Logo
Logo
×

সাক্ষাৎকার

আমরাই বিরোধী দল হবো : তৈমুর

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

আমরাই বিরোধী দল হবো : তৈমুর

তৈমুর আলম খন্দকার

তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত থাকাবস্থায় গত ১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপির কাউন্সিলে যোগ দিয়ে দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি।

নির্বাচনী প্রচার-প্রচারণার পরিবেশ কেমন মনে হচ্ছে? এ প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সেদিন থেকে আমরাও প্রচার শুরু করেছি। মাঝে কিছু সমস্যা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর প্রচার-প্রচারণায় যে সমস্যা হচ্ছিল তা অনেকটা কেটে গেছে। এখন ভালো আছে পরিবেশ। আশা করছি ভয়ভীতি দেখানো, হুমকি-ধামকি কমে আসবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। আমি দলের পক্ষ থেকে শিগগিরই সিইসি’র সঙ্গে সাক্ষাত করবো।
নিবাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগের ২২ মন্ত্রী, এমপিকে শোকজ করেছে। যেখানে আচরণবিধি ভঙ্গ হচ্ছে সেখানে ব্যবস্থা নিচ্ছে।’


নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও গত শুক্রবার নিবাচনী প্রচারে গিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় আওয়ামী লীগের দুগ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আওয়ামী লীগের দুই গ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের পর থেকে মানুষ ভয়ে আছে। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকারি দলের লোকজন রাম দা ও দেশি-বিদেশি অস্ত্র নিয়ে যেভাবে নিজেদের মধ্যে খুনাখুনি, ধাওয়া-পালটা ধাওয়া ও রক্তপাত করেছে এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমি দেখি না।’
তার আগে গত মঙ্গলবার ঢাকায় তোপখানা রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে সারাদেশে দলের প্রার্থী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের সমর্থকরা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির স্বীকার হচ্ছে। কিছু কিছু ঘটনা যদি এখনি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।'
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আপনি সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণেই আছে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পেয়ে গত ১৮ ডিসেম্বর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি ভোটের দিনের দুই দিন আগ পর্যন্ত, অর্থাৎ ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এবারের নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে ১ হাজার ৮৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নির্দেশনা না মানলে অনধিক ছয় মাসের জেল (কারাদণ্ড) বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ড হতে পারে।
কোনো দল নির্দেশনাগুলো না মানলে অনধিক ৫০ টাকা জরিমানা দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা থেকে এসব তথ্য জানা গেছে।

 
তৈমুর আলমকে প্রশ্ন করা হলো, আগামীতে বিরোধী দল কারা হচ্ছে তা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এ অবস্থায় তৃণমূল বিএনপি কি বিরোধী দল হতে পারবে বলে মনে করেন?
তৈমুর বলেন, ‘সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল হতে জাতীয় পার্টি যা করছে তাতে মানুষ হাসছে। দলটির নেতারা জনগণের কাছে নিজেদের ঠাট্টা রসিকতার বস্তুতে পরিণত করেছেন। বিরোধী দল হতে সাধারণ মানুষের কাছে না গিয়ে ভোটারদের কাছে না গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগি করছেন। তাছাড়া খোদ দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু তার পোস্টারে যে ভাষা প্রয়োগ করেছেন তা জনগণের কাছে হাস্য রসের খোরাক হয়েছে। পোস্টারে তিনি লিখেছেন জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত। এসব করে তারা কীভাবে সংসদে বিরোধী দল হবে। সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আমরাই বিরোধী দল হবো বলে আশা করছি। আমাদের প্রতিদ্বন্দ্বী কাউকে দেখছি না। আল্লাহ চাইলে, জনগণ ভোট দিতে পারলে আমরাই সংসদে বিরোধী দলের ভুমিকা পালন করার ব্যাপারে আশাবাদী।’

 
তৈমুর আলম নারায়ণগঞ্জে বিএনপির নেতা ছিলেন। নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীদের দিক থেকে কেমন সাড়া পাচ্ছেন তিনি?
জবাবে তৈমুর বলেন, ‘আমি নারায়ণগঞ্জের সন্তান। সারাজীবন এলাকার জনগণের জন্য কাজ করেছি। যারাই সমস্যায় পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। নারায়ণগঞ্জবাসীর কাছে আমি পরীক্ষিত নেতা। এলাকায় বিএনপির যারা নেতা রয়েছেন তারা আমার সঙ্গে আছেন এবং নির্বাচন পর্যন্ত থাকবেন। তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। কেউ কেউ প্রকাশ্যে আসতে না পারলেও ভেতরে ভেতের আমাকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন এলাকার উন্নয়নের স্বার্থে।’


তৈমুরকে প্রশ্ন করা হয়, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। ভোটারদের উপস্থিতি নিয়ে নানা শঙ্কা  রয়েছে। এ অবস্থায় ভোটের দিন ভোটার উপস্থিতি কেমন থাকবে বলে মনে করেন?’
তৈমুর বলেন, ‘প্রচার-প্রচারণা সুষ্ঠুভাবে করা গেলে এবং ইসি ও প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আশা করছি ভোটাররা তাদের ভোট দিতে কেন্দ্রে যাবেন। ভোটার উপস্থিতি ভালোই হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যোগ নিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাছাড়া ভোট সুষ্ঠু করতে সেনাবাহিনী নামবে। সব মিলিয়ে আশা করছি সুষ্ঠু নির্বাচন হবে।’

 
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ৩০ নভেম্বর। আগেরদিন ২৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৩০ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন তৈমুর আলম খন্দকার। দল ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।
তৃণমূল বাংলাদেশ জাতীয় দল, যা সাধারণত তৃণমূল বিএনপি নামে সর্বাধিক পরিচিত, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এটি ২০১৫ সালে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। দলটি হুদা কর্তৃক প্রতিষ্ঠিত চতুর্থ এবং নির্বাচন কমিশন (ইসি) দ্বারা নিবন্ধিত তার দ্বিতীয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ছাড়ার পর হুদা প্রথমে বিএনএফ প্রতিষ্ঠা করেন; তবে পরে তাকেই বিএনএফ থেকে বহিষ্কার করা হয়। পর্যবেক্ষকরা মনে করেন, তৃণমূল বিএনপিকে ক্ষমতাসীন দল কৌশলগতভাবে ব্যবহার করছে। বিএনপি নির্বাচন বর্জন করায় এটিকে 'বিকল্প বিএনপি' হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে উদ্যোগ সফল হয়নি।

তৃণমূল বিএনপি অতীতে প্রকাশ্যে ক্ষমতাসীন মহাজোটে যোগ দেওয়ার চেষ্টা করেছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন