Logo
Logo
×

সাক্ষাৎকার

প্লট বরাদ্দের মতো আসন বণ্টন হয়েছে

Icon

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

প্লট বরাদ্দের মতো আসন বণ্টন হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক। তার সাহসী ভূমিকা বিরোধী শিবিরে ব্যাপকভাবে প্রশংসিত। সমকালীন নানা বিষয়ে তিনি কথা বলেছেন বাংলা আউটলুকের সঙ্গে।

 

বাংলা আউটলুক : সংসদ নির্বাচনে মন্ত্রী-এমপিরা যে হলফনামা দিয়েছেন তা দেখে মানুষ মনে করছে দেশে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। নির্বাচনে পদপ্রার্থীরা মিথ্যা তথ্য দিয়েছেন। যদিও আইনে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড। সে হিসেবে তাদের প্রার্থীতা বাতিল হওয়ার পাশাপাশি তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে কী বলবেন?
সাইফুল হক : সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা যে হলফনামা দিয়েছেন তার কিছু অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে মানুষ মনে করছে দেশে বুঝি শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী হলফনামায় তার ১০০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন মাত্র এক লাখ টাকা। এ হিসাবে তার কাছে গচ্ছিত প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে এক হাজার টাকা, কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত ২২ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ২১ হাজার টাকা। প্রতিভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৯৫৫ টাকা। এটা কি পাগলেও বিশ্বাস করবে?
অথচ দেশে প্রচলিত আইন অনুযায়ী, হলফনামা এক ধরনের লিখিত শপথ। এখানে মিথ্যা তথ্য দেওয়া ফৌজদারি ও নির্বাচনী আইনে শাস্তিযোগ্য অপরাধ। ফৌজদারি আইনে এর শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং নির্বাচনী আইনে প্রার্থিতা বাতিল পর্যন্ত হতে পারে। কিন্তু ইসি কি তা করবে? আজ দেশে সরকারি দলের জন্য এক আইন এবং সরকারবিরাধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের জন্য আরেক আইন।

বাংলা আউটলুক : সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল কারা হবে ?
সাইফুল হক : সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভবনে যেভাবে আসন ভাগাভাগি হয়েছে তাতে সরকার কোন দলকে বিরোধী দল বানাবে তা স্পষ্ট হয়েছে। রাজউকের প্লট বরাদ্দের মতো আসন বণ্টন হয়েছে। মনে হচ্ছে কাউকে কাউকে ওমুক ওমুক এলাকার জমিদারি দেওয়া হচ্ছে। এবার দেখা গেছে বিরোধী দল কারা হবে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নির্ধারণ করে দিচ্ছেন। আসন ভাগাভাগি নিয়ে এবার প্রকাশ্যে যে কার্যক্রম চলেছে তা হাস্যকর, তামাশার ও উদ্ভট। রাজনৈতিক নীতি-নৈতিকতা বিবর্জিতভাবে কাজ করেছে সরকার। গণতন্ত্রের দাফন সম্পন্ন করে ফেলেছে। ডাকাতরা যেভাবে লুটের মাল ভাগ করে, লুটের মাল ভাগাভাগি নিয়ে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়, রাগ-অভিমান তৈরি হয় এবার সেটা হয়েছে। নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করেছে। লাজ-লজ্জার মাথা খেয়ে সব অপকর্ম করেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম কাদের) বিগত দিনগুলোতে কি বক্তৃতা-বিবৃতি দিয়েছেন। জনগণের পক্ষে কথা বলেছেন। হঠাৎ করে তিনি গণেশ উল্টে দিলেন। সরকারের সঙ্গে চলে গেলেন। জনগণের কাছে রাজনীতিবিদদের দায়বদ্ধ থাকা উচিত। নীতি-নৈতিকতা, মূল্যবোধ সব খুইয়ে তিনি নির্বাচনে চলে গেলেন।  

বাংলা আউটলুক : সরকার পিঠা ভাগাভাগির মতোন আসন বণ্টন করছে। একতরফা নির্বাচনের পথে হাঁটছে। আপনারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যে আন্দোলন করছেন তাতে কি কোনো কাজ হবে? চলমান আন্দোলনে ফল আসবে বলে তো মানুষ মনে করছে না।
সাইফুল হক : আন্দোলন একটা চলমান প্রক্রিয়া। চলমান আন্দোলন আমরা পর্যালোচনা করছি। সামনের দিনগুলোতে কর্মসূচির পরিবর্তন আসবে। বিশেষ করে, সংসদ নির্বাচনের নামে কী হতে যাচ্ছে তা জনগণ দেখতে পাচ্ছে। তাই জনগণের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেন ভোট বর্জন করেন। ভোটের দিন ভোট দিতে না যান। এ জন্য আমরা গণসংযোগ কর্মসূচি পালন করবো। ভোটাররা যাতে ভোট দিতে না যায় সে আহবান জানাবো। ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে সে ভোট গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশে আন্দোলন-সংগ্রাম নিয়ে মানুষের মাঝে মনস্তাত্ত্বিক সমস্যা রয়েছে। আমরা সভা-সমাবেশ করছি, লাখ লাখ মানুষ তাতে অংশ নিচ্ছে কিন্তু এটাকে অনেকে আন্দোলন মনে করছে না। জ্বালাও-পোড়াও দেশ অচল করে দেওয়ার কর্মসূচিকে তারা আন্দোলন মনে করে। কিন্তু দেশ ধ্বংস করে তো আন্দোলন করা যাবে না। দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো তো এসব কর্মসূচি পালন করবে না।
তাছাড়া বাংলাদেশে এখন সরকার, সরকারি দল ও রাষ্ট্র সব একাকার হয়ে গেছে। ফ্যাসিবাদের শাসন চলছে। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছায় সব চলছে। এ অবস্থায় জনগণের ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানান সমস্যায় মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে তা কাজে লাগিয়ে আমরা রাজপথে গণবিস্ফোরণ ঘটাতে চাই।

বাংলা আউটলুক : নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর দায় বিরোধী দলগুলোর ওপর চাপাচ্ছে সরকার। এ বিষয়ে আপনি কী বলবেন?
সাইফুল হক : আমরা এ ধরনের ঘটনার নিন্দা জানাই। প্রতিবাদ জানাই। মনে করি, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। যেহেতু আমরা আন্দোলন-সংগ্রাম করছি, পরোক্ষভাবে দায়ভার আমাদের ওপর চলে আসে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, বেশিরভাগ ঘটনার সঙ্গে সরকার জড়িত। মানে সরকারের লোকজন এসব ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপায়। দেশে যেকোনো নাশকতা ঘটলে তার দায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দেয়। তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের দায় বিএনপিসহ আমরা যারা রাজপথে আন্দোলন করছি আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। সরকার বিগত ২৮ অক্টোবর থেকে দেশে যেসব নাশকতা ঘটেছে তার দায় বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর চাপিয়ে দিয়েছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু, স্বাধীন, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত চাই। ব্লেম গেম দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাক, আমরা চাই না। তাছাড়া সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়ে দেওয়া হয় তখন যারা তদন্তে থাকে তাদের সরকারের বক্তব্য অনুযায়ী কাজ করতে হয়।

বাংলা আউটলুক : সাধারণ জনগণের উদ্দেশ্যে কোনো আহবান রাখবেন কি?
সাইফুল হক : অবশ্যই। সাধারণ জনগণের জন্যই তো আমরা আন্দোলন করছি। দেশের জনগণ আজ ভোটাধিকার বঞ্চিত। বিগত দিনে বাংলাদেশে নির্বাচনের দিন উৎসবে পরিণত হতো। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর থেকে গত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে দুই কোটি ২৫ লাখের বেশি। এই সময়ের মধ্যে যারা ভোটার হয়েছেন, তাদের অধিকাংশের বয়স এখন ১৮-২৮ বছর। এই ভোটাররা গত দুইটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনেও ভোট দিতে পারবে না। তাই তারা যাতে ভোট দিতে পারে সে জন্য আমরা আন্দোলন করছি। আশা করছি, এই তরুণ প্রজন্ম আমাদের আন্দোলনে যুক্ত হবে।

বাংলা আউটলুক : এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। মুক্তিযুদ্ধের সময়ে অসহযোগ হয়েছে। স্বাধীন দেশে মানুষ এখন বিভক্ত। এ অবস্থায় অসহযোগ কতোটা কার্যকর হবে?
সাইফুল হক : দেখেন, মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বিভক্ত হতে পারে। কিন্তু দেশে এখন ভোটের নামে যা হয় তাতে মানুষ ভোট দিতে পারে না। বিশেষ করে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যান না। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে আঘাত করছে। সুশাসনের অভাবে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে দেশের প্রশাসন, আইন-শৃঙ্ক্ষলা বাহিনী, বিচার বিভাগসহ সরকারের সকল প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাভবান হচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষ। তাই সারাদেশের নির্যাতিত-নিপীড়িত জনগণের পক্ষেই যেহেতু আমাদের আন্দোলন তাই সবার প্রতি আমাদের আহবান, আসুন লড়াই করে নিজের অধিকার ফিরিয়ে আনি।

বাংলা আউটলুক: আপনাকে বাংলা আউটলুকের পক্ষ থেকে ধন্যবাদ।
সাইফুল হক: বাংলা আউটলুককেও ধন্যবাদ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন