নির্বাচনের পরিবেশ নাই, প্রতিদিনই হামলা হচ্ছে : মাহিয়া মাহি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
রুপালি পর্দার লাস্যময়ী নায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। রুপালি পর্দা ছেড়ে এখন চষে বেড়াচ্ছেন প্রত্যন্ত এলাকা। কখনো যাচ্ছেন ধান খেতে, কখনো যাচ্ছেন সরিষা খেতে আবার কখনো যাচ্ছেন গ্রামের মেঠো পথ ধরে এ গ্রাম থেকে ও গ্রামে। এভাবেই এই নায়িকা হাট-ঘাট থেকে শুরু করে ফসলের মাঠেও কৃষকদের দৌড়গোড়ায় পৌছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পরিবেশ কেমন জানতে চাইলে মাহি বাংলা আউটলুটকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ নেই। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার সমর্থকদের ওপর হামলা করছে। প্রচার-প্রচারণায় গেলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন সেখানে ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় নির্বাচনের দিন কি হবে তা নিয়ে আমি উদ্বিগ্ন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তবে যে কোনো পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
নির্বাচন, রাজনীতি নিয়ে বাংলা আউটলুকের সঙ্গে কথা বলেছেন মাহিয়া মাহি। এই মুহূর্তে রাজশাহীর নির্বাচনী এলাকায় প্রতিদিনই প্রচারে বের হচ্ছেন। সেখান থেকেই ফোনে কথা হয় মাহির সঙ্গে।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত উদ্বেগ বাড়ছে জানিয়ে মাহি বলেন, ‘আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর নেতাকর্মীসমর্থকরা নিয়মিত আমার প্রচারে বাধা দিচ্ছে। নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিচ্ছে। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইতিমধ্যে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে উদ্বেগের বিষয়গুলো জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। আশা করছি তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’
উল্লেখ্য রাজশাহী-১ আসন থেকে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি একটানা তিনবারের সংসদ সদস্য। বর্তমান এমপির সমালোচনা করে দেওয়া তার বক্তব্য ভাইরাল হচ্ছেন। এদিকে এই আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী মো. আখতারুজ্জামান। তিনি সরে গিয়ে কাঁচি প্রতীকের গোলাম রাব্বানীকে সমর্থন দিয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এই জমিদারিত্ব থেকে বাঁচতে চাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। শক্ত হয়ে ভোট করবো ইনশাল্লাহ। ভোট দেবেন আপনি, গুনিয়ে নিয়ে আসবো আমি। ভোট দেবেন আপনি, গুনিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। শুধু সেদিন যাতে সবাই ঐক্যবন্ধ হয়ে যান।’
খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ী-তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করছেন তিনি। চিত্রনায়িকা হওয়ার সুবাদে যখন যেখানে যাচ্ছেন মুহুর্তেই সর্বসাধারণ লোকজন ভীড় জমাচ্ছেন। আর এই সুযোগে মাহি ভোট চাইছেন ভোটারদের কাছে। কখনো প্রাইভেট গাড়ীর ভেতরে থেকে হ্যান্ড মাইক নিয়ে ভোটারদের উদ্দেশ্যে নানান প্রতিশ্রুতিসহ বর্তমান সংসদ সদস্যের কর্মকান্ডের কথা তুলে ধরছেন। আর এসব বাস্তবধর্মী কথা বলায় ভোটাররাও মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনছে।
এলাকার নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন মাহিয়া মাহি। নারী ভোটারদের পেলেই তাদের কাছে ছুটে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যে ভোটকেন্দ্রে যাবেন। একা একা চলে গেলে হবে না। আশে-পাশের ১০ থেকে ১২টা বাড়ি মিলে বুদ্ধি পরামর্শ করে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে কাকা। আপনারা ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দেবেন। মা-বোনেরা, আপনাদের ইনকামের দারকার আছে না। খালি জামাইয়ের টাকা দিয়ে চললে চলবে। চলবে না, নিজে টাকা ইনকাম করতে হবে। নিজেকে সাবলম্বী হতে হবে। এই সাবলম্বী হতে হলে ট্রাক মার্কায় ভোট দেবেন।’
অভিনয় ছাড়ার ঘোষণা : সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ছাড়ার ঘোষণা দেন মাহি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয় করেছি দীর্ঘদিন। এখন রাজনীতিতে এসেছি। আমার নির্বাচনী এলাকার অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। তাদের উন্নয়নে কাজ করতে চাই। তাই ঘোষণা দিয়েছি অভিনয় ছেড়ে দেবো। এলাকার মানুষের পাশে থাকবো।
গত মঙ্গলবার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’ ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডুমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’
নির্বাচনী এলাকায় বরেন্দ্র ভুমি রয়েছে। সেখানে পানির সমস্যা রয়েছে। গত বছর পানির জন্য দুই আদিবাসী কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহি বলেন, ‘বর্তমান এমপি এলাকার উন্নয়নে কাজ করেনি। তাই এলাকায় পানির সমস্যা রয়েছে। বিষয়টি তার দেখা উচিত ছিলো। মানুষ কেনো পানির জন্য কষ্ট করবে। সরকার তো এই বরেন্দ্রভূমির জন্য কোটি কোটি টাকা দিয়েছে। এই টাকা কোথায় গেল?’
এলাকার মানুষের মাঝে প্রচারে গিয়ে সম্প্রতি তিনি পানি সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেছেন, ‘আপনারা সবাই যদি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি প্রথমেই বরেন্দ্রভূমির পানি সমস্যা নিয়ে কাজ করব, যাতে কোনো কৃষক পানির অভাবে কষ্ট না পান। আর আমার মা–বোনেরা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে যাতে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারেন, সে ব্যবস্থা করব।’
উল্লেখ্য গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। তার নির্বাচনী প্রতীক ট্রাক।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মাহি বলেন, আমার ওপর এখন পর্যন্ত কোনো হামলা হয়নি। তবে আমার সমর্থকদের ওপর হামলা হয়েছে। তাই আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এদিকে গত শনিবার রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এসে গোদাগাড়ী-তানোরের উদ্দেশে বার্তা দেন মাহি। বার্তায় গোদাগাড়ী-তানোরের মা-বোনদের অভিমান করে বসে না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এক আঙুলের ছাপ, আমাদের চার আঙুলের কপাল বদলে দেবে।’ মা-বোনদের উদ্দেশে মাহি বলেন, ‘আমার প্রিয় এবং মা বোনদের সালাম জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ভীষণ চিন্তায় আছি। কারণ, আমার সব মা-বোনদের কাছাকাছি আমি যেতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে আমি যাব। সবাইকে ধরে ধরে কথা বলব। এবং আমি শিউর যদি সেটা সম্ভব হতো, তাহলে আমার একটা মা-বোনদের ভোটও মিস হতো না।’
এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাহি নিজেই এই উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, ‘আমি ভীতসন্ত্রস্ত। আর মাত্র ৬-৭ দিন আছে। আমার যত পথসভা হবে হুট করে কে কখন ঢুকে যাবে। সাধারণ জনগণের সঙ্গে মিশে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। তাই এ নিয়ে আমি রিস্কে আছি।’
এসব পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রশাসনকে অনুরোধ জানাই তারা যেন এদিকে খেয়াল রাখেন।’ এমন ঘটনায় শুক্রবার মধ্যরাতে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চলতি বছরের ১৮ মার্চ গ্রেফতার হয়েছিলেন মাহি : ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। পরে ১৮ মার্চ বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
একনজরে মাহি : মাহিয়া মাহি’র প্রকৃত নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করেছেন।
