Logo
Logo
×

সাক্ষাৎকার

ভোটাধিকার আদায়ের আন্দোলন সফল হবেই: চরমোনাই পীর

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম

ভোটাধিকার আদায়ের আন্দোলন সফল হবেই: চরমোনাই পীর

প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদেরকে জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, জণগনের ভোটাধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। বাংলা আউটলুককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতকারটি নিয়েছেন বাংলা আউটলুকের ঢাকা প্রতিনিধি সাঈদ খান। 

বাংলা আউটলুক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন বর্জন করলেন?
রেজাউল করীম : অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ থেকে জনগণ বঞ্চিত হবার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ লোক দেখানো প্রহসনের নির্বাচন বর্জন করেছে।

বাংলা আউটলুক : আপনারা বলছেন, সাধারণ মানুষ আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এই ভোটকে না বলবে। এটি কতটুকু যৌক্তিক?

রেজাউল করীম: স্বাধীনতার ৫৩ বছর পরে এসে ২০২৪ এ দেশের জনগণের কাছে সব কিছু স্পষ্ট দেশে প্রকৃতপক্ষে কোন নির্বাচন হচ্ছে না। প্রধানমন্ত্রীর সিলেক্টেড লোকদেরকে নির্বাচিত দেখানোর আয়োজন চুড়ান্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটার তো দূরের কথা সরকারদলীয় সুবিধাভোগীরা ছাড়া স্বেচ্ছায় কেউ ভোট কেন্দ্রে যাবে বলে আমাদের মনে হয় না। এই সরকারকে আমি বলবো, একতরফা প্রহসনের নির্বাচন বর্জন ও বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের করুন। জনগণের উদ্দেশ্যে বলবো, কেউ ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো, দেশবিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না। প্রশাসনের কর্মচারী-কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না। কেউ প্রহসনের নির্বাচনে সহযোগিতা করবেন না। জনবিরোধী প্রহসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে, জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। 

বাংলা আউটলুক : চলমান অসহযোগ আন্দোলনে  আপনার দল, বিএনপি, জামায়াতে ইসলামী, বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল রাজপথে আছেন, আন্দোলন যে মাত্রায় যাওয়ার কথা সেই মাত্রায় নিতে পেরেছেন কী না? আন্দোলনরত দলগুলোর মধ্যে  কোন সমন্বয়ের অভাব আছে? রেজাউল করীম : একটি সভ্য সমাজ ও রাষ্ট্রে আন্দোলন যথাযথ মাত্রায় পৌঁছেছে বলে আমি বিশ্বাস করি। আমি তো আন্দোলনরত দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখিনি। 

বাংলা আউটলুক : আমরা দেখছি বাম-ডান এবং মধ্যমপন্থী অনেক ধারার, আদর্শের দল একই দাবিতে কথা বলছেন। মানুষ এই প্রক্রিয়াকে কি ভাবে মূল্যায়ন করছে?

রেজাউল করীম : মানুষ একই দাবীতে আন্দোলনকে গ্রহণ করেছে বলে খোদ সরকারি দলের মধ্যে ও নির্বাচনের কোন আমেজ নেই। সরকারী দলের কিছু সুবিধাভোগী ছাড়া অন্যদের মধ্যে ভোট নিয়ে কোন আগ্রহ নেই বরং উদ্বেগ-উতকন্ঠা ও আতঙ্ক আছে। 

বাংলা আউটলুক: অনেকেই, বিশেষ করে সাধারণ মানুষ কিছুটা হতাশ চলমান আন্দোলনের সফলতার ব্যপারে। আপনি কি মনে করছেন আপনারা সফল হবেন?

রেজাউল করীম : প্রহসনের একতরফা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে কোন আমেজ না থাকা আন্দোলনের অন্যতম সফলতা বলে আমি মনে করি। জনগণের ইস্পাত কঠিন ঐক্য অটুট থাকলে আল্লাহর রহমতে মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলন সফল হবে, ইনশাআল্লাহ। 

বাংলা আউটলুক : আপনাদের আন্দোলন সফল হলে সাধারণ মানুষের কি লাভ?

রেজাউল করীম : মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি-দুঃশাসনমুক্ত স্বাধীন বাংলাদেশে রাস্ট্রীয় সম্পদ লুটপাট, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ হয়ে দুর্নীতিমুক্ত জবাবদিহিতা মূলক একটি সরকার প্রতিষ্ঠা হবে বলে আশাকরি।

বাংলা আউটলুক : আর মাত্র ২ দিন পরই ভোট হয়ে যাবে, এর পর কি হবে? আন্দোলনতো তাহলে সফল হলো না। মানুষের যে প্রত্যাশা, তার কি হবে?

রেজাউল করীম : দেশের মানুষ অধৈর্য্য হবে বলে আমি মনে করিনা। জনগনের আন্দোলন কখনো বিফলে যায়নি ভবিষ্যতে ও বিফল হবে না। মানুষের প্রত্যাশা বাস্তবায়ন হবে।

বাংলা আউটলুক : ছাত্র সমাজ, কৃষক,  শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ না জাগলে কোন আন্দোলন সফল হয় না। আপনাদের আহ্বান কি সেই মানুষ গুলোর কাছে? 

রেজাউল করীম : ছাত্র সমাজ, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেনী পেশার মানুষ জেগেছে, আলহামদুলিল্লাহ।  আমরা সভ্য দেশের মানুষ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদী কর্মসূচি পালন করে সকল শ্রেনী পেশার মানুষকে জাগিয়ে তুলেছি। ইনশাআল্লাহ, দেশের সকল শ্রেনী পেশার মানুষ নিজেদের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হবে।

বাংলা আউটলুক : আউট লুকের পক্ষ থেক আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে কি প্রত্যাশা।

রেজাউল করীম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দেশের শান্তিপ্রিয় জনগনের পক্ষ থেকে আপনাকে ও আউটলুক টিম কে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জনগনের অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা জনগণের পাশে থাকবেন বলে আশাবাদী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন