গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি মনে করেন, ৭ জানুয়ারির আগেই আওয়ামী লীগের খেলা শেষ হয়ে যাবে। নতুন বছরের শুরুতে অনেক কিছু ঘটবে। বাংলা আউটলুকের সাঈদ খান কথা বলেছেন তার সঙ্গে।
বাংলা আউটলুক : সময় যত গড়াচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ঘনিয়ে আসছে, আপনারা বলছেন নির্বাচন হবে না, ভোটাররা ভোট দিতে যাবে না। কিন্তু সরকার ভোট করে ফেলবে, আটকাবেন কীভাবে?
সুব্রত চৌধুরী : ১৫ বছর ধরে বিনাভোটের হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে। তারা নিজেরাও বিশ্বাস করে না যে তারা জনগণের ভোটে নির্বাচিত। গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে। ২০১৪ সালের ভোটে জনগণের সমর্থন পায়নি। ১৫৩ আসনে বিনা ভোটে বিজয়ী দেখিয়েছে। ২০১৮ সালে মধ্যরাতে কারচুপি করে বিজয়ী হয়েছে। এই দুই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। ২০২৪ সালে এসে শেখ হাসিনার পাতানো-সাজানো নির্বাচন মানুষ বুঝে গেছে। এবার পছন্দের কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী অতীতের চেয়ে শক্ত করে বসিয়েছে। নতুন পদ্ধতি হিসেবে স্বতন্ত্র আর ডামি নামিয়েছে। ১৭ ডিসেম্বরেই বিজয় নিশ্চিত করে ফেলেছে। এখন শুধু ঘোষণার পালা। সেটা ১৭ তারিখ করে দিলেই হয়ে যেত। ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষার প্রয়োজন তো ছিল না। শুধু শুধু জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করার প্রয়োজন ছিল না। দেশের মানুষকে এবার আর ভুল বোঝানোর সুযোগ নেই। যত সহজ মনে করেছে, এতটা সহজ হবে না। এবার তাকে হিসেব দিতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতেই হবে। ৭ তারিখের আগে, নতুন বছরের শুরুতেই হয়তো আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। না হলে ৭ তারিখ কবর হবে আওয়ামী লীগের। জনগণ তৈরি হয়ে আছে।
বাংলা আউটলুক : নির্বাচনে অনেকগুলো দল অংশ নিয়েছে। বিএনপিসহ আপনারা কয়েকটি দল যাননি।
সুব্রত চৌধুরী : বিএনপিসহ কয়েকটি দল নয়, অধিকাংশ দলই এই প্রহসনকে না বলে দিয়েছে। জনগণের বিরুদ্ধে আছে আওয়ামী লীগ আর তাদের গত ১৫ বছরের অনিয়ম-অন্যায়ের যারা সহচর তারাই। দেখুন, নৌকার বিরুদ্ধে লড়ছে আওয়ামী লীগ। এর বাইরে ১৪ দলের ৩ দলকে ৬টি আসন হাসিনা ছেড়ে দিয়েছেন। এসব আসনে আবার নৌকার লোক সরিয়ে নিয়েছে। আর আছে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি। তাদেরও ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচনটা হচ্ছে কই? এটা তো, আসন ভাগ-বাটোয়ারা মাত্র। এর মানে কেউই তো নির্বাচনে নেই। ভোট কেন্দ্রে মানুষ গেলেও যে জিতবে, না গেলেও জিতবে। আমরা সাদ্দাম হোসেন, হুসনি মোবারক ও ফিলিপাইনের মার্কোসের সময় যেমন ভোটের কথা শুনেছি হাসিনা সেটাই আমাদের দেখিয়ে দিয়েছেন। কে হবে সরকার, কে হবে বিরোধী দল, তা তো নির্ধারণ হয়েই গেছে। আমরা এর প্রতিবাদে ২০১৮ সালে শেখ হাসিনার কথায় বিশ্বাস করে জনগণকে সাথে নিয়ে প্রতারিত হয়েছি। এবার ২০২৪ সালে তাদের নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে আছি, রক্ষা হবে না। আমার শেখ হাসিনার অপশাসনকে বিতাড়িত করেই ক্ষান্ত হবো।
বাংলা আউটলুক : সরকার বলছে, মানুষ ভোট কেন্দ্রে গেলেই অংশগ্রহণমূলক হবে, আপনারা হেরে যাবেন।
সুব্রত চৌধুরী : কিছু মানুষকে হয়তো জিম্মি করে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করবে। কারণ ২ কোটি মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আশ্রয়ন প্রকল্প এবং সরকারি ঘর বরাদ্দ পেয়েছে। তাদেরকে যেতে বাধ্য করতে পারে। কিন্তু সেই ২ কোটির মধ্যেও নির্যাতিত-নিপীড়িত মানুষ রয়েছে। তারা প্রতিবাদ জানাচ্ছে। এর বাইরে আওয়ামী লীগের ২ লাখ প্রশিক্ষিত ক্যডার বাহিনী আছে, তারা হয়তো তাণ্ডব চলিয়ে, ভয়-ভীতি দেখিয়ে, লুঙ্গি-শাড়ি দিয়ে কিছু ভোটারকে কেন্দ্রে যেতে বাধ্য করতে পারে। আমরা আন্দোলনের অংশ হিসেবে জনগোষ্ঠিকে সচেতন করেছি। তাদের লুণ্ঠিত অধিকার সম্পর্কে সচেতন করেছি। অসহযোগ সফল হলে হাসিনা সরকারের বিদায়ের পর তারা তাদের অধিকার ফিরে পাবে, সেটি বোঝাতে সক্ষম হয়েছি। এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ঘর বরাদ্দসহ বিভিন্ন সহযোগিতা এগুলো কোনো দলের অর্থে হয় না, এগুলো রাষ্ট্রীয় উদ্যোগ। চাইলেই এগুলো কেড়ে নিতে পারবে না বা বাতিল করতে পারবে না। সে বার্তা আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি। মানুষ এই পাতানো ভোটের খেলাকে পরাস্ত করবে।
বাংলা আউটলুক : আন্দোলনের কোন পর্যায়ে আছেন? সফলতা নিয়ে কতটুকু আশাবাদী?
সুব্রত চৌধুরী : সফলতা তো ইতিমধ্যেই এসেছে। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে আর কেউ নেই। বিএনপিসহ আন্দোলনরত কোনো দলই তারা ভাঙতে পারেনি। দু’এক জন যারা গেছেন, সেটা কোনো বিষয়ই না। তারাও দলের পলিসি লেভেলের বা বিশ্বস্ত কেউ না। এমন হতেই পারে। যারা গেছেন, তারাও ভাল নেই। এখন তো আবার তাদের কান্নাকাটিও শুনছি। আমি মনে করি, এরা গিয়ে আমাদের আন্দোলনের সফলতা আরো তরান্বিত করেছেন। পরীক্ষিতরা আছেন। এছাড়া কিংস পার্টি করে তাতেও সফল হয়নি আওয়ামী লীগ। আমি মনে করি, এটাই আমাদের আন্দোলনের সফলতা। আর বাকিটুকু হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না চূড়ান্ত সফলতা পেতে।
বাংলা আউটলুক : তাহলে ভোট কি হচ্ছে না বলতে চাইছেন?
সুব্রত চৌধুরী : ভোট হবে না। একটা নাটক মঞ্চস্থ হবে। এটা ১৭ ডিসেম্বরই হয়ে গেছে। ৭ তারিখটা জনগণের হবে। তারা কেউই ভোট দেবে না। হাসিনার উন্নয়ন মানুষ বুঝে গেছে। অবকাঠামো উন্নয়ন কোনো উন্নয়নই নয়। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই মূল। সেটি লুটে খেয়েছে এই হাসিনা। এখন আবার স্মার্ট বাংলাদেশের কথা বলছে, আসলে স্মার্ট দস্যুপনা দেখানোর পরিকল্পনা প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের ইশতেহারে।
বাংলা আউটলুক : প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন পর্যায়ের সাথে আপনার ওঠা-বসা রয়েছে। সম্প্রতি আপনি ভারত সফর করেছেন, তাদের বক্তব্য কী? তারা আবারও হাসিনা সরকারকে চাইছে বলে খবর পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টি কী?
সুব্রত চৌধুরী : আমরা ভারতের বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। সে দেশের সরকারের বিভিন্ন লেভেলে আলোচনা করেছি। তাদের একটা বিষয় পরিষ্কার বোঝাতে সক্ষম হয়েছি যে, আওয়ামী লীগ আর মোদী দু’জনই এক হয়ে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক নষ্ট করছে। ঐতিহাসিক সব সম্পর্ক নষ্ট করে ফেলছে। যেটা ভারত-অস্ট্রেলিয়ার খেলার পর ভারতের পরাজয়ে বাংলাদেশের মানুষের উল্লাসই বলে দিয়েছে। ভারতীয়রা বুঝতে শুরু করেছে। অবশ্য ভারত আওয়ামী লীগের বাইরে গিয়ে আমাদেরও বিশ্বাস করতে চায় না। তাদের সুশীল সমাজ, রাষ্ট্র ও আঞ্চলিক সম্পর্ক বিবেচনা করে আমরা আমাদের ৩১ দফা দিয়েছি। ধীরে ধীরে ভারতও সে দেশের মানুষের চাপে আওয়ামী লীগের এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। না হলে তাদের সংকটও বাড়বে।
বাংলা আউটলুক : আন্দোলনরত দলগুলোর দৃঢ়তা কেমন? জনগণের ভরসা অর্জন করতে পেরেছে কি?
সুব্রত চৌধুরী : আন্দোলনরত দলগুলো ২৮ অক্টোবরের পর, কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু বহুমাত্রিক নিপীড়ন, মামলা-হামলা, খুন-গুম, গায়েবি মামলা, অবৈধ কারদণ্ড মোকাবেলা করে ইস্পাত কঠিন ঐক্য তৈরি করে ফেলেছে। দু’চার দিনের মধ্যে ফের রাজপথে দেখবেন আন্দোলনের তীব্রতা কোন পর্যায়ে পৌঁছায়। আবারো বলছি, মানুষ এবার সফল হবেই।
বাংলা আউটলুক : আপনাকে ধন্যবাদ।
সুব্রত চৌধুরী : বাংলা আউটলুককেও ধন্যবাদ। মানুষের সাথে থাকুন। মানুষের কথা বলুন।
