Logo
Logo
×

সাক্ষাৎকার

আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালিয়ে দায় আন্দোলনরত দলগুলোর ওপর চাপাতে পারে : অলি আহমেদ

Icon

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালিয়ে দায় আন্দোলনরত দলগুলোর ওপর চাপাতে পারে : অলি আহমেদ

ড. কর্ণেল (অব.) অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী। ছিলেন বিএনপিতে। বর্তমান সরকার বিরোধী আন্দোলনে আছেন সমানের সারিতে। 

বাংলা আউটলুক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন আপনারা। কিন্তু সরকার নির্বাচন করতে যাচ্ছে। আপনারা কিছুই করতে পারলেন না বলে মনে করছে সাধারণ মানুষ। বিষয়টিকে কিভাবে দেখছেন?
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : আমরা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেইনি। আমরা বলেছি জনগন যে নির্বাচনে ভোট দিতে পারবে না সে নির্বাচনে জনগন অংশ নেবে না। ভোট দেবে না। বাস্তবে তাই হতে যাচ্ছে। সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়। নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে। গায়ের জোরে ক্ষমতার মেয়াদ বাড়াতে নির্বাচনের নামে প্রহসন করতে যাচ্ছে। দেশের জনপ্রিয় সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করতে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের দোসররা একতরফা নির্বাচন করতে যাচ্ছে। নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। 

আওয়ামী লীগ শুরু থেকেই চায়নি বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসুক। তাই গত ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশে হামলা করে পণ্ড করে দিয়েছে। বিএনপিকে নির্বাচনে নিতে চাইলে এ ঘটনা তারা ঘটাতো না। তারা চেয়েছে নিজেরা নিজেরা নির্বাচন করতে। গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে। 

বাংলা আউটলুক : ভোট বর্জনের আহ্বান জানিয়ে আপনারা লিফলেট বিতরণ করছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোট বর্জনের দাবিতে কোনো কর্মসূচি আসছে কি না ?
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : আমাদের কর্মসূচি চলমান রয়েছে। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড দেওয়ার পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধের পর এখন ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করছি। নির্বাচনের দিনকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে ভোটের দিনকে কেন্দ্র করে নতুন কর্মসূচির ঘোষণা আসবে।

বাংলা আউটলুক : জাতীয় পার্টি নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে। ভোট বর্জনের চিন্তাভাবনার কথা বলছে। বিষয়টিকে কিভাবে দেখছেন?
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মাদ এরশাদ বিদেশীদের হাতে শৃংখলিত ছিলেন। তার ভাই বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের একই অবস্থা। তারা সব সময় আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের বৈধতা দিতে নির্বাচনে অংশ নিয়েছে। এবারও নির্বাচনে অংশ নিচ্ছে। এখন ভোট বর্জনের যে কথা বলছে তা হয়তো সারাদেশে জাতীয় পার্টির প্রার্থীরা আওয়ামী লীগের হামলায় টিকতে না পারার জন্য বলে থাকতে পারেন। অথবা নির্বাচনে থাকার জন্য সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে এ ধরণের কথা বলে থাকতে পারেন। তবে তাদের বিশ্বাস করা যায় না। 

বাংলা আউটলুক : নির্বাচন ভন্ডুল করতে বিএনপি-জামায়াত গুপ্ত হত্যা চালাতে পারে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা ব্যক্ত করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি ?
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন এ ধরণের কথা বলেন তখন বুঝে নিতে হবে তারা গুপ্ত হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তার দায় আন্দোলনরত দলগুলোর ওপর চাপিয়ে দেবে। কারণ ইতিপূর্বে তারা অঘটন ঘটিয়ে তার দায় আন্দোলনরত দলগুলোর ওপর চাপিয়ে দিয়েছেন। গত ২৮ অক্টোবরের আগে তারা আগুন সন্ত্রাসের কথা বলেছেন তারপর জনগন দেখেছে বাসে আগুন লাগার ঘটনা। বিগত দিনের অভিজ্ঞতায় দেশের সচেতন জনগণের পাশাপাশি আমরা বুঝে ফেলি সরকার সন্ত্রাসী হামলা কিংবা আগুন লাগানোর ঘটনা ঘটাতে যাচ্ছে। এরপর মামলা দায়ের করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের গ্রেফতার করে জেলে ভরে। সাম্প্রতিক সময়ে সারাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে সাজা দিয়েছে। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক একজন মুক্তিযোদ্ধা। তিনি সত্য কথা বলে ফেলেছেন। 

বাংলা আউটলুক : সাধারণ ভোটারদের প্রতি আপনাদের কোনো আহ্বান বা অনুরোধ রয়েছে কি না।
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : ৭ জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। সরকার কোনোভাবে নির্বাচন করে ফেলতে পারলে দেশে একদলীয় বাকশাল কায়েম হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হবে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ডলার সঙ্কটের কারণে আমদানী কমে যাবে। এমনিতেই রফতানী কমে এসেছে। সামনে আরও কমে আসবে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী মার্চে দেশে দুর্ভিক্ষ হতে পারে। সরকারের দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের কারণে ব্যাংকগুলো শূণ্য অবস্থায় রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আনিছুর রহমান প্রকাশ্যে বলেছেন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ সংকটে পড়বে। সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা তো সরকারের লোকজনই বলছে। এ অবস্থায় জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন। আমরা তাদের প্রতি আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছি। সচেতন করছি। কি করতে হবে তা বলছি। এখন সিদ্ধান্ত দেশের জনগনকেই নিতে হবে। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নিজেরা ভোট বর্জন করছি। আমাদের ভোটারদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি ভোট বর্জনের জন্য।      

বাংলা আউটলুক : আপনাকে ধন্যবাদ
ড. কর্ণেল (অব.) অলি আহমদ : বাংলা আউটলুককেও ধন্যবাদ

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন