় চালের করপোরেট কোম্পানি ঢাকার বাইরে কোনো জেলার চালের একটা বিরাট অংশ স্টক করে রেখেছে, অথবা সেই জেলার কৃষকরা চাল দিচ্ছে না চাল ব্যবসায়ীদের; এ রকম কৃষিপণ্যেও সরবরাহ লাইনে কোনো ধরনের অসংগতি থাকলে তা অনুসন্ধান করে বের করতে হবে। তা না হলে হয়তো মন্ত্রীর হুমকি-ধমকি, সংবাদপত্রে ভালো মারমার কাটকাট নিউজ হবে; কাজের কাজ কি কিছু হবে? তবে কয়েক বছর ধরে ভরা মৌসুমে চালের বাজার অস্থির হয়ে আছে।চালের দাম মূলত সরবরাহের ওপর নির্ভর করে। সরবরাহ কমলে দাম বাড়ে। চাল সরবরাহের প্রধান উৎস অভ্যন্তরীণ উৎপাদন। সেখানে ঘাটতি হলে বাজারে তার প্রভাব পড়বে। অন্য দিকে চিন্তা করলে, আমরা দেখতে পাই প্রতিবছর জনসংখ্যা বাড়ে, ফলে বাড়তি চালের দরকার হয়। কিন্তু ধান উৎপাদন সব সময় চাহিদা অনুপাতে নাও বাড়তে পারে। এ ছাড়া বাজারে নানা পক্ষের তৎপরতা থাকে। ফলে সরবরাহ কমে যায়, তখন দাম বাড়ে।
বাংলা আউটলুক: চালের দাম বাড়াতে স্থানীয় কৃষকরা এর সুবিধা কি পাবে? আমাদের কৃষকদের অবস্থা কী?
আসাদুজ্জামান: স্থানীয় কৃষকরা সে রকম আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে না। এখন দেশের কৃষি ও খাদ্যপণ্যের বাজারে বড় কোম্পানিগুলো ঢুকে পড়েছে তারাই সব আর্থিক সুবিধা পাচ্ছে। ন্যায্যমূল্য না পাওয়া ভারতের কৃষক আন্দোলন করেছিল, তারা কিন্তু এখন আর্থিক সুবিধা পাচ্ছে।
বাংলা আউটলুক: নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী চেয়ারে বসেই বলেছেন, দেশের নিত্যপণ্য বা চাল বাজারে সিন্ডিকেটের কথা আর শোনা যাবে না। যে করেই হোক এ সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হবে...
আসাদুজ্জামান: সরকারের মন্ত্রীরা ক্ষমতায় আসে আর যায়। তবে চালের বাজারে সিন্ডিকেটের কথা তো অনেক আগে থেকে চলে আসছে। কিন্তু তাদের যারা নিয়ন্ত্রণ করবেন, তারা কি তা করছেন? তারা কি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখেন না? এসব নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে। সরকারি সংস্থার গবেষণায় কয়েক বছর ধরেই সিন্ডিকেটের তৎপরতার কথা আসে, তাহলে সরকারি সংস্থাগুলো এ সিন্ডিকেট বন্ধ করার জন্য কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করছে না কেন?
বাংলা আউটলুক: চলতি আমন মৌসুমে প্রায় ১ কোটি ৭২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ডিসেম্বর মাসে আবাদকৃত ধানের ৭৫ শতাংশ কাটা হয়েছে। বাড়তি ফলনের কারণে এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সংস্থার পূর্বাভাস অনুযায়ী চলতি আমন মৌসুমে চালের মোট উৎপাদন হবে প্রায় ১ কোটি ৭৫ লাখ টন । চাল বাজারে উঠলে দেশের মূল্যস্ফীতি কমে আসে । এখন কেন মূল্যস্ফীতি কমে আসছে না ?
আসাদুজ্জামান: আমন ফসল ওঠার পর দেশের ৯ দশমিক ৪৯ শতাংশ মূল্যস্ফীতি থেকে কমে যাওয়া কথা ছিল। অন্য কিছু, যেমন ধরেন দেশে রেন্ট সিকিং বা ম্যাসিভ চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে এ সরকারের লোকজন। সরকার সে দিকে নজর দিচ্ছে না। আর দেখতে হবে চালের সরবরাহ কী ঠিক আছে? ম্যাসিভ চাঁদাবাজি থাকলে দেশের ভালো হারভেস্ট হলেও পণ্যের দাম কমাতে বা মূল্যস্ফীতি কমাতে কোনোভাবে কাজে আসবে না ।
বাংলা আউটলুক: ডামি প্রার্থী, ডামি নির্বাচন কি দেশের অর্থনীতি বা কৃষি খাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে?
আসাদুজ্জামান: ডামি নির্বাচন হলে অবশ্যই ডামি অর্থনীতির দিকে ধাবিত হবে। আসলে তখন আমাদের দেশের কৃষি অর্থনীতি ডামি অর্থনীতির হয়ে উঠবে । আমাদের দেখানো হচ্ছে কৃষি অর্থনীতি অনেক ভালো করছে। আসলে সেটা একটা ভালো অর্থনীতির ডামি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সত্য কথা বলতে, সবাই এখন ভয় পায়। সত্য কথা বলে কী হবে? আপনি কি দেশের অর্থনীতির দুর্বলতা তুলে ধরতে পারেন জনগণের কাছে, বলেন? কৃষি অর্থনীতির দুর্বলতার কথা বলতে না পারলে এ ডামি অর্থনীতি থেকে কীভাবে বের হয়ে আসব সেই আলোচনাটা করেন।
বাংলা আউটলুক: সরকার নিত্যপণ্য আমদানিকারকদের আর্থিক সুবিধা প্রদানের জন্য ঋণপত্রে ধার দিচ্ছে ব্যাংকগুলোকে। এখন কি নিত্যপণ্য আমদানির পরিমাণ বাড়বে? তবে ঋণের সুদের হার বাড়ানো হয়েছে ।
আসাদুজ্জামান: আশা করি মার্কিন ডলার সংকটের মধ্যেও ধারে ঋণপত্র খোলার সুযোগ দেওয়ার জন্য অনেক নিত্যপণ্য ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহী হবে। তবে এ ব্যবস্থা অনেক আগে থেকে শুরু করলে ভালো হতো। সুদে হার বাড়ালে বাজারে মানি ফ্লো কমে আসবে, মূল্যস্ফীতি কমে আসবে-আশা করি ।
বাংলা আউটলুক: দেশের মানুষ ভাতের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে না?
আসাদুজ্জামান: সরকারি বিশ্ববিদ্যালয়ের এক চ্যান্সেলর সম্প্রতি বলেছেন দেশের ৮০ শতাংশ মানুষ এখন ভাতের পরিবর্তে রুটি খায়। এ কথা কোনোভাবে ঠিক না। এখনো মানুষ ভাতের ওপর নির্ভরশীল। চালের ওপর চাপ কমাতে হলে অন্যান্য নিত্যপণ্য, শাকসবজির দাম কমাতে হবে। এখন তো দেশে সব নিত্যপণ্যের দাম চড়া।
