Logo
Logo
×

সাক্ষাৎকার

নির্বাচন হবে, কিন্তু গ্রহণযোগ্য হবে না

Icon

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

নির্বাচন হবে, কিন্তু গ্রহণযোগ্য হবে না

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ মনে করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি তামাশার নির্বাচন। বাংলা আউটলুকের 
জন্য সাক্ষাতকারটি নিয়েছেন সাঈদ খান ।

বাংলা আউটলুক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে?

রশিদ : এটি একটি তামাশার নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব দল এবং প্রার্থীই সরকারি দল মনোনীত। ১৪ দলের আলাদা অস্তিত্ব নেই, তারা কার্যত আওয়ামী লীগের মধ্যে দ্রবীভূত। তারা আওয়ামী লীগের বাইরে যেতে পারবে না। জাতীয় পার্টির ইতিহাসও বরাবরই আওয়ামী লীগের বি-টিমের মতো। ২০০৮, ২০১৪, বা ২০১৮ কোনোটাই নির্বাচন নয়। ২০০১-এর পর কোনো নির্বাচন হয়নি। ২০০৮ সালে মঈন উ আহমেদ শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য সব কিছুই করেছেন। ২০১৪ ও ২০১৮’র নির্বাচনকে কোনো প্যরামিটারেই নির্বাচন বলে মনে করার সুযোগ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো প্রকাশ্যে পাপেট শো চলছে। অংশগ্রহণকারী দল বা প্রার্থী সবাই নাচের পুতুল। এটির কোনো গ্রহণযোগ্যতা নেই।

বাংলা আউটলুক: কিন্তু অনেক দল তো নির্বাচনে অংশ নিচ্ছে, স্বতন্ত্র অনেক প্রার্থীও আছেন।

রশিদ : কই, আওয়ামী লীগ ছাড়া কেউই তো নির্বাচনে নেই। দেখা যাচ্ছে, অনেক প্রার্থী। কিন্তু এবারের নির্বাচনে নতুন একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সবাই ‘ডামি’ প্রার্থী। সেটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই ঘোষণা করে দিয়েছেন। যেখানে আওয়ামী লীগ আছে, সেখানে প্রাতিদ্বন্দ্বী হিসেবে রাখা হয়েছে আওয়ামী লীগেরই অপর এক বা একাধিক প্রার্থীকে। নৌকার বিরুদ্ধে লড়ছে আওয়ামী লীগ। এরা সবাই শেখ হাসিনা নিয়ন্ত্রিত। বাইরের কেউ নেই। তার সিদ্ধান্তের বাইরে কেউ যেতেও পারবে না। আর অন্যান্য যেসব দল দেখা যাচ্ছে, তাদের না আছে জনসমর্থন, না আছে সংগঠন। প্রধানমন্ত্রীর করুণা ও কৃপা নির্ভর হয়ে হয়তো দু’একটি আসনে তারা আওয়ামী লীগের ভোটারদের ভোটে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল নির্বাচনে না গেলে, সেটাকে অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলা যাবে না। আর জাতীয় পার্টির কিছু সংগঠন বা কর্মী-সমর্থক থাকলেও, শেখ হাসিনার বাইরে গিয়ে কিছু করার বা বলার সাহস বা সামর্থ্য তাদের নেই। সুতরাং এটা আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ সিলেকশন। নট ইলেকশন।

বাংলা আউটলুক: বিএনপির ২০ হাজার নেতা-কর্মীকে পরিকল্পনা করে আটক করা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের কথা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি কীভাবে মূল্যায়ন করবেন?

রশিদ : যদি বিএনপি ভেঙ্গে একটি অংশকে নির্বাচনে নিতে পারতো বা বিএনপি দলগত ভাবে হাসিনা সরকারের শর্ত মেনে নিয়ে নির্বাচনে যেত, তাহলে সবাইকে রিলিজ করে দিত। এটাই সঠিক। এর উদাহরণ হচ্ছেন, ব্যরিস্টার শাহজাহান ওমর।  কীভাবে তিনি নির্বাচনে এলেন? এক রাতেই সব মামলা মিথ্যে হয়ে গেল। বন্দুক রেখেছে জাতীয় পার্টির জিএম কাদেরের ওপর। আমি যতদূর জানি, জাপার নির্বাচনে যাওয়ার ইচ্ছে ছিল না। আনিসুল ইসলাম মাহমুদরা আগে থেকেই আওয়ামী লীগের কোর্টে গিয়ে পরিস্থিতি সৃষ্টি করে জিএম কাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করেছে বলে আমি জানি। আব্দুর রাজ্জাক সঠিক কথাই বলে দিয়েছেন।

বাংলা আউটলুক: কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেতাদের আটক করা হয়েছে আইনী প্রক্রিয়ায়। কোনো রাজনৈতিক বিবেচনা এখানে কাজ করেনি।

রশিদ : দেশে কোনো আইন আছে? অহরহ জামিন নামঞ্জুর করা হচ্ছে। জামিন হচ্ছে আসামীর অধিকার। আসামী যাতে পালিয়ে না যায়, বিচারের মুখোমুখি করার সময় যাতে কেউ পালিয়ে যেতে না পারে, সে জন্য আটক রাখার বিধান আছে। কিন্তু বিএনপির যেসব নেতাকে আটকে রাখা হয়েছে, জামিন দেওয়া হচ্ছে না, তাদের একজনও পালিয়ে যাওয়ার মতো নন। তারা যদি ট্রায়াল ফেস করার শর্তে জামিন চান, তাহলে তাদের কেন জামিন দেওয়া হবে না? এসব মামলায় জামিন দিতে জজ সাহেবদেরও প্রয়োজন নেই। থানার ওসি বা পুলিশই বন্ড রেখে জামিন দিতে পারে, আদালতে সারেন্ডার করে ট্রায়ালের মুখোমুখি হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দিয়ে। আমাদের ক্রিমিনাল প্রসিডিউরেই পরিষ্কার বলা আছে, যে অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ড হতে পারে তাদের ব্যতিরেকে সবাইকে জামিন দেওয়া যাবে। যদি আদালত জামিন না দেয়, বুঝতে হবে, এটা বিচারকের সিদ্ধান্ত নয়। ওপরের নির্দেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ এই লেভেলের নেতাদের জামিন না দেওয়ার সিদ্ধান্ত আসছে ওপর থেকে।

বাংলা আউটলুক : তাহলে বিচার বিভাগের স্বাধীনতার যে কথা বলা হচ্ছে, সেটি কি সঠিক নয়?

রশিদ : তাদের কোনো স্বাধীনতা নেই। আর তাদের স্বাধীনতার প্রয়োজনও হচ্ছে না। এখন যারা বিচার করছেন তারাও তো আওয়ামী লীগের পদধারী। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ এসবের সক্রিয় সদস্য ও কর্মী সবাই। গত ১৫ বছরে এটাই হয়েছে। এর পরও দুএকজন বিবেকবান আছেন, মাঝেমধ্যে তারা বিবেকের তাড়নায় অনেকের জামিন দিয়ে দেন। এজন্য অবশ্য তারা নানা ভাবে প্রশ্নের মুখেও পড়েন, অনেক বিচারক খুব গোপনে দুঃখ করে আমাদের বলেও ফেলেন। অসহায়ত্ব প্রকাশ করেন। যেসব মামলায় জজ সাহেবদের জুরিসডিকশন দেওয়া আছে প্রধান বিচারপতির পক্ষ থেকে, অনেক সময় তারা সেই মামলাও শোনেন না বা জামিন আবেদনের শুনানি করেন না। যদিও আইনেই বলা আছে, তারা এটা শুনতে এবং জামিন দিতে বাধ্য। তারপরও শোনেন না, জামিন দেন না।

বাংলা আউটলুক: জনগণের করণীয় কী?

রশিদ : জনগণের কখনোই কিছু করার ছিলও না, এখনো নেই। আন্দোলন বেগবান করে রাজনৈতিক দলগুলো। সব রাজনৈতিক দলগুলো এখন একদিকে আছে। এখন এটাকে পরিণতির দিকে আমাদের নিতেই হবে। না হলে দেশটা শেষ হয়ে যাবে।

বাংলা আউটলুক: আপনি কি মনে করেন নির্বাচন অনুষ্ঠিত হবে?

রশিদ: নির্বাচন হবে। কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার কারণ, কোনো ধরনের প্যরামিটারে এটা টিকতে পারে না। পজিশন-অপজিশন সবই ভুয়া। এরা সবাই একই দলভুক্ত। যদি অপজিশন বলতে হয়, সেটা হলো বিএনপি। জামায়াতও বিরোধী দল। চরমোনাইও বিরোধী দল। বাকি যদি ২ হাজার দলও থাকে, সবই ভুয়া।

বাংলা আউটলুক: পরিণতি কোথায় গিয়ে শেষ হবে?

রশিদ : ৫২ বছরেও আমাদের দেশের কোনো অগ্রগতি হয়নি। যত উন্নয়ন দেখবেন, ততই দুর্নীতি দেখতে পাবেন। কিন্তু অগ্রগতি বলতে যা বোঝায় মানুষের উন্নয়ন, জীবনমানের উন্নয়ন- তা হয়নি। বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। নেমে পড়তে হবে। যারা আর্মিতে আছেন, পুলিশে আছেন, আমলা আছেন, সাধারণ মানুষ আছেন- সবাই দেশের নাগরিক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়তে হবে। দুর্নীতিতে যাদের নীতি-নৈতিকতা চাপা পড়ে গেছে, তাদেরও বুঝতে হবে। এই দেশটা সবার। আমরা মুক্ত হবোই। এই পরিস্থিতি অবশ্যই কেটে যাবে।

বাংলা আউটলুক : আপনাকে ধন্যবাদ।

রশিদ : বাংলা আউটলুককেও ধন্যবাদ। বেশি বেশি অন্যায়ের বিরুদ্ধে লিখুন। মানুষের কথা প্রকাশ ও প্রচার করুন। সবাই মিলে সুন্দর দেশ গঠনে বাংলা আউটলুক ভূমিকা রাখুক, এই প্রত্যাশা। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন