স্বাগতার অভিযোগ নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী
স্বাগতার অভিযোগ নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৬:২১ এএম
স্বাগতার অভিযোগ নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী
চলতি বছর নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী স্বাগতা। বেশ আয়োজন করে সেরেছেন দ্বিতীয় বিয়ে। সংবাদমাধ্যমকে শুনিয়েছেন স্বামী হাসান আজাদের সঙ্গে তার প্রেম ও পরিণয়ের গল্প। সেসব গল্প মন দিয়ে শুনলেও নেতিবাচক মন্তব্য করতে আলসেমি করেননি নেটিজেনরা। অনেকে প্রথম সংসার ভাঙার জন্য দায়ী করেছেন অভিনেত্রীকে।
এসব অভিযোগ মাথা পেতে নেননি স্বাগতা। সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। সেইসঙ্গে প্রথম স্বামীর সঙ্গে সংসারকালীন চিত্র তুলে ধরেছেন। অভিনেত্রী জানিয়েছেন প্রথম স্বামীর সংসারে সাত বছর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। এবার স্বাগতার এই অভিযোগ নিয়ে মুখ খুললেন তার প্রাক্তন স্বামী রাশেদ জামান।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘স্বাগতার এসব বিষয়ে আমি কিছু বলতে চাই না। তার জীবন ও ক্যারিয়ার নিয়ে আমার দিক থেকে সবসময় শুভ কামনা থাকবে। স্বাগতা অনেক যোগ্য একজন মানুষ। গুণী মানুষ এবং গুণী শিল্পী। আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা।’
এরপর বলেন, ‘অভিযোগ ছাড়া কোনো মানুষ নেই। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি মানুষের কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। আমি খুব হ্যাপি। তবে এসব নিয়ে যত বেশি কথা হবে তত বেশি মানুষের কাছে মিডিয়া নিয়ে বাজে ধারণা যাবে। আমি সেটা করতে চাই না। আমাদের একটা পরিবার আছে। আত্নীয় স্বজন আছে। তাই এসব নিয়ে যত কথা বলব ততবেশি মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে। শুধু তাই না, আমি একটা মেয়েকে জাস্টিফাই করতে চাই না। আমি বিশ্বাস করি স্বাগতা ভালো মানুষ। সে নতুন একটা সংসার শুরু করেছে। একজন ভালো মানুষের সঙ্গে সংসার শুরু করেছে। তার নতুন জীবনের জন্য শুভ কামনা।’
স্বাগতার প্রাক্তন আরও বলেন, ‘আমি কোনো সেলিব্রেটি না। সাধারণ মানুষ। সাধারণ পরিবারের মানুষ। শুধু এতটুকু বলতে পারি আমাদের সাধারণ পরিবারের মানুষেরা ডিভোর্স বা নির্যাতন করর জন্য বিয়ে করে না। তবে আমি চাইবো তার নতুন জীবন সুন্দর হোক।’
এর আগে নিজের ফেসবুক থেকে লাইভে এসে স্বাগতা বলেছিলেন, ‘এই সমাজে মেয়ে হয়ে একা থাকা কঠিন। যখন আমি একা থাকলাম, তখন দেখলাম, যার বয়স ১৬, সেও আমার প্রেমিক, আবার যার বয়স ৭০, সেও আমার প্রেমিক। এমন অনেকেই প্রেম করতে চায়। তখন দেখা গেল, আমার কাজের বাইরে প্রেমিক ঠেকানো একটা বাড়তি কাজ হয়ে দাঁড়াল। এটা তো আমি চাই না। কেন আমাকে নিয়ে এসব ভাবার সুযোগ দেব? তখন মনে হলো, আমার অভিভাবক লাগবে। এই জন্য আমি আবার প্রেমে পড়ি। পরে দ্বিতীয় বিয়ে করেছি।’
এরপর তারকাদের ঘর ভাঙা নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। আমার ক্লাসের ৮০ ভাগ মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলেই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন। আপনাদের মন্তব্যের কারণে আমি সেলিব্রিটি হয়েও সাত বছর মার খেয়েছি, মা-বাবাকে নিয়ে যা ইচ্ছা তাই শুনেছি। তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি। কারণ, আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করেও আমি সংসার করতে চেয়েছি। ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি, বলতে চাইনি। আর ডিভোর্স নিয়ে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন। যৌক্তিক কথা বলুন। না জেনে কারও ওপর দোষ চাপাবেন না।’
দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রথমবার বিয়ে করেন স্বাগতা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বামী রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর চলতি বছরের ২৪ জানুয়ারী ফের গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।
