Logo
Logo
×

নির্বাচন ২০২৪

রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে ডামি পর্যবেক্ষক এনেছিলো আওয়ামী লীগ : এবি পার্টি 

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০১:৩০ এএম

রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে ডামি পর্যবেক্ষক এনেছিলো আওয়ামী লীগ : এবি পার্টি 

ডামি প্রার্থী আর ডামি দল নয়, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে ডামি পর্যবেক্ষকও এনেছিলো বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি)। 

মঙ্গলবার বিকেলে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্য়ালয় চত্বরে একতরফা গণতন্ত্র ধ্বংসকারী প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।  
তিনি বলেন, ‘যে সব দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র নেই, যারা নিজেরাই দূর্নীতি ও অনৈতিক আচরণের জন্য দন্ডিত এবং নীতিগতভাবে ফ্যাসিবাদের সমর্থক এরকম ডামি পর্যবেক্ষক এনেছিলো সরকার। তাদের দিয়ে একটা জন প্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে সরকার। এটি খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের নির্লজ্জ প্রমাণ।’ 

সভায় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামীলীগ এমন এক প্রহসনের নির্বাচন করেছে যেখানে ভোটার হাজির হয়নি, হাজির হয়েছে কুকুর, বিড়াল আর ভেড়ার পাল। সাংবাদিক আর বিদেশি দেখলেই ডামি ভোটার লাইন দাঁড় করিয়েছেন, সাংবাদিকও নাই লাইনও নাই। তেমনি কিছু সাদা চামড়ার মানুষ ভাড়া করে, ডামি পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে। এই প্রহসনের নির্বাচন জাতি মেনে নেয়নি, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি। এই অবৈধ সংসদ আমরা চলতে দিতে পারিনা, আমরা গণতান্ত্রিক বিশ্বকে বলবো একটি একতরফা প্রহসনের নির্বাচনকে আপনারা স্বীকৃতি দিবেন না। এই সংসদ আমরা মেনে নিবোনা, জাতিও মেনে নেবে না।’ 

যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ফেলানী দিবসে’ প্রহসনের নির্বাচন করে আওয়ামী দখলদারদের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামীলীগ যেন আমাদের বলছে উত্তর কোরিয়া, বার্মা, বেলারুশ আর কম্বোডিয়াতে আপনাদের স্বাগতম।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য দেন দলটির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন