Logo
Logo
×

বিনোদন

শাকিব-বুবলীর কোয়ালিটি টাইম নিয়ে তীব্র প্রতিক্রিয়া অপু বিশ্বাসের

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পিএম

শাকিব-বুবলীর কোয়ালিটি টাইম নিয়ে তীব্র প্রতিক্রিয়া অপু বিশ্বাসের

নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে কাদা–ছোড়াছুড়ি এখন নিত্যদিনের ঘটনা। এবারের ঘটনা শুরু শবনম বুবলীর বেশ কয়েকটি সাক্ষাৎকার ঘিরে। সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে বুবলী বলেছেন, তিনি এখনো শাকিব খানের স্ত্রী। তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। সন্তান বীরের কথা ভেবে সময় নিচ্ছেন শাকিব ও বুবলী।

সাক্ষাতকারে বুবলী বলেন, শাকিবের বাসায় বীরকে নিয়ে তিনি কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন। এসময় সেখানে যান অপু বিশ্বাস ও ছেলে জয়। বুবলীর এমন মন্তব্য শুনে বেশ চটেছেন অপু।

ক্ষুব্ধ অপু একটি দৈনিক পত্রিকায় সাক্ষাতকার দিয়ে বলেন, ‘এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই। সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। সেদিন প্রথম রমজানে আমার শ্বশুর-শাশুড়ি, ননদ এবং শাকিবের সঙ্গে আমাদের ইফতার করার কথা ছিল। শাকিব বাসায় ছিলেন না, ছিলেন তার অফিসে। সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে শাকিব আমাকে জানায়। আমি ৩০-৪০ মিনিট পর শাকিবের বাসা থেকে খাবার নিয়ে তার অফিসের দিকে যাই। তখন বুঝতে পারি বীর তার বাবার কাছে এসেছে। কারণ, দরজা খুলতেই দেখি বুবলীর মেকআপম্যান, কেয়ারটেকারকে। যে বীরকে দেখাশোনা করে। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল। কিন্তু এটাকেই ভিন্নভাবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।’

অপু আরও বলেন, ‘ভেতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছে বীর। আর একটি চেয়ারে বসে আছেন তিনি (বুবলী)। শাকিব ঘুমিয়ে আছেন। অফিসে তখন শাকিবের দুজন ব্যক্তিগত সহকারীও ছিলেন। এরপরও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন, না অন্যকে ছোট করার চেষ্টা করছেন, সেটাও আমি জানি না। ’

‘বীরের উপস্থিতিতে তাঁর এই বারবার কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। তিনি কীভাবে বলতে পারেন? বীর তাদের স্পেস দেয়। কি অদ্ভুত! সেই ছোট্ট বাচ্চা কীভাবে বুঝে নেয় তার বাবা-মা একসঙ্গে সময় কাটাচ্ছে? আমি শুধু এটুকুই বলব, আল্লাহ যেন উনাকে হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে।’

এখন দেখা যাক, অপু বিশ্বাসের এই মন্তব্যে কী প্রতিক্রিয়া দেখান শবনম বুবলী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন