Logo
Logo
×

সাক্ষাৎকার

সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা কী করছে: রাশেদ ইকবাল

Icon

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ এএম

সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা কী করছে: রাশেদ ইকবাল

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব পান রাশেদ ইকবাল খান। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাশেদ ইকবালের জন্ম নরসিংদীতে।

সম্প্রতি বাংলা আউটলুককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সাড়ে ৩ হাজার পদধারী ছাত্রদল নেতা দেশের বিভিন্ন কারাগারে বন্দী, কয়েক শ ছাত্র নেতাকে ১ থেকে ১৪ বছর পর্যন্ত মিথ্যা বানোয়াট গায়েবি মামলায় দণ্ড দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রদল নেতাকে গত ১৫ বছরে গুলি করে, কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাংলা আউটলুক: বাংলাদেশের ক্ষমতাসীন সরকার একতরফা ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করছে, এমন বাস্তবতায় ছাত্রসমাজের ভূমিকা কেমন হওয়া উচিত?

রাশেদ ইকবাল খান: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেকাংশই ছাত্র আন্দোলনের ইতিহাস। সব আন্দোলনেই ছাত্রসমাজের ভূমিকা অনেক। কিন্তু গত ১৫ বছর ধরে এ সরকার মানুষের অধিকার হরণ করেছে, মানুষকে তাদের অধিকারের কথাই ভুলিয়ে দিয়েছে। একটি প্রজন্মকে খুব কৌশলে রাজনীতি বিমুখ করে দিয়েছে। এখনকার প্রজন্মের অধিকাংশই জানেন না, একটি দেশকে এগিয়ে নিতে ছাত্রসমাজের কতটুকু দায়িত্ব বা দায় রয়েছে। ফলে, এই ফ্যাসিবাদী সরকার নিশ্চিন্তে আবারো মানুষকে বোকা বানিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু সেটা এত সহজ হবে না। মানুষ বুঝে গেছে। ছাত্রসমাজও বুঝে গেছে। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা এগিয়ে যাচ্ছি। 

বাংলা আউটলুক : বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল কি পারছে যথেষ্ট ভূমিকা রাখতে? কোনো ঘাটতি আছে বলে মনে করেন?

রাশেদ ইকবাল খান: ঘাটতি কিছুটা তো আছেই। ৯০-এর স্বৈরাচার বা ৫২, ৬৯ বা ৭১-এও এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি। কিন্তু এখন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নেই। এমনকি হলে বা বাড়িতেও থাকতে পারছেন না ছাত্রনেতারা। দেশের এমন কোনো কারাগার নেই যেখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রনেতা বন্দী নেই। এমন কোনো থানা বাংলাদেশে নেই, যে থানায় ছাত্রনেতাদের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা নেই। আর সাধারণ ছাত্রদের বিসিএস, চাকরি, করপোরেটে মোহাচ্ছন্ন করে, দেশ-দেশের রাজনীতির বাইরে রাখা হয়েছে। যে কারণে অধিকাংশ ছাত্র দেশপ্রেম ভুলতে বসেছে। আর অপর দিকে এই ফ্যাসিবাদী সরকার মানুষের অধিকার, সেই শিক্ষিত সমাজের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার হরণ করেছে। ফলে, আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও, আমরা ছাত্রসমাজ সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি।

বাংলা আউটলুক : অপরাপর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আছে? ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে যেমন ছিল?

রাশেদ ইকবাল খান: আছে। প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। আমরা একসঙ্গে হয়তো মিছিল-মিটিং করছি না। তবে আন্দোলন হচ্ছে ঐক্যবদ্ধ ভাবেই।

বাংলা আউটলুক : দেশবাসীর প্রত্যাশা অনেক ছাত্রসমাজের কাছে, ছাত্রদল কি পারছে সেই প্রত্যাশা পূরণ করতে?

রাশেদ ইকবাল খান: এ মুহূর্তে সাড়ে ৩ হাজার পদধারী ছাত্রদল নেতা দেশের বিভিন্ন কারাগারে বন্দী, কয়েক শ ছাত্রনেতাকে ১ থেকে ১৪ বছর পর্যন্ত মিথ্যা, বানোয়াট, গায়েবি মামলায় দণ্ড দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রদল নেতাকে গত ১৫ বছরে গুলি করে, কুপিয়ে হত্যা করা হয়েছে। গুম করা হয়েছে বহু ছাত্রদল নেতাকে। মামলা এবং মিথ্যা দণ্ডে অনেক ছাত্রদল নেতাই তাদের স্বপ্নের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে। অপর দিকে, নাগরিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা কী করছে? দায় কি শুধু ছাত্রসমাজের একারই। তাদের কি কোনো দায় ছিল না? বা নেই? ৯০-এ দেশ স্বৈরাচার মুক্ত করার পর গত ১৫ বছরে আবার সেই পরিস্থিতিতে কেন পড়তে হলো? ছাত্রসমাজ বিবেকের দায়বদ্ধতা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমাজের বিবেকবান প্রতিটি নাগরিকেরও উচিত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা, ভূমিকা রাখা। তাহলেই সফলতা আসবে।

বাংলা আউটলুক : ছাত্র সমাজকে সচেতন করতে বা চলমান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার করতে ছাত্রদল কী করছে?

রাশেদ ইকবাল খান: আমরা যেহেতু ক্যাম্পাসগুলোতে যেতেই পারছি না, সরকার সমর্থিত ছাত্রসংগঠন, সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়ায় আমাদের কাজেও বেশ বেগ পেতে হচ্ছে। তারপরও সবগুলো ক্যাম্পাসে নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। সাধারণ ছাত্রদের মধ্যেও দেশপ্রেম এবং এই সরকরের জুলুম-নির্যাতন বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে।

বাংলা আউটলুক : আন্দোলনের সফলতার ব্যাপারে কতটুকু আশাবাদী? মাঝে মাঝে সমন্বয়হীনতার কথা শোনা যায়, একটু পরিষ্কার করুন।

রাশেদ ইকবাল খান: কৃষক, শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী, সাধারণ নাগরিক সবাই চাইছে এই পরিস্থিতির অবসান। ছাত্রদলসহ গণতন্ত্রকামী দেশপ্রেমিক ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। সুতরাং দেশে আবারো কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরবে। তবে দীর্ঘ জুলুম-নির্যাতনে মানুষ ত্যক্ত, বিরক্ত। সবাই বেশ কষ্টে আছে। তবে বিজয় সন্নিকটে। আর ছাত্রদলসহ আমাদের সঙ্গে আন্দোলনরত কোনো সংগঠনের মধ্যেই সমন্বয়হীনতা নেই। আমরা ঐক্যবদ্ধ। অল্প সময়ের মধ্যে কঠোর আন্দোলন দেখতে পাবেন। এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছাত্রসমাজ ক্যাম্পাসে ফিরে যাবে, শ্রেণিকক্ষে ফিরে যাবে। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে। সমাজ হবে বৈষম্যমুক্ত, সম্ভাবনাময় এক বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বাংলা আউটলুক: আপনাকে ধন্যবাদ।

রাশেদ ইকবাল খান: বাংলা আউটলুককেও ধন্যবাদ। গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষের কথা তুলে ধরুন। স্বাধীন সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে বাংলা আউটলুকও এ আন্দোলনের অংশ হোক, সেই প্রত্যাশা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন