Logo
Logo
×

সাক্ষাৎকার

বুদ্ধিজীবীরা শাসক শ্রেণির নির্লজ্জ গোলামি করছে: নূরুল কবীর

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ পিএম

বুদ্ধিজীবীরা শাসক শ্রেণির নির্লজ্জ গোলামি করছে: নূরুল কবীর

ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। সাহসী সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তির জন্য তিনি পরিচিত। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের দীর্ঘ সংগ্রামে তিনি লিপ্ত। পাশাপাশি গবেষণাধর্মী বইও লিখছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে স্পষ্টভাষী এ সাংবাদিকের সঙ্গে কথা হয় বাংলা আউটলুকের

 

বুদ্ধিজীবী হিসেবে কাদের মনে করেন?

নূরুল কবীর: চিন্তাশীল মানুষকেই বুদ্ধিজীবী বলে। চিন্তার গভীরতা বা বিশ্লেষণী ক্ষমতা কম-বেশি কিংবা বিপরীত দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু যারা চিন্তা করতে পারে ও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করতে পারে, তাদের বুদ্ধিজীবী ধরা যায়। প্রত্যেক ব্যক্তি সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি নিয়ে নিজস্ব চিন্তাভাবনা, অবস্থান ব্যক্ত করে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবীর বিভিন্ন দেশ, ঘটনা নিয়েও বুদ্ধিবৃত্তিক ভাবনা প্রকাশ করে, যা তার নিজস্ব পরিবার, সমাজ ও দেশে প্রভাব বিস্তার করে। অর্থাৎ সমাজের প্রত্যেক ব্যক্তিই বুদ্ধিজীবী। তবে বর্তমানে বুদ্ধিজীবী প্রত্যয়টি একটি বিদ্রূপাত্মক প্রপঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ মনে করে বুদ্ধিজীবী মানেই শিক্ষিত সুবিধাবাদী, মেরুদণ্ডহীন ব্যক্তি।

বুদ্ধিজীবী প্রত্যয়টি বিদ্রূপাত্মক কেন হলো?

নূরুল কবীর: এখানে বুদ্ধিজীবীরা ভয়, লোভ ও আলস্যের কারণে মানবীয় মর্যাদা বোধহীন। তারা মনে করেন, তাদের চিন্তা ও তৎপরতা দেশ ও জনগণের স্বার্থে নিবেদিত। কিন্তু তাদের অধিকাংশের চৈতন্য দ্বিদলীয় বৃত্তে আবর্তিত। বুদ্ধিজীবিতার মূল ধারাটি স্বাধীন ও নিরপেক্ষ নয়। তাদের মগজ এ-দল কিংবা ও-দলে বন্ধক দেওয়া। ফলে তারা শাসকশ্রেণির কোনো না কোনো শক্তিমান রাজনৈতিক শিবিরের নিরাপদ ছায়ায় জীবনযাপন করেন। জনসাধারণের দুর্দশা দুর্ভোগ, কষ্টে নিশ্চুপ থাকেন। অথচ নিজ দলের সংকটে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য গণমাধ্যমে সত্য-অসত্য তথ্য হাজির করেন। নিজ রাজনৈতিক শিবির বা দল ক্ষমতায় আসলে নানাবিধ বস্তুগত সুবিধা ভোগ করেন। এই বুদ্ধিজীবিতা দেশ, জনসাধারণ ও রাজনীতির জন্য বিপজ্জনক। ফলে লোভার্ত ও নতজানু বুদ্ধিজীবীদের প্রতি রাজনীতি সচেতন মানুষ শ্রদ্ধাবান নন।

বুদ্ধিজীবীদের ভূমিকা আসলে কী?

নূরুল কবীর: বুদ্ধিজীবীদের দায়িত্ব বিদ্যমান শাসকশ্রেণির শোষণ- নিপীড়নমূলক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের স্বার্থ, কল্যাণ ও  সার্বভৌম শক্তির জন্য বুদ্ধিবৃত্তিক তৎপরতায় নিয়োজিত হওয়া। বিদ্যমান অসংগত অবস্থা থেকে জনগণের মুক্তির জন্য শাসক শ্রেণির নিপীড়নমূলক অগণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করা অপরিহার্য। শোষণ-নিপীড়নের শিকার বিশাল জনগোষ্ঠীকে তাদের আপন স্বার্থে এক রাজনৈতিক শিবিরে সংঘবদ্ধ করে দেশে সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও সমতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য জনকল্যাণমুখী বুদ্ধিবৃত্তিক সংগ্রাম করে যাওয়া।

সাধারণ মানুষের যে কোনো সংকটে বুদ্ধিজীবীদের অবশ্যই উচিত তাদের পাশে দাঁড়ানো। কারণ, সাধারণ স্কুল-কলেজ, চিকিৎসা, প্রকৌশল, কৃষি প্রভৃতি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার খরচ বহনে যে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হয়, তা সাধারণ মানুষের করের টাকাতেই জোগান হয়, যা পিতামাতার দেওয়া খরচের চেয়ে অনেক বেশি। শিক্ষাজীবন শেষে পিতামাতার নানাবিধ সংকটে পাশে দাঁড়ানো যেমন নৈতিক কর্তব্য, তেমনি শাসক শ্রেণির শোষণের ফলে জনজীবনে সৃষ্ট নানা সংকটে জনতার পাশে দাঁড়ানোও জনতার অর্থে তৈরি শিক্ষিত বুদ্ধিজীবীদের নৈতিক কর্তব্য। এই কর্তব্যে অবহেলা হলে ইতিহাস বুদ্ধিজীবিতাকে শেষ পর্যন্ত ক্ষমা করে না।

আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা চিত্রায়ণে বুদ্ধিজীবীদের ভূমিকাকে কীভাবে দেখেন?

নূরুল কবীর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল এবং তাদের  দলবাজ বুদ্ধিজীবীরা বিচ্ছিন্ন সংগ্রাম হিসেবে ব্যাখ্যা করে থাকেন। আওয়ামী লীগের কথা শুনলে মনে হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে ১৯৭১ সালের ৭ মার্চ: আবার জাতীয়তাবাদী দলের কথা শুনলে মনে হয়, ৭১ সালের ২৬ মার্চ। দুটোর একটাও সত্য নয়। পৃথিবীর যে কোনো জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রাম ধীরে ধীরে, তিলে তিলে গড়ে ওঠে। আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দলওয়ালারা যে কথাই বলুক না কেন, বাস্তব সত্য হলো ১৯৭১ সাল ছিল রাজনৈতিকভাবে বাংলাদেশের আন্দোলনের চূড়ান্ত পর্যায়। আধুনিক বাংলাদেশ আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৪৮ সালে। যে পাকিস্তান তৈরি করার জন্য পূর্ববাংলার মানুষ সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, সেই মানুষই ১৯৪৮ সালে জিন্নাহ ও তার মুসলিম লীগের বিরুদ্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য পূর্ববাংলায় আন্দোলন গড়ে তুলেছিল। ১৯৪৯ সালে মওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সভায় বলেছিলেন, পশ্চিম পাকিস্তানের গোলামি করার জন্য পূর্ব পাকিস্তান স্বাধীন হয়নি। অর্থাৎ সেই সময় থেকে বাঙালির স্বাধিকার অর্জনের আন্দোলন শুরু হয়, যার চূড়ান্ত রাজনৈতিক পরিণতি ১৯৭১ সালের মার্চ৷ অথচ পুরো স্বাধীনতাযুদ্ধকে সংকীর্ণ দলীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ ও তাদের বুদ্ধিজীবীরা৷

আমাদের স্বাধীনতায় ভারত সরকার সহযোগিতা করেছিল নিজের ভূ-রাজনৈতিক কৌশলগত  প্রয়োজনেই। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাতে আমাদের সুবিধা হয়েছিল। স্বাধীনতা রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেই দেশ স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বাধীন দেশে সাধারণ মানুষ, গরিবরা শোষিত ও নিপীড়িত। শাসক শ্রেণির রাজনৈতিক ছায়াতলে একটা বিত্তবান সুবিধাভোগী গোষ্ঠী গড়ে উঠেছে, যারা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। একটা গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের ওপর নির্ভর করছে সাধারণ মানুষের স্বাধীনতার সুফল।

আমাদের জাতীয় সংকটে বুদ্ধিজীবীদের ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করেন?

নূরুল কবীর : আমাদের দেশের 'বুদ্ধিজীবী' হিসেবে যারা পরিচিত, তাদের অধিকাংশই দেশের সংকটকালে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে না বরং তারা নিজেরাই সামষ্টিকভাবে এক 'জাতীয় সংকট'। অনেকগুলো জাতীয় সংকট তৈরি ও জিইয়ে রাখার বুদ্ধিবৃত্তিক ভূমিকা বিদ্যমান। 

জাতিরাষ্ট্র ও সংবিধান দলীয়করণ নিয়ে আলাপ অনেক সময় সাপেক্ষ। তবে নির্বাচনী ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বুদ্ধিজীবিতার নির্লজ্জ উদাহরণ। ১৯৯০ সালে ছাত্র-গণআন্দোলনের মুখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি এসে বন্ধ করতে চাইল, আওয়ামী লীগের আন্দোলনে তত্ত্বাবধায়ক সংবিধানে যুক্ত হলো। তখন বিএনপির বুদ্ধিজীবীরা তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু  ২০১১ সালে এসে সেই আওয়ামী লীগই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করল এবং তাদের দলীয় বুদ্ধিজীবীরা এটাকে অসাংবিধানিক বলছে, অথচ তারাই ১৯৯৬ সালে এর পক্ষে লিখেছিল।

নির্বাচন নিয়ে সবচেয়ে দুঃখজনক হলো, ইয়াহিয়ার সামরিক জান্তা সরকারের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন ছিল না। স্বাধীনতার ৫২ বছরেও বাঙালি শাসকশ্রেণি ইয়াহিয়া সরকারের মতো একটি নির্বাচন করতে পারে না, যা স্বাধীনতাযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধার প্রতি অবমাননা ও অবিচার। লীগপন্থী বুদ্ধিজীবীরা যাদের অনেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারাও ভোটাধিকার ছিনতাইকারী সরকার ও দলের পক্ষে সাফাই পেয়ে চলছেন। প্রশ্ন তুলছেন ‌লীগ ছাড়া বিকল্প কই।

এ ছাড়া সরকারি বুদ্ধিজীবীরা প্রচার করে বেড়াচ্ছেন যে, বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু সচেতন মানুষ জানে উন্নয়নের বন্যায় দেশের ভবিষ্যৎই ভেসে গেছে। একটি দেশের উন্নয়ন বলতে সে দেশের পুরো জনগোষ্ঠীর আয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদির সুষম উন্নয়ন বোঝায়- সরকারি দলের সংশ্লিষ্ট জনগণের আঙুল ফুলে কলাগাছ হওয়া বোঝায় না। জাতীয় সংকটের সময়ে এভাবে আমাদের দলীয় বুদ্ধিজীবীরা বৃহত্তর জনগণের বিপক্ষে গিয়ে শাসকশ্রেণির নির্লজ্জ গোলামি করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন