শেখ হাসিনাকে যেভাবে সমর্থন দিচ্ছে এ জন্য ভারতকে মূল্য দিতে হবে
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
অধ্যাপক ড. দিলারা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। লেখক ও গবেষক হিসেবে ড. দিলারা চৌধুরী দেশ ও বিদেশের কয়েকটি প্রফেশনাল জার্নালে নিয়মিত লিখে থাকেন। তিনি বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় আন্তর্জাতিক ব্যবস্থা, বাংলাদেশের সাংবিধানিক উন্নয়ন: স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেনস বইয়ের লেখক।
দিলারা চৌধুরী ১৯৮৯-৯০ এবং ১৯৯০-৯১ সালে দুবার ভিজিটিং স্কলার হিসাবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গেছেন। অধ্যাপক চৌধুরী বাংলাদেশের গণতন্ত্রীকরণ প্রক্রিয়ার সাথে জড়িত এবং ইউএসএআইডি, সিআইডিএ এবং এশিয়া ফাউন্ডেশনের সাথে কাজ করেছেন। তিনি ১৯৯২ ইউএসএআইডি স্পনসরড ডেমোক্রেসি অ্যাসেসমেন্ট টিমের সদস্য ছিলেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপাটে নানা বিষয়ে বাংলা আউটলুকের সাথে কথা বলেন ড. দিলারা চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন সাঈদ খান।
নানা আলোচনা-সমালোচনার পরও সরকার নির্বাচন করেই ফেলল। নির্বাচনকে কীভাবে মূল্যায়ন করবেন?
দিলারা চৌধুরী: একটি নির্বাচনের মাধ্যমে, সামাজিক ভারসাম্য আসে, স্থিতিশীলতা আসে, সরকারের জবাবদিহি আসে, সুশাসন প্রতিষ্ঠা হয়। সুতরাং একটি ভালো নির্বাচন হলে একটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু ৭ (জানুয়ারি) তারিখে যে নির্বাচন আমরা দেখলাম, এটি কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়। নির্বাচন মানেই হলো, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগীতা। তারা তাদের বিভিন্ন ম্যানিফেস্টো দেবে, জনগণ তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবে। এটিই হচ্ছে প্রোপার ডেমোক্রেসি। কিন্তু যে নির্বাচনটা দেখলাম, এখানে জনগণের বছাই করার সুযোগ ছিল না। আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস শুরু হয়েছে ২০০৯ সাল থেকেই। এর পর ভাঙতে ভাঙতে এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে কবর দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ কী চেয়েছিল সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক, বিশেষ করে বিএনপি এই নর্বাচনে আসুক?
দিলারা চৌধুরী: না, আমার মনে হয় না। আওয়ামী লীগ যদি চাইত, তাহলে তারা বিএনপির সাথে কিছুটা হলেও কম্প্রোমাইজ করত। এই যে পিটার ডি হাস’র (মার্কিন রাষ্ট্রদূত) এত দৌড়াদৌড়ি, তারপরও তো এক ইঞ্চি নড়ল না আওয়ামী লীগ। এমনকি দলগুলোর সাথে কথা বলারও প্রয়োজন মনে করল না। যেটা তারা করেছে, সেটাই তারা চেয়েছিল। বিভিন্ন ছোটোখাটো দল, তাদের নিয়ন্ত্রণে বিশেষ করে জাতীয় পার্টিকে নিয়ে একটা কিছু করলে বলা যাবে সব দলের অংশ গ্রহনে নির্বাচন হয়েছে। কারণ, আওয়ামী লীগ জানে, এসব ছোটোখাটো দল তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয়। এরা সবাই তার করুণার পাত্র। বিএনপিই একমাত্র তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। বিএনপি একটা বিকল্প সরকার গঠন করার সামর্থ্য রাখে। জণগনের সমর্থনও আছে বিএনপির। সে জন্য শেখ হাসিনা চায়নি, বিএনপি নির্বাচনে আসুক।
বিএনপি কি কোনো ভুল করেছে?
দিলারা চৌধুরী: না কোনো ভুল করেনি। কেন যাবে এ ধরনের নির্বাচনে? ২০১৮ সালে শেখ হাসিনাকে বিশ্বাস করে নির্বাচনে গেছে না, লাভটা কী হয়েছে? শেখ হাসিনা বিশ্বাস ভঙ্গ করেছে। বরং ২০১৮ সালে বিএনপি নির্বাচনে কেন গেল, এটা নিয়ে দলের মধ্যে সমালোচনা আছে।
বিরোধী দলগুলোর এখন করণীয় কি?
দিলারা চৌধুরী: পার্লমেন্টে এখন কোনো বিরোধী দল নেই। সংবিধানে আছে। এখন শেখ হাসিনা বলেছেন, তিনিই নির্ধারণ করে দেবে, কে হবে বিরোধী দল। এটা কোনো রাজনৈতিক বা ডেমেক্র্যাটিক কথা হতে পারে না। স্বেচ্ছাচারী কথা। আর রাজপথে যারা আন্দোলন করছে, তারা একটা চরম দুঃসময়ের মধ্যে আছে, খারাপ অবস্থার মধ্যে আছে। গত ১৫ বছরে চরম নীপিড়নের পরও বিএনপি যে এখনো টিকে আছে, এ জন্য বিএনপিকে আমি সাধুবাদ জানাই পার্টি হিসেবে। বিএনপি যদি একটা অলআউট প্রোগ্রামে যায়, সরকারের হাতে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান বা বাহিনী আছে সবাইকে ব্যবহার করবে। পুলিশ, র্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা; এরা সবাই মানুষের সাথে প্রতারণা করেছে। বিএনপি মানুষের সমর্থন নিয়ে রাস্তায় যে নামবে, সরকার নতুন করে কী পরিমাণ নির্যাতন করবে, সেটাই হয়তো তারা হিসাব করছে। কিন্তু অস্ত্রধারী ক্ষমতার সাথে লড়াই করাটা বিএনপির জন্য অনেক কঠিন। এ জন্যই তারা বাধ্য হয়ে বিদেশীদের দিকে তাকিয়ে থাকে। তারপরও তাদের নামতে হবে।
বিএনপির আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ভোট দিল না, জনগণের আর কি করণীয় আছে এখন? বা কত সময় অপেক্ষা করতে হবে জনগণকে?
দিলারা চৌধুরী: মানুষের হাতে যে ক্ষমতা ছিল, তারা সেটা প্রয়োগ করেছে। ভোট দিতে যায়নি। এর বেশি সাধারণ মানুষের আর কী করার আছে? তবে সব কিছুরই একটা পরিণতি আছে। শেষ আছে।
সিভিল সোসাইটির কথা বলার স্পেসও কমে আসবে এখন, করণীয় কি?
দিলারা চৌধুরী: আমরা কী বলার চেষ্টা করছি? আমাদের সিভিল সোসাইটি চিন্তা করে, আমি কীভাবে লাভবান হব। তারা ভাবেন না, মানুষের উন্নয়ন হলে, কমিউনিটির উন্নয়ন হলে আমারও উন্নয়ন হবে। লাভ তো থাকতেই হবে, কিন্তু সেটা সবার জন্য হতে হবে। কথা বলতেই হবে।
বাংলাদেশ কি একদলীয় শাসনব্যবস্থার দিকে যাচ্ছে অনেকেই উত্তর কোরিয়া বা চাইনিজ মডেল বলছেন, আপনার মূল্যায়ণ কী?
দিলারা চৌধুরী: শেখ হাসিনা যাকেই তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকেই সে শেষ করে দিতে চেয়েছে। যেমন ড. ইউনূস। শেখ হাসিনা মনে করেন, তিনি ক্ষমতায় থাকাটা উন্নয়ন, দেশের উন্নয়নের ধারণাই তিনি তার ক্ষমতাকেন্দ্রিক ভাবেন। শেখ হাসিনা নির্বাচনে ডেফিনেশন যেমন বদলে দিয়েছেন, তেমনি উন্নয়নের ডেফিনেশনও বদলে দিয়েছেন। নর্থ কোরিয়ার সরকারও বলে, তারা উন্নয়ন করে, উন্নয়ন মানে বাড়ি ঘর, ব্রিজ, রাস্তা এগুলো নয়। মানুষের উন্নয়ন, জীবনের উন্নয়ন। চীনাদেরও একটা সিস্টেম আছে। কিন্তু অটোক্রেটিয়ানদের কাছে ডেমোক্রেসি, ডেভলপমেন্ট সব কিছুর ডেফিনেশন ক্ষমতাকেন্দ্রীক। একটি রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্যই হলো জীবনের নিরাপত্তার জন্য, লিবার্টি বা মত প্রকাশের স্বাধীনতার জন্য। সেই রাষ্ট্রে একটি সরকার হবে, যার কাজ হচ্ছে, স্বাধীনতা, মানবাধিকার রক্ষা করাই সরকারের কাজ। এগুলোই হলো উন্নয়ন। চায়নায় মানুষের কোনো অধিকার, স্বাধীনতা নেই। চাইনিজ গভর্নমেন্টকে বলা হয় অথরিটারিয়ান সরকার, এটা একটা সিস্টেম, ওয়ান পার্টি কমিউনিস্ট সিস্টেম। শেখ হাসিনা যেটা করতে চাইছে শক্তির দ্বারা নিয়ন্ত্রণ, মানুষ ভয়ে সরকারকে মানবে, বিরুদ্ধে কিছু বলবে না। নর্থ কোরিয়ায় যেটা চলছে। এটাকে বলা যায় ডিক্টেটেরশিপ। আর চীনের সাথে এক হয়ে ভারত শেখ হাসিনাকে যে ভাবে সমর্থন দিচ্ছে এ জন্য ভারতকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। হুমকিতে পড়বে। কারণ বিপরীত মেরুর দুই শক্তিকে নিয়ে শেখ হাসিনা খেলছে। এই সুযোগে বাংলাদেশে চায়না বেশ শক্ত ঘাঁটি গেড়েছে। এটা ভারতের জন্যই সবচেয়ে বড় হুমকি।
ভারত, রাশিয়া, চীন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কেন এত আগ্রহ?
দিলারা চৌধুরী: বিশ্বের পাওয়ার আন্টলান্টিক থেকে প্যাসিফিকে চলে আসছে। ইন্ডিয়ান ওশানের এই যে রিং এখানে ৩৫টি দেশ আছে। এই ৩৫টি দেশেই কিন্তু ইমার্জিং ইকোনমি। সুতরাং এখানে চীন, আমেরিক সবাই আধিপত্য বিস্তার করতে চাইবে। আর রাশিয়া এখানে ইয়োর এনিমি ইজ মাই এনিমি, এই থিওরিতে। এখানে রাশিয়ার কোনো ইন্টারেস্ট নেই। চীনের সঙ্গে মিলে আমেরিকার বিরোধিতা করাই রাশিয়ার স্বার্থ। কারণ, পুতিনকে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে। আসল যুদ্ধটা চীনের সাথে আমেরিকার। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ তাদের এই স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পড়ে গেছে। আমাদের তেমন কিছু নেই। আমরা একটা গরীব দেশ। এই স্নায়ুযুদ্ধের কারণে আমি মনে করি, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে।
বিএনপির সাংগঠনিক কোনো দূর্বলতা আছে বা ছিল কী না? বিশেষ করে তৃণমূলে বা বড় শহরগুলোতে সহযোগী অংগসংগঠনের পূর্ণাঙ্গ কামিটি বা ইউনিট কমিটি না থাকা কী কী ক্ষতি করেছে?
দিলারা চৌধুরী: কিছুটা সাংগঠনিক দূর্বলতা তো আছেই। যখন একটি পার্টির প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান দেশের বাইরে। তাদের যে লিডারশিপ সেটা তো মির্জা ফখরুল সাহেবের নেই। এরপরও আমি মনে করি, এত নির্যাতনের পরও দলটি যে ভিতের ওপর দাঁড়িয়েছে, আমি বলব, আগুনে পুড়ে সোনা খাঁটি হয়েছে।
বিএনপি কি সরকারকে গুছিয়ে ওঠার বা দম নেওয়ার সুযোগ করে দিচ্ছে? ২০১৪, ২০১৮ নির্বাচনের পর তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এবারো নির্বাচনের ১০ দিন পার হয়ে গেলেও কোনো নড়াচড়া নেই।
দিলারা চৌধুরী: তাদের সামনে অনেক বাধা আছে। এরপরও আমি মনে করি, বেগম জিয়া, তারেক রহমান ছাড়া যারা এখানে (ঢাকা) আছেন, এগুলো তাদের উচিত ছিলো। বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলে কমিটিগুলো করা, সেগুলোকে এক্টিভ রাখা। কিন্তু সেগুলো তারা কেন করেনি তা আমার জানা নেই। তবে, আমার মনে হচ্ছে, পার্টির সবাই লন্ডনের দিকে তাকিয়ে থাকছে, কখন কোন নির্দেশনা আসে। পার্টির ভেতরে আমি মনে করছি ডেমোক্র্যাসির ঘাটতি আছে।
যুক্তরাষ্ট্র নির্বাচনের পর নানান পদক্ষেপের কথা বলেছিল, আপনি কি মনে করছেন কোনো উদ্যোগ আসতে পারে?
দিলারা চৌধুরী: আমেরিকার এখানে অনেক কিছু করার নেই। কিন্তু ভারতের অনেক কিছু করার আছে। আমাদের রাজনীতিতে ভারতের করার ক্ষমতা অনেক বেশি। ১৯৭২ সালের পর থেকেই আমাদের সামাজিক, রাজনৈতিক অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ করেছে (ভারত)। আমাদের রাজনীতি, অর্থনীতি, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এজেন্সিজ, আইনশৃঙাখলা বাহিনী, আমাদের সিভিল সোসাইটি-সব ক্ষেত্রেই ভারত প্রভাব বিস্তার করেছে। সে তুলনায় অর্থনৈতিক শক্তির বাইরে বাংলাদেশে (যুক্তরাষ্ট্রের) কোনো প্রভাব নেই। তারা আমাদের শাস্তি দিতে পারে। স্যাংশন দিতে পারে, ট্রেড এমবার্গো দিতে পারে, সেটা দেয়ার আগে আমেরিকা তো চিন্তা করবে কিছুটা। জনগণের বিপদের বিষয়টি। তবে চায়নাকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে আমেরিকাকে কিছু করতে হবে। ইন্দো-প্যাসিফিস স্ট্র্যাটেজিকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। তাদের পলিসি ডেমেক্র্যাসি, হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স এগুলোই তাদের ইন্টারেস্টস। এগুলো আমরাও চাই। আমেরিকা করবেও কিছুটা। কারণ আমেরিকা নিজের স্বার্থেই করবে। বার্মাকে নিয়ে যে পরিস্থিতি চলছে, সেটা নিয়ে আমেরিকা চিন্তিত। চীন এখানে কিন্তু প্রভাবশালী হয়ে উঠেছে, যেটা আমেরিকার স্বার্থের জন্য হুমকি। বার্মার কোকো আইল্যান্ড চীনকে দিয়ে দিয়েছে। সেন্টমার্টিন আইল্যান্ড লাগোয়া। চীনের জন্য বার্মা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে চায়নাকে এই অবস্থা ধরে রাখতে হবে। সুতরাং আমেরিকার নিজের স্বার্থেই বাংলাদেশে কিছু করবে। ভৌগলিক কারণেই বাংলাদেশ আমেরিকা, চীন বা পরাশক্তিগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ।
কিন্তু সরকার তো বলছে আমেরিকার স্যংশন তারা ভয় পায় না, তাদের শক্তির উৎস কী?
দিলারা চৌধুরী: সরকার ভয় থেকে বলছে এসব। প্রচণ্ড ভয় পেলে বলে আমি ভয় পাই না। তারা জানে, এমন কোনো এমবার্গো বা স্যংশন আসলে তাদের ক্ষতি হবেই। বাংলাদেশেরও ক্ষতি হবে। যখন এমন কোনো পরিস্থিতি হবে, তখন সাধারণ বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নামবে এবং এই ক্ষমতাসীনরাই প্রথম টার্গেট হবে। তাদের বাড়ি ঘরে আগুন দেবে। আমরাও ক্ষতিগ্রস্ত হব।
সুষ্ঠু ভোটের জন্য নিরপেক্ষ বা অরাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা কতটুকু?
দিলারা চৌধুরী: একটা সরকার যদি নিরপেক্ষ না হয়, সেখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সেটা প্রমাণ হয়ে গেল।
সরকার বিএনপিকে সন্ত্রাসী দল বনানোর চেষ্টা করছে। বিএনপির করণীয় কী?
দিলারা চৌধুরী: সেটা সম্ভব হবে না। জামায়াতকে পেরেছে? বিএনপিকে একবার কানাডার আদালতে চেষ্টাও করেছিল। কিন্তু সেই আবেদনই খারিজ করে দিয়েছে কানাডার আদালত। এখানে আদালতকে ব্যাবহার করে চাইলেই বিএনপিকে সন্ত্রাসী বলা যাবে না। বিএনপি একটা ডেমক্র্যাটিক দল। বিএনপির সাথে মানুষের ভালোবাসা, সমর্থন রয়েছে। সুতরাং সেটা সম্ভব হবে বলে আমি মনে করি না।
নির্বাচনে আওয়ামী লীগ দলের মধ্যে ভাগ করে এবং নিজের অনুগত বিরোধী দলগুলোকে দিয়ে কৌশলে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখিয়েছে, আওয়ামী লীগ বা রাজনীতির কতটুকু ক্ষতি হলো?
দিলারা চৌধুরী: আওয়ামী লীগ যেভাবে এই নির্বাচন করল, নিজেরা নিজেদের বিরুদ্ধে যে ভাবে হামলা, খুন, মারামারি শুরু করেছে; আমি মনে করি আওয়ামী লীগের সাংগঠনিক ভিত শেষ হয়ে যাবে। বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা নিজেরা নিজেরা ৩০-৪০ জন মারা গেছে, ৪’শ আহত হয়েছে। একজন একজনের বিরুদ্ধে মামলা করছে। এখান থেকে বের হতে আওয়ামী লীগের দীর্ঘ সময় লেগে যাবে।
এখন কোন ধরনের গণতন্ত্র চলছে? গন্তব্যই বা কী? কাটিয়ে উঠার উপায় কী?
দিলারা চৌধুরী: স্বাধীনতার পরে শেখ মুজিব কিন্তু অনেক ভুল করে গেছেন। তিনি বলেছেন না, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ক্ষতি করে গেছেন। সব খাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এখান থেকে বের হতেই হবে। পলিটিক্যাল পার্টিগুলোর, সিভিল সোসাইটির সবার কথা বলতে হবে। একটা ডায়লগ হতে হবে।
আপনাকে ধন্যবাদ। বাংলা আউটলুকের কাছে কী প্রত্যাশা করেন?
দিলারা চৌধুরী: বাংলা আউটলুককেও ধন্যবাদ। মানুষের চাওয়া এবং বস্তুনিষ্ঠতার সাথে কখনো বাংলা আউটলুক আপস করবে না, এটাই প্রত্যাশা।
