Logo
Logo
×

নির্বাচন ২০২৪

জামানত বাজেয়াপ্তের হিড়িক

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ এএম

জামানত বাজেয়াপ্তের হিড়িক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্ধীতা করে অন্য রাজনৈতিক দলের কোনো প্রার্থীই নির্বাচনে জয়ী হতে পারেননি। যে চারটি দলের প্রার্থীরা জিতেছে আওয়ামী লীগ তাদের ঐ আসনগুলো ছেড়ে দিয়েছিলো। শুধু তাই নয়, নির্বাচনে অংশগ্রহণকারী ২৭টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি রাজনৈতিক দল কোনো আসনই পায়নি। তাদের মধ্যে তিন কিংস পার্টির (তৃণমূল বিএনপি, বিএনএফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি) কোনো প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি। ২৯৯ টি আসনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বেশিরভাগের জামানত বাজেয়াপ্ত হয়েছে। গত ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। 
 
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে স্বাধীন বাংলাদেশে এর আগে অন্য কোনো নির্বাচনে এমন ফলাফল দেখা যায়নি। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার হাসতে হাসতে বলেন, ‘বাংলাদেশে অতীতে এমন নির্বাচন হয়েছে বলে মনে পড়ে না। আওয়ামী লীগের পক্ষেই এমন নির্বাচন সম্ভব। এটি একটি এক দলীয় নির্বাচন বলা যায়।’   

সাতক্ষীরা জেলার ৪টি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন প্রার্থী ও ৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন প্রতিদ্বন্থিতা করেন। এর মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নরসিংদী জেলায় ৩৩ প্রার্থীর মধ্যে ২৩ জন জামানত হারিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাদের দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য প্রায় সব প্রার্থী পাঁচ শতাংশের কম ভোট পেয়েছেন। ২৩ প্রার্থী পেয়েছেন এক শতাংশের কম ভোট। আইন অনুসারে, প্রদেয় ভোটের আট শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুসারে নরসিংদীতে গড়ে ৪১ শতাংশ ভোট জমা হয়েছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন রায়পুরা উপজেলার বিএনএফের প্রার্থী মো. বিটু মিয়া। ১৬৩টি কেন্দ্রে তিনি ৭৫টি ভোট পেয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অন্য দলের যারা নির্বাচিত হয়েছেন তাদের কেউ কেউ নৌকা প্রতীক নিয়ে, আবার কেউ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অন্য রাজনৈতিক দলের প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত হিসাবে দেখা গেছে, জাতীয় পার্টির ২৫০ প্রার্থীও জামানত হারিয়েছেন। জাপার যে ১১ জন বিজয়ী হয়েছেন, তার সবগুলোই আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসন। আওয়ামী লীগ করুণা করেনি, এমন কোনো আসনে দলটির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৬ জন, জাতীয় পার্টি ২৬৫ জন, জাকের পার্টি ২১ জন, তৃণমূল বিএনপি ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১২২ জন, বাংলাদেশ কংগ্রেস ৯৬ জন, জাসদ ৬৬ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএ) ৪৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৫৬ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৩৮ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ৩০ জন, ওয়ার্কার্স পার্টি ২৬ জন, গণফ্রন্ট ২১ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, কল্যাণ পার্টি ১৬ জন, খেলাফত আন্দোলন ১১ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি পাঁচজন, গণফোরাম ৯ জন, সাম্যবাদী দল চারজন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পাঁচজন, মুসলিম লীগ (বিএমএল) চারজনকে প্রার্থী হিসেবে দেয়। আওয়ামী লীগ বাদে যে চারটি দল নির্বাচনে বিজয়ী হয়েছে, সেগুলো হলো জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি, ওয়ার্কাস পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন