Logo
Logo
×

বিনোদন

সালমানের বাড়িতে হামলাকারী গ্রেপ্তার, সিনেমা স্টাইলে এগুচ্ছে ঘটনা

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৮ এএম

সালমানের বাড়িতে হামলাকারী গ্রেপ্তার, সিনেমা স্টাইলে এগুচ্ছে ঘটনা

নিজের বাড়িতে বন্দুক হামলা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছেন ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। গত রবিবার সালমানের মুম্বাইয়ের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুই দুর্বৃত্ত। ভোর পাঁচটার দিকে মোটরবাইকে এসে চার রাউন্ড গুলি চালায় তারা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় সেই দুই ব্যক্তি। সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। গুজরাটের একটি মন্দিরে লুকিয়ে ছিলো দুজন।

চারটি গুলির মধ্যে একটি এসে লাগে সালমান খানের জানালার পাশের দেওয়ালে। ঘটনার দায় স্বীকার করে নেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয়ের দল। একইসঙ্গে তারা সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দেয় অভিনেতাকে। তবে গ্রেপ্তার হওয়া দুজন এই গ্যাংস্টার গ্রুপের কিনা তা জানায়নি পুলিশ। নিজেদের জাহির করতে ঘটনার দায় ইচ্ছে করে নিজেদের ঘাড়ে নিচ্ছে কিনা এই আন্ডারগ্রাউন্ড গ্যাং তা খতিয়ে দেখছে পুলিশ।

সালমান খানের বাবা সেলিম খানের ‘গ্যালাক্সি’নামের বাড়িটিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হামলা নিয়ে সালমান কিছু না বললেও, সামাজিক মাধ্যমে পরিবারের হয়ে মুখ খুলেছেন তার ভাই আরবাজ খান। ইনস্টাগ্রামে পোস্ট করে আরবাজ লিখেছেন, ‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্মিত।’

একই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে,‘দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ দাবি করে মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে সস্তা প্রচার হিসেবে আখ্যা দিতে চাইছেন।’আরবাজ আরও লিখেছেন, ‘যারা দাবি করছেন বিষয়টিকে আমাদের পরিবার পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়।পরিবারের সদস্যেরা আপাতত পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।’

পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বাই পুলিশের ওপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ। একই সঙ্গে পাশে থাকার জন্য ভক্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে, কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয় নিয়ে এখন তুমুল আলোচনা ভারতে। তার হয়ে সামাজিক মাধ্যমে সালমানকে হুমকি দিয়েছেন ভাই আনমোল বিষ্ণোয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।"

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণোয় গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দী গ্যাংস্টার বিষ্ণোইয়ের যে ১০ জনকে ‘হত্যার তালিকা’য় রেখেছে, তাদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন