Logo
Logo
×

নির্বাচন ২০২৪

’বর’ না পাওয়া রাজনীতির ’বড়পুত্ররা’

Icon

সানজিদা আফরোজ

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম




’বর’ না পাওয়া রাজনীতির ’বড়পুত্ররা’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন বেশ কয়েক জন আলোচিত প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার, জাতীয় পার্টির  যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী এনামুল হক, স্বপন ভট্টাচার্য ও মাহবুব আলী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), আওয়ামী লীগের আবদুস সোবাহান গোলাপ, ফরিদপুরে আওয়ামী লীগের শামীম হক।

হাসানুল হক ইনু

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন হাসানুল হক ইনু। জাসদের এই সভাপতি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।  রাজনীতিতে হাসানুল হক বাগাড়ম্বরের জন্য বিখ্যাত। সবাই জানেন ইনু তার দলের জনপ্রিয়তা বিবেচনা করে কথা বলেন না। তার কথা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ‘যত বড় মুখ না তত বড় কথা’ ধরণের।

এই ইনুই একবার বলেছিলেন, জাসদ যদি এক পয়সা হয়, তাহলে এই এক পয়সা আওয়ামী লীগের সাথে না থাকলে তারা রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবে। এবার ইনুকে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরানোর ব্যবস্থা করে দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।  কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা): আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

 

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে। অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রার্থী কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। কাদের সিদ্দিকী শেখ হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বললেও শেষদিকে এসে ভোল পাল্টান। ‘বোন’ শেখ হাসিনার প্রশংসা যেমন করেছেন তেমনি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধেও যাচ্ছেতাই ভাষায় কথা বলেছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু

 পিরোজপুর ২ আসন থেকে হেরে গেছেন ১৪ দলীয় জোটের  প্রার্থী জেপির আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে ৯৯,৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত জয়ী হয়েছেন স্বতন্ত্র মোঃ মহিউদ্দিন মহারাজ। আনোয়ার হোসেন ৭০,৩৩৩ ভোট। এই মহারাজ এক সময় মঞ্জুর ব্যক্তিগত সহকারি ছিলেন। ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু  জাতীয় পার্টি সরকারের আমলে মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার প্রথম দফার শাসনামলেও তিনি মন্ত্রী ছিলেন। নির্বাচনে এই প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন তিনি।

ফজলে হোসেন বাদশা

 রাজশাহী-২ আসনে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কাছে তিনি ২৩,৭১৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৬,১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২,৪২৩ ভোট। রাজশাহী অঞ্চলের নিবেদিত প্রাণ ফজলে হোসেন বাদশা যে এবার রাজনীতির শিকার হবেন তা নির্বাচনের আগেও আলোচনায় ছিল।

মসিউর রহমান রাঙ্গাঁ

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে হেরে গেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মসিউর রহমান রাঙ্গাঁ। তাকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কেটলী প্রতীক) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবলু। মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির আমল থেকেই পরিবহন সেক্টরের আলোচিত একজন নেতা। ২০২২ ও ২৩ সালে বিএনপির কর্মসূচির দিন পরিবহন ধর্মঘট ডাকার প্রধান দুই কুশীলবের একজন এই রাঙ্গা। অপরজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান।

 

আবদুস সোবহান মিয়া (গোলাপ)

মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। গোলাপ নানা কারণেই ছিলেন বিতর্কিত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সেখানে তার বাড়ি থাকার খবরও প্রকাশিত হয়েছিল। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

মেহের আফরোজ চুমকি

গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারউজ্জামান। ট্রাক প্রতীকের আখতারউজ্জামান পেয়েছেন ৬১ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট। মেহের আফরোজ চুমকি শেখ হাসিনার বিশেষ আশির্বাদপুষ্ট।

মাহবুব আলী

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট। ব্যারিস্টার সুমন নিজেও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি ব্যক্তিগত জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন।

মাহী বি চৌধুরী

মাহী বি চৌধুরী সেই তরুণ বেলা থেকেই আলোচিত-সমালোচিত। রাজনীতিতে কখন যে কোন দিকে তিনি বল মারেন তা বোঝা মুশকিল। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)আসন হতে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব কুলা প্রতীকের মাহী বি চৌধুরী পরাজিত হয়েছেন।  তিনি নৗকার প্রতীকের মহিউদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হন।

শমসের মবিন চৌধুরী

এক সময়ের বিএনপির এই নেতা দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস রাজনীতিতে বড় ডিগবাজি খান। বিএনপির আরেক সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার গড়া তৃণমূল বিএনপিতে যোগ দেন। হয়ে যান এর চেয়ারম্যান। বলা হয়, আওয়ামী লীগের সাথে আঁতাত করেই বিএনপি ছেড়েছিলেন তিনি। সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন মবিন চৌধুরী। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হেরেছেন তিনি। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬০৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন শমসের মবিন চৌধুরী। তিনি সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট।

তৈমূল আলম খন্দকার

নির্বাচন পাগল হিসেবে খ্যাত তৈমূর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটির মেয়র পদে নির্বাচন করায়। ওই বহিষ্কারাদেশ বহাল থাকা অবস্থায় তিনি শমসের মবিনকে নিয়ে যোগ দেন তার রাজনৈতিক ও পেশাগত গুরু প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএপিতে। তিনি বলেছিলেন, জয়ের আশ্বাস পেয়েই নির্বাচনের ময়দানে নেমেছেন। কিন্তু নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তিনি হেরে গেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছে।

শামীম হায়দার পাটোয়ারী

অল্প দিনের রাজনীতিতে সারাদেশে মোটামুটি পরিচিত হয়ে ওঠা মুখ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): এই  আসনে পুরোনো ও অভিজ্ঞ জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে জয়ের মুখ দেখেছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লা নাহিদ নিগার। তবে নিগার নিজেও আওয়ামী পরিবারেরই সদস্য। তার মামা মঞ্জুরুল ইসলাম লিটন সংসদ সদস্য ছিলেন, তাকে গুলি করে হত্যা করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে হেরে গেছেন এক সময়ের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি আওয়ামী লীগের যৎসামান্য আস্থা অর্জণ করেছিলেন বটে, কিন্তু নির্বাচনের মাঠে তাকে আসল রাজনীতিটা শেখালো আওয়ামী লীগই।

মমতাজ বেগম

গায়িকা হিসেবে সারা দুনিয়ার বাঙালীদের কাছে পরিচিত মমতাজ। শেখ হাসিনার আশির্বাদে হয়েছিলেন এমপি। সংসদে মুজিব ও হাসিনা বন্দনা করে গান গেয়ে আলোড়ণ তুলেছিলেন। মানিকগঞ্জ-২ আসন থেকে হেরে গেছেন মমতাজ।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন