আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। উপনেতা হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানের শুরুতেই একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের এমপি হিসেবে নিজের শপথ নেন। এরপর নির্বাচিত ২৯৮ জনের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে শপথ পড়ান স্পিকার।
রবিবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ছেড়ে দেয়া ২৬ আসনের মধ্যে ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২ আসনে।
