Logo
Logo
×

সাক্ষাৎকার

কোনো ভোটই হবে না

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

কোনো ভোটই হবে না

নুরুল হক নুর

ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহবায়ক নুরুল হক নুর। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনে এক শক্তিশালী কণ্ঠস্বর। বাংলা আউটলুকের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, স্বৈরাচার পতনের জন্য এক দিনই যথেষ্ট। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মত-পথ ভুলে দেশের স্বার্থে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে সমর্থন করার আহবান জানান তিনি।

বাংলা আউটলুক : চলমান আন্দোলনে সব রাজনৈতিক দল কি এক কাতারে আসতে পেরেছে?

নুরুল হক নুর : অবশ্যই। গত ১৭ বছরে মানুষ অতিষ্ট। গণঅধিকার পরিষদ জন্মই হয়েছে একটি আন্দোলনের মধ্য দিয়ে। অন্যায়ের প্রতিবাদের মধ্য দিয়ে। সাধারণ মানুষের বিপুল সমর্থন ছিল সেই আন্দোলনে। সেই তাগিদ থেকেই দল গঠন করি আমরা। বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল এখন রাজনৈতিক আদর্শ, মতভেদ ভুলে গেছে। দেশের সার্থে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে কে বাম আর কে ডান সেই হিসেব নেই এখন। সময় যত গড়াবে এ দৃশ্য আরো স্পষ্ট হবে।

বাংলা আউটলুক : আন্দোলন একটু গতিশীল হয়, আবার থেমে যায়, মানুষ আশাহত হয়। এ কৌশলে কি আন্দালন বাধাগ্রস্ত হচ্ছে?

নুরুল হক নুর : আন্দোলন বাধাগ্রস্ত হয়, সেটি পুরোপুরি ঠিক নয়। আন্দোলনের বিভিন্ন ধাপ আছে। পর্যায় আছে। সব পর্যায়ে এক রকম থাকে না। মাঝে মাঝে মনে হয়- আমরা ব্যর্থ হচ্ছি। আসলে তা নয়। আমাদের আন্দোলনের সমর্থন বেড়েছে। দিন যতই এগুচ্ছে, জনসমর্থনও ততই বাড়ছে। আন্দোলনও বিভিন্ন পর্যায় অতিক্রম করে সফলতার দিকেই এগুচ্ছে।

বাংলা আউটলুক : এখন আন্দোলন কোন পর্যায়ে আছে?

নুরুল হক নুর : আন্দোলনের শুরুটা চিহ্নিত করা গেলেও, শেষটা ঠিক বলা যায় না। আর আন্দোলনের কৌশল আছে, সেটা প্রকাশ করা ঠিক নয়। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আগে তাদের বিভিন্ন আন্দোলনের কৌশল প্রকাশ পেয়ে যেত, সে কারণে বিএনপির অনেক আন্দোলন কিন্তু সফলতা পায়নি। এখন বিএনপিসহ আমরা যারা আন্দোলন করছি, আমাদের কৌশল কী হবে, বা কালকের আন্দোলন কর্মসূচি কী তা বিএনপির অনেক জাতীয় নেতাকেই জানানো হয় না। আমরা যারা শরিক, আমাদের অনেকেও জানেন না।

বাংলা আউটলুক : এর কারণ কি? নেতাদের মধ্যে কি তাহলে আস্থার সংকট আছে? 

নুরুল হক নুর : না। মোটেই না। পলিসি সবার জানার প্রয়োজন কী? পলিসি লেভেল আর বাস্তবায়ন লেভেল, এক না। ১০ দিন পরের প্ল্যান যদি গণহারে নেতা-কর্মীদের সাথে আলোচনা করা হয়, তবে চায়ের দোকান পর্যন্ত সেই খবর চলে যায়। সরকারও খবর পেয়ে যায়। সেই কর্মসূচি আটকে দেওয়ার জন্য কী করতে হবে সে কৌশল নির্ধারণে সরকারও সময় পেয়ে যায়। এবং সুকৌশলে সে কর্মসূচি আটকে দেয়ার জন্য সরকার নানান উইপন সেট করতে পারে। সুতরাং বর্তমানে কী কৌশলে আমাদের অসহযোগ আন্দোলন চলছে, বাস্তবায়নের কৌশল কী তা প্রকাশ না পেলেও আন্দোলন সফল ভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা সফল হবো এবারের আন্দোলন।

বাংলা আউটলুক : সাধারণ মানুষকে বিশেষ করে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, চাকরীজীবীদের যুক্ত করতে আপনাদের কোনো কার্যক্রম চলছে কি না? 

নুরুল হক নুর : সমাজের বিভিন্ন শ্রেণীকে যুক্ত করতে নানা ধরনের কাজ চলছে। আপনারা দেখেন এবারের এই আন্দোলনে বাম-ডান সবাই এক লাইনে আন্দোলন করছে। সবারই দাবি, এই ভোট ডাকাত, মানবাধিকার লঙ্ঘনকারী সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা তো বলছি না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি। নিরপেক্ষ এবং গ্রহযোগ্য একটি সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে যে জিতবে, সেই সরকার গঠন করুক। আমাদের আপত্তি নেই। আপনারা দেখেন, ডান এবং বামকে সাথে নিয়ে বড় দল হিসেবে বিএনপি নেতৃত্ব দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারো মধ্যে কিন্তু উল্লেখ করার মতো কোনো বিভেদ নেই। ক্ষমতা মুখ্য নয়।

বাংলা আউটলুক : চাইলে তো আপনাদের যুগপৎ ধারার আন্দোলন ছেড়ে যারা সরকারের আহবানে সাড়া দিয়ে নির্বাচনে গেছে, তাদের মতো নির্বাচনে যেতে পারতেন, গেলেন না কেন ?

নুরুল হক নুর : সরকারের ডাক পেয়েছি। গেলে ১০টি আসন পেতাম। ৫০ কোটি টাকাও পেতাম। আহবান ছিল, গোয়েন্দা সংস্থার চাপ ছিল। ভয় দেখিয়েছে। কিন্তু আমাকে আটকানোর মতো হাতিয়ার তাদের হাতে ছিল না। যদি বলেন, বিএনপির সাথে আন্দোলন করে কী পাবো? সেই হিসাব করার সময় এখন না। দেশের কথা, পরবর্তী প্রজন্মের কথা মাথায় নিয়েই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকেই বেছে নিয়েছি।

বাংলা আউটলুক : আন্দোলন সফল হবে বলে মনে করছেন? 

নুরুল হক নুর : আন্দোলন শেষ হয়ে যায়নি। আর ব্যর্থ হবো, এটাতো চিন্তাই করি না। আপনি বলেন কীসের ভোট চলছে, কীসের নির্বাচন চলছে? সাধারণ মানুষের যেখানে উৎসবমুখর হওয়ার কথা ছিল, সেখানে মানুষ ভয়ে মরছে। সবাই বলাবলি করছে, কী জানি কী হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে তরুণ প্রজন্মের রাজনীতিক হিসেবে এই মানবাধিকার লঙ্ঘনকারীর, ক্ষমতা লুটের সহযোগী হয়ে গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ শেষ করে দিতে চাই না। সফল হবোই। কোনো ভোটই হবে না। সাধারণ মানুষই রুখে দেবে শেখ হাসিনার সব অপকৌশল।

বাংলা আউটলুক : আপনাকে ধন্যবাদ।

নুরুল হক নুর : আপনাদেরও ধন্যবাদ। অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রায় থাকুক বাংলা আউটলুক। 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন