৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিপরীত অবস্থান নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলও তৎপর। নির্বাচন নিয়ে উদ্বিগ্ন দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর স্পষ্টবাদী সাংবাদিকতা ও জনবুদ্ধিজীবীতার জন্য গণমানুষের কাছে সমাদৃত। সমতাভিত্তিক অর্থনীতি ও গণতান্ত্রিক রাজনীতির জন্য নিরন্তর লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক লড়াই করছেন। পাশাপাশি গবেষণাধর্মী বইও লিখছেন। নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ নানা বিষয় নিয়ে তার সাথে কথা বলেছেন আরিফুল ইসলাম আদীব।
বাংলা আউটলুক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার বক্তব্য কী?
নূরুল কবীর : আমার প্রথম কথা হচ্ছে, এটা কোনো জাতীয় নির্বাচন নয়। কারণ, বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক শিবির আছে। একটা আওয়ামী লীগের নেতৃত্বাধীন, আরেকটা বিএনপির নেতৃত্বাধীন। এই দুটো শিবিরের মধ্যে পারস্পারিক রাজনৈতিক পার্থক্য থাকলেও এই দুটো শিবিরের যে কোনো একটিকে বাদ দিয়ে কোনো কিছুই রাজনীতির ক্ষেত্রে জাতীয় বলে বিবেচনা করার সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া বিএনপি থাকলে যেমন জাতীয় হয় না, তেমনি বিএনপি ছাড়া আওয়ামী লীগ থাকলেও জাতীয় হয় না। ফলে আওয়ামী লীগ ও তার বহু কালের মিত্ররা, যারা কোনো না কোনোভাবে একসাথে ক্ষমতায় ছিল অথবা বিরোধীদল হিসেবে তাদেরকে সহযোগিতা করেছে যেমন : জাতীয় পার্টি, তারা মিলে যখন শুধু একটা একতরফা নির্বাচন করছে সেটাকে কোনো অবস্থাতেই একটা জাতীয় নির্বাচন বলে স্বীকৃতি দেওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খুবই প্রহসনমূলক নির্বাচন এই কারণে যে, আওয়ামী লীগ নিজেই প্রকাশ্যে বলেছে, এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য তার আপন দলের সদস্যরা এবং ইচ্ছুক নেতা-নেত্রীরা ডামি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে। ফলে এটাকে সর্বোচ্চ যেটা বলা যেতে পারে, এই নির্বাচনী প্রক্রিয়া একটি প্রহসনমূলক, একতরফা, ডামি নির্বাচন।
ধারণা হিসেবে নির্বাচন মানেই হচ্ছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত লোকেরা বা দেশবাসী জানতে পারবে না যে, কোন পার্টি জিতবে আর কোন পার্টি হারবে। অর্থাৎ নির্বাচন মানেই সেটি প্রতিযোগিতামূলক হবে। কোনো না কোনো পক্ষের জয়-পরাজয় ও সকল পক্ষের জয়-পরাজয়ে অনিশ্চিয়তা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। এই ফল অলরেডি মানুষ জানে। ইতোমধ্যেই মানুষ জেনেছে। ফল নির্ধারিত হয়েছে আগে, কথিত নির্বাচন হচ্ছে পরে। এ কারণে এটা না জাতীয়, না নির্বাচন।
বাংলা আউটলুক : চলমান আন্দোলনের ধারাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বর্তমান বিরোধী দলগুলোর আন্দোলনকে সরকার সহিংস বলছে। স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলন করে বিজয় আসে কি?
নূরুল কবীর : নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক স্বৈরাচার, অর্থনৈতিক দুরাচার এবং নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, প্রতিবাদের স্বাধীনতার প্রতি সরকারের বৈরী দৃষ্টিভঙ্গির কারণে বহুদিন ধরে এখানে একটা গণতান্ত্রিক সংগ্রাম চলছে। এটা শুধু ২৮ অক্টোবর নয়, ২৮ অক্টোবর সংগ্রামের একটা পর্যায়ে ছিল, ফলে আন্দোলন এখানে ছিল এখনো আছে। প্রশ্নটা হচ্ছে, আন্দোলনে ব্যাপক জনসম্পৃক্ততা আছে, সেটাও আমরা আন্দোলনের নানা পর্যায়ে দেখেছি। ফলে এটা এখনো সাধারণভাবে একটা অহিংস আন্দোলন থেকেছে বটে, এই অহিংস আন্দোলনের সাফল্য নির্ভর করে যদি সরকারে যারা থাকে তারা এই জনসমাবেশ, জনগণের যে রাজনৈতিক পালস এইটাকে দেখে সেটি বিবেচনা করে, তখনই কেবল জনসম্পৃক্ত অহিংস আন্দোলন সফলতা লাভ করে। কিন্তু যখন ব্যাপক জনসম্পৃক্ততা থাকার পরেও, সরকারের বিরুদ্ধে নানা সেক্টরে অসন্তোষ পরিষ্কারভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও, কোনো সরকার মানুষের ক্ষোভ এবং বিক্ষোভকে বিবেচনায় না নিয়ে বরং রাষ্ট্রের সব নিপীড়নমূলক সংগঠন, সশস্ত্র সংগঠনকে বেআইনিভাবে, অন্যায়ভাবে ব্যবহার করে, জোর করে ক্ষমতায় থাকতে চায় সেখানে এই ধরনের অহিংস সংগ্রাম সফলতা লাভ করতে অনেক দিন লাগতে পারে। কোনো অবৈধ সরকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত অবৈধ পন্থায় ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ এবং সেটাকে চূড়ান্ত রূপ দিয়ে স্বৈরতন্ত্রী সরকারের, কর্তৃত্বপরায়ণ সরকারের পরাজয় নিশ্চিত করা সম্ভব। পাকিস্তানের সময় আইয়ুব খানের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কথা বলবো কিংবা স্বাধীন দেশে ১৯৯০-এর গণঅভ্যুত্থান- এগুলো কিন্তু ব্যাকরণের অর্থে একেবারে পুরোপুরি অহিংস ছিল, তা নয়। সহিংসতা বলতে কী বোঝায়? মানুষ যখন পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে কিংবা সরকারি দলের আক্রমণকারীদের বিরুদ্ধে লাঠি নিয়ে নামে সেই লাঠি এবং ইট এগুলো কিন্তু অস্ত্র। সেগুলো আধুনিক কোনো মারণাস্ত্র নয়, কিন্তু তাত্ত্বিক অর্থে সেগুলো এক ধরনের সশস্ত্র সহিংস সংগ্রাম।
এই যে মানুষের গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা ন্যায্য সংগ্রাম চলছে, সেই সংগ্রাম কোনো না কোনো দিন বিজয় অর্জন করব। আমার মনে বরং দুশ্চিন্তা হয়, সেই বিজয়ের পরে এখন যারা সরকারে আছে তাদের পরিণতিটা কী হবে? কারণ আপনি নিজেই বলেছেন, গত ১৫ বছরে বিরুদ্ধ বা ভিন্নমতাবলম্বী রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী কিংবা নেতাদের প্রতি বর্তমান সরকারের যে নিপীড়নমূলক দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম সেটা এমন একটা বাজে পর্যায়ে পৌঁছেছে যে, যদি হাজার হাজার মানুষ, যারা আজ নিপীড়িত, তারা যদি প্রতিশোধমূলক ব্যবস্থা অবলম্বন করে এখন যারা ক্ষমতায় আছে তারা ভয়ানক বিপদের মধ্যে পড়বে, রক্তারক্তি কাণ্ড ঘটবে এবং এটা খুবই দুশ্চিন্তার কারণ। এটা একটা বিরাট নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করবে। এরকম একটা অবস্থায় সরকারের মধ্যে যদি সুস্থ চিন্তার মানুষ থাকতো, তাহলে বিরোধী দলের নেতাকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধ পিতাকে নিপীড়ন করা হতো না, ভাই-বোনদেরকে নানাভাবে হ্যারাস করা হতো না। এই সংগ্রাম কোনো না কোনোদিন বিজয় অর্জন করবে। তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা সামাজিকভাবে তৈরি হওয়ার জন্য যা যা পরিস্থিতি দরকার ইতোমধ্যে উপস্থিত। এরকম অবস্থা এড়ানো উচিত ছিল আওয়ামী লীগের। কিন্ত যারা রাজনৈতিক লোক, সরকারের অংশীদার তারা সেটা করেনি।
বাংলা আউটলুক : একতরফা নির্বাচনের ফলে মুক্ত গণমাধ্যমের ভবিষ্যৎ কী হবে?
নূরুল কবীর : আপনি যদি বাংলাদেশের গণমাধ্যমের কথা বলেন, বা পত্র-পত্রিকার কথা বলেন, টেলিভিশনের কথা বলেন, সেগুলোকে পক্ষে নিয়ে আসার জন্য সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন ধরুন, নানান সরকারি বাহিনীর রক্তচক্ষু, সরাসরি কী ছাপানো হবে, কী ছাপানো হবে না তা নিয়ন্ত্রণ করবার জন্য প্রচেষ্টা, কিছু অগণতান্ত্রিক আইন আছে এবং আইন বহির্ভূতভাবে প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে বিপন্ন করে তুলবার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে- এই কথাগুলো সত্য। কিন্তু এর পাশাপাশি আরেকটা সত্য হলো, সরকারের অনুগ্রহ প্রার্থী, অনুগ্রহ ভোগকারী অনেক ব্যক্তিবর্গ এখন নানা মিডিয়া প্রতিষ্ঠানে কাজ করেন। তারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবার জন্য এমন ধরনের সাংবাদিক-কর্মচারী নিয়োগ করে যাদের আসলে রক্তচক্ষু দেখানোর প্রয়োজন হয় না, তারা দলীয় স্বার্থে আপন দলীয় কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক হিসেবে নিজেরাই সংবাদপত্রের স্বাধীনতা পরিপন্থী কাজ করেন। আপন দলীয় প্রোপাগান্ডায় নিয়োজিত হয়, সেক্ষেত্রে সরকারের অনেক কম পরিশ্রম হয়। যেটা আমরা নিয়মিত দেখতে পাচ্ছি এখানে। ফলে এখানে পেশাদার সাংবাদিকতা ভীষণভাবে বিপন্ন অবস্থায় আছে। আমি সামআপ করে বলতে পারি, একদিকে সরকারী নিপীড়ন, অন্য দিক থেকে সাংবাদিক নামের দলীয় কর্মচারী, যাদেরকে আসলে পাবলিক রিলেশন কর্মকর্তা ছাড়া কিছু বলার নেই, তাদের আত্মঘাতী তৎপরতার কারণে বাংলাদেশের সংবাদপত্র বা অন্যান্য গণমাধ্যমের বস্তুনিষ্ট বিকাশ খুবই বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ সরকার যেমন দায়ী, তেমনি একশ্রেণীর একপ্রকার সরকারী সাংবাদিকতাও দায়ী।
বাংলা আউটলুক : মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগকে কেন স্বৈরতান্ত্রিক হতে হলো? সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের ওপর কেন ভরসা করতে পারছে না?
নূরুল কবীর : আমার প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, এটি ইতিহাসে মীমাংসিত একটি বিষয়। কিন্তু জনগণ যে চেতনবোধ থেকে যুদ্ধ করেছিল, তার সামনে একটা সুন্দর ভবিষ্যতের আশা ছিল। দেশ স্বাধীন হলে যত আত্মত্যাগই হোক- তার বিনিময়ে একটা সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এই আকাঙ্ক্ষাগুলোকে কেন্দ্র করেই এই দেশের মানুষ যাদের অধিকাংশ গরিব মানুষ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সেই আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো রকমের সম্পর্ক নেই। তারা বহু দূরে চলে গেছে। সেই জায়গা থেকে সমতাভিত্তিক অর্থনীতির বদলে এখানে একটা লুটপাটের অর্থনীতি কায়েম করেছে। যার কারণে একটা ভয়াবহ রকমের আয়-বৈষম্য তৈরি হয়েছে। এখানে আইনের শাসনের বদলে দলীয় শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিচারালয় পর্যন্ত প্রায় শৃঙ্খলিত। এখানে এমন একটা অর্থনীতি তৈরি হয়েছে, যেখানে সত্যিকার অর্থে একটা জাতীয় অর্থনীতি গড়ে তোলা প্রায় অসম্ভব দাঁড়িয়েছে। ফলে এই দেশের সচেতন মানুষ খুব ভালোভাবেই জানে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে রাজনৈতিক রেটরিক হিসেবে, স্লোগান হিসেবে সুবিধা নিতে তারা পারছে না বলেই এমন নির্বাচন করতে হয় যেখানে মানুষের ওপর ভরসা করে ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা নাই। সে কারণে এরকম একটা প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে হচ্ছে। এ রাজনীতি ও অর্থনীতি যে মুক্তিযুদ্ধের স্বার্থ ও চেতনা বিরোধী জনগণ সেটা বোঝে। তারা যদি সুযোগ পায়, এই সরকারকে নতুন করে আর নির্বাচিত করবে না। এটা সরকারি দল জানে এবং খুব ভালো করে বোঝে বলেই তারা একটা সহি নির্বাচনের দিকে যায়না, যাওয়ার কথা চিন্তাই করে না।
বাংলা আউটলুক : বিরোধী দলগুলোর অভিযোগ, আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষার রাজনীতি করছে।
নূরুল কবীর : আওয়ামী লীগ শুধু ভারতের জন্য নীতি প্রণয়ন করে তা তো নয়। সে ক্ষমতায় থাকবার জন্য যাকে তার দরকার, সেটা ভারত বলুন চায়না বলুন রাশিয়া বলুন তাদের সবার সাথে তারা কাজ করে। শুধু জনস্বার্থ ছাড়া। এখানে কিন্তু আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে প্রশ্ন আপনি করেন নাই। সেটা হলো, আমাদের প্রধান বিরোধী দল এই দেশে সংগ্রাম করছে, সেই সংগ্রামের লক্ষ্যবস্তু- আপাতত যে লক্ষ্যবস্তু তারা ঠিক করেছে, একদফার আন্দোলন, সেটাও কিন্তু ভীষণ ত্রুটিপূর্ণ। মানুষ শুধু আওয়ামী লীগকে তার দুরাচারি অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থার কারণে বিদায় করবে তা নয়। এটাকে বিদায় করার মধ্য দিয়ে একটা উন্নততর গণতন্ত্র, সঠিক রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা চালু করবার জন্য যে পরিমাণ অঙ্গীকার প্রকাশ্যে ও নিরন্তরভাবে বিরোধী শিবিরের বলবার কথা, তারা কিন্তু সেটা বলছে না। আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করছে যে, আওয়ামী লীগ এই মুহূর্তে একটা দখলদারের মতো আচরণ করছে। তারা একটা অগণতান্ত্রিক সরকার, তাদের বিদায় করা এক নম্বর কাজ। আমি মনে করি যে, তাদের বিদায় করা যেমন এক নম্বর কাজ, তেমনি তাদের বিদায়ের পরে এই বিদ্যমান ব্যবস্থা অব্যাহত থাকবে নাকি এর চাইতে উন্নত ব্যবস্থা তৈরি করবার জন্য অর্থাৎ গণতান্ত্রিক অর্থনীতি, জনস্বার্থপরায়ণ রাজনীতি, জনস্বার্থপরায়ণ পররাষ্ট্রনীতি- এগুলো তারা প্রণয়ন করবে? এবং করলে কীভাবে করবে, পরিষ্কারভাবে জনগণের সামনে তা বলা উচিত। এবং যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা যারা সাংবাদিকতা করেন, বুদ্ধিজীবিতা করেন, তাদের কর্তব্য হলো তাদেরকে চাপ প্রয়োগ, করা চাপের মধ্যে রাখা। উভয়পক্ষকে চাপের মধ্যে রাখা বাংলাদেশের একটি ইতিবাচক বিকাশের জন্য প্রয়োজন।
