যে প্রশ্নের উত্তরে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন পিসকোভা
যে প্রশ্নের উত্তরে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন পিসকোভা
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৪:৫৪ এএম
যে প্রশ্নের উত্তরে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন পিসকোভা
ভারতে অনুষ্ঠিত‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন ক্রিস্টিনা পিসকোভা। শনিবার (৯ মার্চ) মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত ৭১তম আসরের গ্র্যান্ড ইভেন্টে শেষ হাসি হাসলেন চেক রিপাবলিকের এই সুন্দরী।
এদিন বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে দেশটির প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা জিতে নেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর মুকুট।
কিন্তু কোন প্রশ্নের উত্তর দিয়ে এ দিন বাজিমাত করেন ক্রিস্টিনা পিসকোভা জানেন কি? প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শেষ ধাপে উঠে আসা আট প্রতিযোগীকেই একটি করে প্রশ্ন করা হয়। বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে যারা মেধার পরিচয় দিতে পারেন, তারাই থাকেন এগিয়ে।
এরই প্রেক্ষিতে মঞ্চে নির্মাতা-উপস্থাপক করণ জোহর ক্রিস্টিনাকে প্রশ্ন করেছিলেন, নারীদের স্বাস্থ্যসেবার একটি বিষয়ে যদি আপনাকে আলোকপাত করতে বলা হয়, আপনি কোন দিকটির কথা বলবেন? এবং কেন?
প্রশ্নের উত্তরে শান্ত স্বরে ঠোঁটে মৃদু হাসি রেখে ক্রিস্টিনা বলেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি মনে করি, নারী হিসেবে জন্ম নেওয়া একটা বড় উপহার। সারা বিশ্বের নারীদের প্রতিনিধি হিসেবে এই মঞ্চে আসতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।
এরপরই করণের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নারী স্বাস্থ্যের যে বিষয়টির গুরুত্ব কখনোই ভোলা উচিত নয়, তা হলো ‘মাসিক’। কারণ, পৃথিবীর অনেক দেশেই এখনো নারীরা এ নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন, ভয় পান। যে মনোযোগ তাদের পাওয়া উচিত, সেটা তারা পান না।
২৫ বছর বয়সী চেক রিপাবলিকের বাসিন্দা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। এর আগে তিনি ‘মিস চেক রিপাবলিক’ খেতাব জয় করেছেন। মডেলের পাশাপাশি, পিসকোভা আইন এবং ব্যবসায় প্রশাসনে পৃথক ডিগ্রি অর্জন করেছেন।
ক্রিস্টিনার হাত ধরে দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন দেশটির প্রতিযোগী তাতানা কুচারোভা।
এবারের মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি শীর্ষ ৮- এ জায়গা করে নেন। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।
