‘ঢাবিতে খুব দ্রুতই অবস্থান করে নেবে ছাত্রদল’ বাংলা আউটলুকের সঙ্গে সাক্ষাতকারে ছাত্রদল নেত্রী মানসুরা আলম
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে যাচ্ছে ছাত্রদল। তারা যেদিন সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে সেদিন ফ্যাসিজমের শেষ রচনা হবে । এই মাটির ইতিহাস তাই বলে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নেবে খুব দ্রুত-এমনটা জানিয়েছেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম। একই সঙ্গে অপরাপর স্বৈরাচারবিরোধি ছাত্রসংগঠনকে সাথে নিয়ে নিরাপদ সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করার অঙ্গিকারও ব্যক্ত করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা রাজপথে মিছিলে-স্লোগানে সবার পরিচিতমুখ মানসুরা আলম ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। এছাড়া সবশেষ ডাকসু নির্বাচনেও ছাত্রদল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করা মানসুরা আলম নেত্রকোনার সন্তান।
মানসুরা আলমের নামে দুইটা মামলা রয়েছে। ২০২২ সালে ২৮ মে ঢাবিতে ছাত্রদলের উপর হামলার ঘটনায় তিনি নিজেও ছাত্রলীগের ৩২ জনের বিরুদ্ধে মামলা করছেন। বর্তমানে তিনি কৌশলে গ্রেফতার এড়িয়ে বিএনপির চলমান আন্দোলনে রাজপথে কর্মসূচি পালন করছেন। আন্দোলন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বাংলা আউটলুকের সঙ্গে স্বাক্ষাৎকারে মানসুরা আলম তুলে ধরেন সরকারের নির্যাতন-নিপিড়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা।
বাংলা আউটলুক: আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপিসহ অধিকাংশ দল এ একতরফা নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে। এমন প্রেক্ষাপটে ছাত্রসমাজের ভূমিকা কেমন হওয়া উচিত?
মানসুরা আলম: বর্তমানে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মতকে দমন-পীড়নের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় জবরদস্তিমূলকভাবে রয়েছে।বাংলাদেশের জনগণ বিগত দুটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী ৭ই জানুয়ারি যে নির্বাচনের কথা হচ্ছে, এটা নিয়ে প্রচন্ড রকম হতাশ ও বিক্ষুব্ধ। কারণ দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য চরম আগ্রহ নিয়ে থাকলেও তারা ভোট দেযার সুযোগ পাচ্ছেন না। যার পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত সকল রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে তাদের দলীয় সংগঠন গুলো দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে কাজ করছে। বিশ্বাবিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের জবরদস্তিমূলক গণরুমে নির্যাতন করা হচ্ছে। ছাত্রসমাজ কোনদিন অন্যায় মাথা পেতে নেয়নি। তারা যেদিন সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে সেদিন ফ্যাসিজমের শেষ রচনা হবে । এই মাটির ইতিহাস তাই বলে।
বাংলা আউটলুক: বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে আন্দোলনে ছাত্রদল কতটা ভূমিকা রাখতে পারছে? এতে কোনো ঘাটতি আছে বলে মনে করেন?
মানসুরা আলম: দেখুন, এইরকম প্রতিকূল পরিবেশ, যেখানে রাষ্ট্রযন্ত্র কাজ করছে স্বৈরাচারের হয়ে, সেখানে ছাত্রদল শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। লাখ লাখ মিথ্যা মামলা মাথায় নিয়ে, প্রতিনিয়ত প্রানের ঝুঁকি নিয়ে মানুষের অধিকার আদায়ে মাঠে নামছে। ছাত্রদলের উপর এই দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরনে একজন কর্মী জীবন দিতেও ভাবছে না, অমানুষিক যন্ত্রনার জেল খাটতেও দ্বিধা করছে না। এমতাবস্থায়, ছাত্রদলের ভূমিকা নিয়ে কারোর প্রশ্ন তোলার সুযোগ ই নেই। যে ছাত্রদল আন্দোলন সংগ্রামে কি অবস্থায় আছে! দেশের মানুষ সাক্ষী, এই সংগ্রামে ছাত্রদল ইতিহাসের সর্বোচ্চ পরিমান ত্যাগ করে যাচ্ছে।
বাংলা আউটলুক: ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আর বর্তমান বাস্তবতায় সরকারবিরোধী আন্দোলন কিভাবে মূল্যায়ন করবেন?
মানসুরা আলম: ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিলো একটি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। সেখানে মানুষ স্বত:স্ফুর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছে। এবার আমরা লড়ছি একটি পলিটিক্যাল স্বৈরাচারের বিরুদ্ধে, যেখানে পুরো সিভিক সিস্টেম স্বৈরাচারের হয়ে মানুষের অধিকার দমনে কাজ করছে। এই ধরনের ফ্যাশিজম বাংলাদেশে আগে কখনো ছিলো না। এমনকি ৭১ এও ছিলো না। স্বাধীনতা যুদ্ধে আমরা পাকিস্থান আর্মির বিরুদ্ধে লড়ে জয়লাভ করেছি। পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে হয়নি। তাই এইবারের যে আমাদের সংগ্রামের ইতিহাস,তার সাথে কোন অতীত আন্দোলনের ই তুলনা চলে না। আমাদের লড়াই ফ্যাশিজমের বিরুদ্ধে।পৃথিবীর ইতিহাস বলে,ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই একটি দীর্ঘ লড়াই হয়। ধারাবাহিকতায় আমরা গত দেড় দশক ধরে লড়ছি।
বাংলা আউটলুক: ছাত্রদলের কাছে মূল দল এবং দেশবাসীর প্রত্যাশা অনেক, আপনারা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন?
মানসুরা আলম: আপনাকে আগেই আমি এই ব্যাপারে পরিস্কার ধারনা দিয়েছি, যে আমরা ফ্যাশিজমের বিরুদ্ধে লড়ছি। যদি সাধারণভাবে অপোজিশন হয়ে আমরা আন্দোলন করে যেতাম তাহলে আমাদের মুভমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক অন্যভাবে হতো। এখন সেখানে শুধু ফ্যাসিস্টদের সন্ত্রাসী ছাত্রসংগঠনই নয়,সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কব্জা করেছে প্রশাসনিক স্বৈরাচারও। শুধু ছাত্রদল করার কারনে নির্মমভাবে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে পুলিশে দেওয়া, এগুলো বিশ্ববিদ্যালয়ের একশ বছরের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ঘটনা।এই কাজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত করে যাচ্ছে সন্ত্রাসী সংগঠনটির সাথে মিলে।তরুনদের ভয়ভীতি দেখিয়ে এরা গণরুমে রেখে ফ্যাশিজমের পক্ষে কাজ করাতে বাধ্য করছে। বিশ্ববিদ্যালয়ে সাধারণ কোন ছাত্রসংগঠনও দাঁড়াতে পারছে না কোন দাবি নিয়ে। কয়েকদিন আগে নির্মমভাবে হামলা হলো ছাত্র ইউনিয়নের উপর।সেখানে ছাত্রদল নির্দিষ্ট দাবি 'ফ্যাসিস্ট হাসিনার পতনের' নিয়ে আন্দোলন করে যাচ্ছে।
বাংলাআউটলুক: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। সকল গুরুত্বপূর্ণ আন্দোলন এখান থেকেই শুরু হয়েছে। ছাত্রদল কেন সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে কোনো কর্মসূচিতে যেতে পারছে না? সমন্বয়হীনতার থাকলে পরিষ্কার করুন।
মানসুরা আলম: দীর্ঘ দেড় দশকের বেশী সময় ধরে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা সংগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল অবস্থান করে নেবে খুব দ্রুত। অপরাপর স্বৈরাচারবিরোধি ছাত্রসংগঠনকে সাথে নিয়ে নিরাপদ সহাবস্থানের ভিত্তিতে আমরা রাজনীতি করবো।
বাংলা আউটলুক: ছাত্র সমাজকে সচেতন করতে বা চলমান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার করতে ছাত্রদল কী করছে?
মানসুরা আলম: চলমান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ছাত্রদল বিএনপি ও তারুন্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব সব ঘোষিত কর্মসূচিতে সামনে আছে।জনগনের ভোটাধিকারসহ সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে ছাত্রদল সবসময় ই সোচ্চার আছে।ছাত্রসমাজের গত কয়েক বছরের প্রত্যেকটি দাবির সাথে সংহতি জানিয়ে ছাত্রদল শিক্ষার্থীদের সাথে ছিলো। কিন্তু এই মুহুর্তের আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের অধিকার নিয়ে আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত ছাত্রসংগঠন আমাদের দাবির সাথে এক হয়ে আন্দোলন করছে।
বাংলা আউটলুক: চলমান আন্দোলনের সফলতার বিষয়ে আপনারা কতটুকু আশাবাদী?
মানসুরা আলম: স্বৈরাচারের পতন অনিবার্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। যে ডামি ভোটের আয়োজন করেছে এই স্বৈরাচার, জনগণ তা ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। মানুষের কন্ঠরোধ করার যে প্রয়াস চালাচ্ছে অবৈধ সরকার তা এই দেশের মানুষ মানবে না। বিজয় মানুষেরই হবে।
