ভোট আগের রাতে হয়েছে : জামানত বাজেয়াপ্ত হওয়া তৈমুরের অভিযোগ
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ফাইল ছবি
রাজনৈতিক অঙ্গণে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির কেউ গত ৭ জানুয়ারি নির্বাচনে জিততে পারেননি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত শেষে বেরিয়ে দলটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছিলেন তারা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হতে চান। সারাদেশের ১৩৫টি আসনে তাদের প্রার্থী দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু প্রার্থী দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ান।
নির্বাচনের পর গত রবিবার অনুষ্ঠিত নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে তৈমুর আলম খন্দকার বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন তো ভোটের আগের রাতেই হয়ে গেছে। এটা তো কোনো নির্বাচন হয়নি। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী টাকা দিয়ে ভোট কিনেছে। নির্বাচনের আগে আমার সমর্থক নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ করে কোনো প্রতিকার পাননি।’
এদিকে দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করবো না। সবাই ঢাকায় ফিরে দলীয় ফোরামে আলোচনা করবো। তারপরে যদি প্রয়োজন মনে করি তাহলে দলীয় বক্তব্য গণমাধ্যমকে জানাতে পারি। এখন কিছু বলতে চাইছি না।’
নির্বাচনের আগের দিন গত শনিবার নিজ বাড়িতে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতিকের প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন নিজের দল এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আমি সরিষাবাড়ী আসনের তৃণমূল বিএনপির একজন মনোনীত প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা বিহীন তৃণমূল বিএনপি একটি নামধারী সংগঠন। আমার মত সংগঠকের জন্য এই সংগঠন না। যাদের এই নির্বাচনে আমাদের দ্বারা প্রচার প্রচারণা চালানোই মূল উদ্দেশ্য। দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্বাচনী ক্যাম্প থেকে প্রতিপক্ষরা চেয়ার নিয়ে চলে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদে অক্ষম। অস্তিত্ব বিহীন এই দল থেকে সকল সম্পর্ক ছিন্ন করে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। সংবাদ সম্মেলনের পর তিনি বিভিন্ন বিষয়ে তার হতাশার কথা ব্যক্ত করেন।’
এর আগে গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বেইমানি করেছেন বলে অভিযোগ করেন দলটির ৬০ জন প্রার্থী। তারা বলেন, ‘আমাদেরকে তারা নির্বাচনী মাঠে নামিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। চেয়ারপারসন ও মহাসচিব অন্য একটি দলের সঙ্গে আতাঁত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, যাতে আমরা নির্বাচন করতে না পারি।
