Logo
Logo
×

সাক্ষাৎকার

গণআন্দোলন কখনই বৃথা যায়নি এবারও যাবে না : রিজভী আহম্মেদ

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

গণআন্দোলন কখনই বৃথা যায়নি এবারও যাবে না : রিজভী আহম্মেদ

সরকার পতনের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নেতা-কর্মীরা হতাশ নয়। বরং সরকারের চরম জুলুম নির্যাতনে সরধারণ মানুষও এই সরকারের বিদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ। মন্ত্রী পরিষদ গঠন করলেও এই ফ্যসিবাদকে বিদায় নিতেই হবে। বাংলা আউটলুক’র সাথে একান্ত আলাপে এ কথা বলেছেন বিএনপির জেষ্ঠ যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ। 


বাংলা আউটলুক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ, আপানাদের আহ্বানে সাধারণ জণগন কতটুকু সাড়া পেলেন? 
রিজভী আহম্মেদ: আমাদের আন্দোলন জণগনের ভোটাধিকার ফিরিয়ে আনার। আমরা বলছি না, এই আন্দোলনে সফল করে বিএনপিকে ক্ষমতায় নিতে হবে। ক্ষমতাসীনরা গত ১৫ বছরে সাধারণ মানুষের যেসব অধিকার হরণ করেছে, সেই হারানো অধিকার ফিরিয়ে এনে, মানুষের ভোটাধিকার পূণঃপ্রতিষ্ঠা করা। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে স্বচ্ছ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মূলক ভোটের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে, সেটাই জণগনের সরকার। সেই সরকার প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটাধিকার ফেরানো জরুরী। মানুষ এখন ভোট দিতে পারে। বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং মানুষের আহ্বানে সাড়া দিয়ে ৭ জানুয়ারী সারাদেশের মানুষ এক তরফা এই নির্বাচনে ভোট দেয়নি। সরকারকে না বলে দিয়েছে।  

বাংলা আউটলুক: এখন আন্দোলনের কৌশল কি হবে? 
রিজভী আহম্মেদ: আন্দোলন থেমে যায়নি। শেষও হয়ে যায়নি। আন্দোলন চলমান রয়েছে। শুধু গতিপথ বা কৌশল পরিবর্তন হবে। বা নতুন কৌশল যোগ হবে। আমরা থেমে যাইনি। বা হতাশও হইনি। নতুন কৌশলে আন্দোলকে সফল করার জন্য পরিকল্পনা চলছে। 

বাংলা আউটলুক: দীর্ঘ আন্দোলনে নেতা-কর্মীরা অনেকটা হাপিয়ে উঠেছে। মানুষও কিছুটা আশাহত। এ ধকল কাটিয়ে নতুন ভাবে শুরু করতে কত সময় লাগতে পারে বলে মনে করছেন? 
রিজভী আহম্মেদ: কোনো নেতা-কর্মী হাপিয়ে যায়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলন এভাবেই চলে। কারণ, স্বৈরাচার খুব সহজ আন্দোলন দিয়ে বিদায় করা যায় না। আমাদের আন্দোলন বেশ কয়েকটি ধাপ পেড়িয়ে, এখন চুড়ান্ত বিজয়ের কাছাকাছি। আর সাধারণ মানুষ আশাহত হবে কেন? একটা আশা নিয়েইতো আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। এ আন্দোলন শুধু রাজনৈতিক দলগুলোর নয়। সাধারণ মানুষেরও। সুতরাং মানুষের বিজয় হবেই। সময় নির্ধারণ করে বা দিন তারিখ দিয়ে আন্দোলন হয় না। আন্দোলনের ধারাবাহিকতায় চুড়ান্ত পর্যায়ে আছি আমরা। 

বাংলা আউটলুক: ২৮ অক্টোবর বিকেলের পর ১১ জানুয়ারী পর্যন্ত দলীয় কার্যালয় বন্ধ ছিলো, এখন পরিস্থিতি কি কিছুটা স্বাভাবিক হয়েগেছে বলে মনে করছেন? 
রিজভী আহম্মেদ: না, পরিস্থিতি একটুও বদলায়নি। দলীয় কার্যালয়ে পুলিশ অন্যায় ভাবে তালা লাগিয়ে দিয়েছিল। নয়াপল্টন এলাকা ঘিরে রেখেছিল। নেতা-কর্মীদের গণগ্রেফতার চালিয়ে ছিল। এখনো চলছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেসব নেতা-কর্মী আসতো, তাদের অধিকাংশই গ্রেফতার করেছিল। বাকিদেরও বাড়ি বাড়ি হানা দিয়েছে। অনেককে অন্যায় ভাবে মিথ্যা মামলা সাজিয়ে ফেরার করে রেখেছে। আমরা কেউই বাড়িতে থাকতে পারিনি। 

বাংলা আউটলুক: আন্দোলনের এই সময়ে কিভাবে ছিলেন? আন্দোলন পরিচালনার কৌশল কি ছিল? 
রিজভী আহম্মেদ: ২৮ তারিখের পর থেকে বাড়িতে যাওয়ার সুযোগ বা পরিবেশই ছিল না। আমরা প্রতিদিনই স্থান বদল করে থেকেছি। কখনো কখনো খাবার খেতে বসেছি, পুলিশ বাইরে থেকে ঘিরে ফেলেছে। খাবার রেখেই নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। প্রতিদিনই গাড়ি বদল করতে হয়েছে। ঠিক ভাবে ওষুধও খেতে পারিনি। এখনোও পরিবেশ আগের মতোই আছে। এখনো অধিকাংশ নেতা-কর্মী বাড়ি ছাড়া। ২৮ অক্টোবরের পর গড়ে প্রতিদিনই দুই তিনটি কর্মসূচিতে অংশ নিয়েছি। ঢাকার বাইরেও মিছিল মিটিং বিক্ষোভ করেছি। একদিন সন্ধ্যায় ঢাকায় মশাল মিছিল করে, সকালে আবার রাজশাহী শহরে বিক্ষোভ মিছিল করেছি। ঢাকার বিক্ষোভ শেষ করে, গাড়ি বদল করে, মধ্যরাতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে, ভোরে পৌছে যাই। নেমেই বিক্ষোভ মিছিল এবং হরতালের পিকেটিং করে, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। মাঝ পথে যমুনা সেতুতে পুলিশ ব্লক করতে পারে, চিন্তা করে স্থানীয় নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ভিডিও দিতে নিষেধ করি। অবশ্য আমি রওনা দেয়ার কিছুক্ষন পরেই ওরা (পুলিশ) ছবি পেয়ে যায়। আমি যমুনা সেতু পার হওয়ার সাথে সাথেই পুলিশ ব্লক দেয়। কিন্তু ততক্ষনে আমাকে বহনকারী গাড়ি এপারে চলে আসে। একই ভাবে, একদিন ভোর বেলা রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ করে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করি। সিদ্ধিরগঞ্জে পুলিশ চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছিল। কিন্তু গাড়ি বদল করে, নেতা-কর্মীদের সহায়তায় আমরা বেড়িয়ে যেতে সক্ষম হই। প্রায় প্রতিদিনই পুলিশের সাথে এভাবে কৌশলে যুদ্ধ করতে হয়েছে। এখনো তাই। আমার মতোই সব পর্যায়ের নেতারাই এভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে।         

বাংলা আউটলুক: এখনও কী মনে করছেন আপনাদের আন্দোলন সফল হবে? 
রিজভী আহম্মেদ: ওরা আমাদের দলীয় কার্যালয়ে “কঠিন তালা” লাগিয়ে দিয়েছিল। ১১ তারিখ কর্মীদের সাথে নিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে ফেলেছি। ৪২ বার আঘাত করতে হয়েছে। এত কঠিন তালা ছিল, যে হাতুড়ি ভেঙ্গে গিয়েছিল। তার পরও আমরা তালা ভেঙ্গে অফিসে ঢুকেছি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এভাবেই অনেক গুলো তালা আছে, সেগুলো ভাংতে হবে। আমরা অধিকাংশ তালাই ভেঙ্গে ফেলেছি। এখন চুড়ান্ত পর্যায়ে। গণআন্দোলন কখনই বৃথা যায়নি। এবারও যাবে না। মানুষের মুক্তি আসবে, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।  

বাংলা আউটলুক: নতুন সরকার গঠন করা হয়েছে, তারাতো তাদের সক্ষমতা দেখানোর জন্য আরো নতুন কৌশল অবলম্বন করবে আন্দোলন দমাতে। সেটা প্রতিহত করবেন কি ভাবে? 
রিজভী আহম্মেদ: সাধারণ মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। গণতান্ত্রিক বিশ্ব এবং দেশের মানুষ দেখেছে, কি হয়েছে ৭ তারিখ। আমরা শান্তিপূর্ণ ভাবে মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছি। তারা সাড়া দিয়েছে। মানুষ আমাদের আন্দোলনের সাথে একাকার হয়ে মিশে গেছে। কোনো কৌশলের প্রয়োজন হবে না। আর সরকার গঠন করলেও, আওয়ামী লীগ কিন্তু চরম ভিত, তাদের পায়ের নিচে মাটি নেই। পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। মানুষ তাদেরকে টেনে নামাবে।  

বাংলা আউটলুক: পশ্চিমা বিশ্বের ওপর অতি নির্ভরতা আন্দোলনকে বাঁধাগ্রস্ত করেছে কী না? 
রিজভী আহম্মেদ: না। আমরা জণগনের ওপর নির্ভরশীল। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বমানুষের এই আন্দোলনকে সমর্থন করে। আর যারা ৭ জানুয়ারীর এই নির্বাচনকে সমর্থন করছে, তারাও গণতন্ত্রে বিশ্বাস করে না। আমার বিশ্বাস, মানুষের এত ত্যাগ ও সমর্থন বিফলে যাবে না। আর সেই সফলতার জন্য খুব বেশি অপেক্ষারও প্রয়োজন হবে না। দ্রুত সময়ের মধ্যে এই  স্বৈরাচারের পতন হবে। 

বাংলা আউটলুক: আপনাকে ধন্যবাদ।
রিজভী আহম্মেদ: বাংলা আউটলুককেও ধন্যবাদ। গণতন্ত্রের এই যুদ্ধে মানুষের পাশে থেকে মুক্তিকে তরান্বীত করতে বাংলা আউটলুক সত্য ও সঠিক ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা করছি।        
   

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন