চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দীর্ঘ ৫৪ বছর পর আওয়ামী লীগের এমপি পরিবর্তন হয়েছে। তবে একই ঘরে এই পদ রয়ে গেছে। বাবার পরিবর্তে স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে।
১৯৭০ সাল থেকে অদ্যাবধি এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে ৭ জানুয়ারি নির্বাচনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়েছেন তার ছেলে মাহবুব উর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন (ঈগল) পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট। মাহবুব উর রহমান ৩৬ হাজার ৬৯ ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেন।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলা সম্মেলন কক্ষে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৯.০৫ শতাংশ ভোট পড়েছে। মিরসরাইয়ে ১০৬টি কেন্দ্রে ভোটার ছিল ৩ লাখ ৬৬ হাজার ৬২৫ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১১৭।
নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল) পান ৪০৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুল মান্নান (চেয়ার) পান ২০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. ইউসুফ (টেলিভিশন) পান ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মনোনীত মো. নুরুল করিম আফছার (একতারা) পান ১৯৯ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পান ৪৬ ভোট।
