নির্বাচনের পর স্যাংশন না আসলেও দেশের অর্থনীতি ভয়াবহ অবস্থায় পড়বে : ড. রেজা কিবরিয়া
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
সদ্য গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও দলীয় সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ড. রেজা কিবরিয়া। তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। ২০২১ সালের অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এখন তিনি বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে তিনি তাদের সঙ্গে কাজ করে যাবেন।
দেশে একতরফা পাতানো নির্বাচন, মূল্যস্ফীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বিতীয় কিস্তির ঋণসহ অন্যান্য বিষয় নিয়ে বাংলা আউটলুকের সঙ্গে কথা বলেছেন তিনি।
বাংলা আউটলুক: পাতানো জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?
রেজা কিবরিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রপ্তানির বাণিজ্য জরিমানা (ট্রেড পেনাল্টি) আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক আকারে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই শোনা যাচ্ছে, আর্মির অনেক টপ র্যাঙ্কিং অফিসার ইতিমধ্যে আমেরিকার ভিসা স্যাংশনের মধ্যে পড়ে গেছেন। এ সংবাদ এখনো মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না। এমনকি বিদেশিদের অর্থনৈতিক বা ভিসার কোনো ধরনের স্যাংশন যদি নাও আসে, দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। নির্বাচনের পর আগামী মাসগুলোতে বিদেশি বায়াররা কেউ কোনো ধরনের গার্মেন্টস পণ্য রপ্তানির অর্ডার দেবে না। এমনকি অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তায় জন্য দেশে কেউ বিনিয়োগ নিয়ে আসবে না।
বাংলা আউটলুক : বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রপ্তানি পণ্যের ওপর ট্রেড পেনাল্টি আসলে অন্য দেশগুলো তাকে অনুসরণ করবে?
রেজা কিবরিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপগুলো নিলে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়ন অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নেবে। এমনকি কানাডা, অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ভিসা বা অন্যান্য বাণিজ্য চুক্তি আছে, সে অনুসারে বাংলাদেশের বিরুদ্ধে তারাও ব্যবস্থা নেবে। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ষাট শতাংশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ১৭ শতাংশ আয় আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের মোট রপ্তানিকৃত পোশাকের ৬২ শতাংশ ও মোট রপ্তানির ৫৬ শতাংশের গন্তব্য ইউরোপ ও যুক্তরাজ্যের বাজার।
ইউরোপের বাজারে বাংলাদেশ বর্তমানে ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধা পায়। এর অর্থ হচ্ছে, অস্ত্র ও গোলাবারুদ ছাড়া রপ্তানিযোগ্য সব পণ্যের ইউরোপের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার। এই সুবিধার আওতায় বর্তমানে ৪৭টি দেশ রয়েছে। এই দেশগুলোকে ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত ১২ শতাংশ শুল্ক দিতে হয় না।
বাংলা আউটলুক : দ্বাদশ জাতীয় নির্বাচনের পর দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন হবে ?
রেজা কিবরিয়া: দেশের রপ্তানি ও রেমিট্যান্স আয় কমে যেতে শুরু করেছে, এ জন্য দেশের অভ্যন্তরে মার্কিন ডলারের সংকট আরো প্রকট হবে। স্থানীয় বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে গেলে আমদানির খরচ বেড়ে যাবে ব্যাপক হারে। মূল্যস্ফীতি আরো বাড়বে। সাধারণ মানুষের খাদ্যের জন্য হাহাকার ব্যাপক আকার ধারণ করবে । টিসিবির ট্রাকের পেছনে নিরীহ মানুষের দীর্ঘ লাইন দেখা যাবে। তবে এ বিনা ভোটের সরকার দেশের মানুষের আর্থিক অবস্থা নিয়ে ভাবে না। কত মানুষ খাদ্যের প্রকট সংকটের মধ্যে পড়বে কেউ জানে না। এ নিরীহ মানুষদের বাঁচাতে কে এগিয়ে আসবে? এ জন্য এ বিনা ভোটের সরকারকে হটানো ছাড়া আপামর জনগণের আর কোনো উপায় নাই। ডলারের দাম কমাতে না পারলে আমদানি পণ্যের দাম কমানো যাবে না। ফলে খাদ্য মূল্যস্ফীতির লাগাম কিছুতেই টেনে ধরে রাখা যাবে না। তিন মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি ১২ শতাংশের ওপরে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। যা গত ১১ বছর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। । এতে আরো দেখা গেছে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতিও কিছুটা বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে।
বাংলা আউটলুক : এখন বাংলাদেশের মার্কিন ডলারের সংকট কী অবস্থায় রয়েছে ?
রেজা কিবরিয়া: নির্বাচনের পর মার্কিন ডলারের সংকট আরো প্রকট হবে । দেশের ব্যাংকিং সেক্টরে এক বছর আগে ৯০-৯৫ টাকার ডলারের দাম এখন ১২৫ দশমিক ৫০ টাকা। এভাবে ডলারের দাম বাড়তে থাকলে অবশ্যই দেশের ব্যবসা-বাণিজ্যে ডলারের সংকট প্রকট থেকে প্রকটতর হবে। বিদেশি ঋণপত্র (এলসি) খোলার জন্য ব্যাংকগুলো আর ডলার পাবে না। এলসির জন্য ডলার না পেলে বিদেশিরা আর দেশের ব্যাংক ও রপ্তানিকারকদের বিশ্বাস করবে না । কেউ আমাদের ব্যাংকিং সেক্টরের সঙ্গে লেনদেন করবে না।
বাংলা আউটলুক : বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক রিজার্ভ যে পরিসংখ্যান দেখায় আপনি কি তা বিশ্বাস করেন?
রেজা কিবরিয়া: বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে পরিসংখ্যান দেখায়, সেটা কোনোভাবে আমার বিশ্বাস হয় না। আমাদের দেশের অর্থনীতি অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার যথেষ্ট। এ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যায়। কিন্তু তা হলে মার্কিন ডলারের দাম টাকার বিপরীতে বাজারে এত বেশি হয়ে যাচ্ছে কেন? দেশের মার্কিন ডলারের সংকট এত প্রকট কেন? মূল্যস্ফীতি বেড়ে যাওয়াকে কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? বাংলাদেশের ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুসারে, গত ২০ ডিসেম্বর পর্যন্ত মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬০৪ কোটি ডলার বা ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ৬৮ কোটি ডলার বা ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার ।
বাংলা আউটলুক : চলতি বছরের মার্চ মাস থেকে আইএমএফের ইসিএফ ঋণের বৈদেশিক মুদ্রার রিজার্ভের টার্গেট মিস করেছে তবু ইসিএফের দ্বিতীয় কিস্তি বাংলাদেশ পেয়ে গেল?
রেজা কিবরিয়া: আইএমএফের ইসিএফ ঋণের শর্তেও ছাড় দিয়েছে। কারণ হচ্ছে, তারা চায় নির্বাচন পরবর্তী সরকার ক্ষমতায় আসলে যেন মোটা দাগে অর্থনৈতিক ঝামেলায় না পড়ে।
বাংলা আউটলুক : ভারতীয়রা আইএমএফে আছে এ জন্যই বাংলাদেশের ইসিএফের দ্বিতীয় কিস্তি দিয়েছে?
রেজা কিবরিয়া: ভারতীয়রা আইএমএফে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট স্টেক ১৬ দশমিক ৫ শতাংশ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইএমএফের নিয়ন্ত্রণ করে। তাদের একটা প্ল্যান আছে বলেই দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে। নির্বাচনে আইএমএফের বিভিন্ন শর্ত পালন করেছে সরকার। কী ধরনের অর্থনৈতিক ও সামাজিক অবস্থায় পড়বে হবে তাও দেখার বিষয় আছে। ইসিএফের শর্ত অনুসারে দেশে জ্বালানি তেলের দামসহ অন্যান্য ইউটিলিটির দাম বাড়াতে বাধ্য হবে সরকার ।
বাংলা আউটলুক : সামষ্টিক অর্থনীতির দুরবস্থা থেকে উত্তরণের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার কি কিছু করতে পারবেন?
রেজা কিবরিয়া: সামষ্টিক অর্থনীতির (ম্যাক্রো ইকোনমিক) অবস্থা খারাপ হওয়ায় আমি এখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদারকে কোনো দোষ দেব না। দেশের খারাপ সামষ্টিক অর্থনীতি থেকে উত্তরণে এ গভর্নরের সেই দক্ষতা নেই। ম্যাক্রো লেভেলে আওয়ামী সরকারের লোকজন যে চুরি করছে, তার এখন বিষয়গুলো চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই। সে শুধু এ বিশাল অর্থ চুরি দেখেই যাবে, আর চুপ করে থাকবে।
