ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ও দলটির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ছিলেন তিনি। এ ছাড়া তিনি অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে উচ্চশিক্ষার জন্য যান ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে (যুক্তরাজ্য)। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তরুণ রাজনীতিক হিসেবে তিনি জনপ্রিয়।
প্রশ্ন: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা চালিয়ে ভণ্ডুল করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে এরপর আর রাজপথে দেখা যায়নি বিএনপিকে। এর মধ্যে তফসিলও ঘোষণা হয়েছে। পাশাপাশি বিএনপিও হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে। তবে এসব কর্মসূচিতে প্রত্যাশা অনুযায়ী দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে না। এ অবস্থায় চলমান আন্দোলনে সফলতা পাওয়ার বিষয়ে কতোটা আশাবাদী আপনি?
ইশরাক হোসেন : আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করছি। আমরা আন্দোলনের চিত্র নিয়মিত মনিটরিং করছি। মনিটরিংয়ের রিপোর্ট অনুযায়ী, আমাদের আন্দোলন অনেকটা সফল বলে মনে করছি। হরতাল-অবরোধে নিয়মিত নেতাকর্মীরা রাজপথে নামছেন। নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। অবরোধে আন্তঃজেলা বাস চলাচল খুব কম হচ্ছে। পণ্য পরিবহন কম হচ্ছে। কার্যত অবরোধ অনেকাংশে সফল। বিএনপি ক্যাডারভিত্তিক সংগঠন নয়। জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে জনগণের অংশগ্রহণে কর্মসূচি সফল হচ্ছে।
রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগকে মোকাবেলা করতে চাই। কিন্তু আমরা তো আওয়ামী লীগকে পাচ্ছি না। ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। আমরা রাজপথে নামলে আমাদের মোকাবেলা করতে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কথায় কথায় গুলি ও টিয়ারশেল ছোড়ে। রাস্তা থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের শেষ আশ্রয়স্থল আদালত। কিন্তু সেই আদালত এখন চলছে সরকারের নির্দেশে। আদালত গুম হওয়া, মৃত ব্যক্তি, ঘটনার সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই কিংবা ঘটনার সময় বিদেশে অবস্থানকারী নেতাকর্মীদের সাজা দিয়ে দিচ্ছে।
রাজনৈতিক কর্মী হিসেবে রাজপথে মিছিল, সমাবেশ করা আমাদের অধিকার। কর্মসূচিতে শান্তিশৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। নেতাকর্মীরা মিছিল করতে নামলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দিচ্ছে। এরপরও নেতাকর্মীরা ঝুঁকি নিয়ে রাজপথে নামছেন।
প্রশ্ন : আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের দিন মানববন্ধন কর্মসূচি রয়েছে বিএনপির। এ ধরনের আর কী কর্মসূচি আসতে পারে সামনে?
ইশরাক হোসেন : হরতাল-অবরোধের পর বিকল্প কর্মসূচির চিন্তাভাবনা রয়েছে। আলাপ-আলোচনা চলছে। দলের হাইকমান্ড পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা আন্ডারগ্রাউন্ড পার্টি নই। আত্মগোপনে থেকে কর্মসূচি পালন করে গ্রেফতার এড়াতে আবার আত্মগোপনে যাব-এটা বেশিদিন চলবে না। প্রকাশ্যে যাতে আসতে পারি তেমন কর্মসূচি নিয়ে আলোচনা রয়েছে বলে শুনেছি। এসব কর্মসূচির মধ্যে ঘেরাও এবং অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি রয়েছে। যথাসময়ে যথাযথ কর্মসূচি দেওয়া হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত এবারের আন্দোলন থামবে না। একের পর এক কর্মসূচি আসতে থাকবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান হচ্ছে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।
প্রশ্ন : আপনি তো বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন সদস্য। রাশিয়া, চীন ও ভারত সরকারের পক্ষে আছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ অবস্থায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যরা কীভাবে আপনাদের সহযোগিতা করবে।
ইশরাক হোসেন : আমি পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন জুনিয়র সদস্য। আমরা কারো সহযোগিতায় ক্ষমতায় যেতে চাই না। আমরা জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে জনগণের সমর্থন নিয়ে তাদের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় যেতে চাই। অতীতে জনগণ যখনই ভোট দেওয়ার অধিকার পেয়েছে মানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ আমাদের ক্ষমতায় পাঠিয়েছে। আমরা গণতান্ত্রিক বিশ্বের কাছে বলেছি, দেশের জনগণ তাদের ভোটাধিকার, মানবাধিকারসহ সব ধরনের সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত। জনগণ বিগত দুটি নির্বাচনে ভোট দিতে পারেনি। জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সে বিষয়ে সহযোগিতা চেয়েছি। গণতান্ত্রিক বিশ্ব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাছাড়া যারা এখন সরকারের পক্ষে আছে তারা দেশের জনগণের বিরুদ্ধে যাবে না বলে আমাদের বিশ্বাস রয়েছে।
আমি মনে করি, প্রতিবেশী দেশ ভারতও জনগণের বিরুদ্ধে যাবে না। কারণ ভারত বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ। তা ছাড়া ভারত যেসব বিষয়ে কনসার্ন আমরাও সে সব বিষয়ে কনসার্ন। বাংলাদেশের মার্টি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের ক্ষতি করতে পারে, এমন সুযোগ আমরা কাউকে দেব না। রাষ্ট্রীয় কাঠামো মেরামতে আমরা যে ৩১ দফা জনগণের সামনে পেশ করেছি তাতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
সরকার দেশে জনগণের ওপর যে জুলুম-নির্যাতন করছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন, গুম করছে তার তথ্য-উপাত্ত ঢাকার বিভিন্ন দূতাবাস তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ করছে। সরকার তাদের নজরদারির কারণে আগের মতো গুম করতে পারছে না। তবে এখন ভিন্ন আঙ্গিকে গুপ্ত হত্যা চালাচ্ছে।
প্রশ্ন : বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে না। সরকার পতনের আন্দোলনে রয়েছে। এ অবস্থায় দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একেএম একরামুজ্জামান সুখনসহ বিএনপি দলীয় সাবেক কয়েকজন সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?
ইশরাক : আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ভাঙার চেষ্টা করছে। এবার সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচনে না গেলে দলের নেতাদের ভাগিয়ে নির্বাচনে নেওয়ার পরিকল্পনা আগেই করেছিল। তার অংশ হিসেবে গত ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাদের যৌথ পরিকল্পনায় ভণ্ডুল করে দেওয়া হয়। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতা নিজেরা করে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হয়। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সারাদেশে অসংখ্য নেতাকে গ্রেফতার করা হয়। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী দলের নেতাদের না পেয়ে তাদের স্বজনদের গ্রেফতার করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, এভাবে কাউকে ভয়-ভীতি, কাউকে প্রলোভন দেখিয়ে নির্বাচনে নেওয়ার। বিষয়টি আমাদের দলের জ্যেষ্ঠ নেতারা আঁচ করতে পারেন আগেই। যে কারণে নেতাদের আত্মগোপনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা মেনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত নেতারা আত্মগোপনে চলে যান। সরকার আমাদের দলের পাল্টা কৌশলে ব্যর্থ হয়।
তা ছাড়া সরকারের প্রলোভনে যারা নির্বাচনে গেছেন তাদের সংখ্যা উল্লেখ করার মতো নয়। বেশিরভাগ বহিষ্কৃত, নয় তো দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। তাছাড়া সাবেক যেসব সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আমি নিজেই চিনি না। তরুণ প্রজন্ম তাদের চেনে বলে মনে হয় না। জনগণের আন্দোলন ছেড়ে যারা নির্বাচনে গেছেন, তারা ইতিমধ্যে জনগণের কাছে ধিকৃত হচ্ছেন। তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। যারা দল ছেড়ে গেছেন, তাদের অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রাখার দরকার ছিল। কারণ অতীতে যারা বিএনপি কিংবা আওয়ামী লীগ ছেড়ে গেছেন, তারা কেউ রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে পারেননি। এমনকি তাদের কেউ কেউ আর এমপিও হতে পারেননি।
