দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন কেলেঙ্কারি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এ মামলায় ইডির হাতে এরই মধ্যে আটক হয়েছেন রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। এই মামলার তদন্তে গিয়ে সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি কর্মকর্তারা।
আগামী ৫ জুন ঋতুপর্ণাকে যেতে হবে ইডির দপ্তরে। কী জিজ্ঞেস করা হবে তাকে আর কী জবাব দেনে তিনি তাই নিয়ে তার ভক্তরা আছেন উৎকণ্ঠায়।
মামলার বিষয়ে ঋতুপর্ণা কলকাতার গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণাই নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি এখনও।’
তবে অভিনেত্রী বলেছেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল।’ তিনি তার সংগ্রামের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, ‘আমি একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন কিছু বলে দেওয়া কিন্তু অন্যায়!’
ঋতুপর্ণা বলছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে তলব করেছিল।

