Logo
Logo
×

নির্বাচন ২০২৪

নির্বাচন কমিশনের হিসাবের সঙ্গে মিল নেই ভোটার উপস্থিতির

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৪ এএম

নির্বাচন কমিশনের হিসাবের সঙ্গে মিল নেই ভোটার উপস্থিতির

ময়মনসিংহের নান্দাইলে ভোটার শূণ্য একটি কেন্দ্র। ছবি : শরিফুল ইসলাম

নজিরবিহীন কম ভোটার উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতি ছাড়াই শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। বাংলা আউটলুক এই নির্বাচন সরেজমিনে দেখেছে। প্রতিনিধির দেখা কয়েকটি ভোট কেন্দ্রের চিত্র তুলে ধরা হলো। 

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে ৩টা। আর মাত্র ৩০ মিনিট বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে। ঢাকা-১০ আসনের ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্রের ২,৩৩৩ ভোটারের মধ্যে কাস্ট হয়েছে মাত্র ১৬২টি। প্রিজাইডিং অফিসার মোসাদ্দেক হোসেনের কক্ষ আটকে ভেতরে মিটিং করছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

ক্ষমতাসীন দলের নেতারা মোসাদ্দেক সাহেবকে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করছিলেন, ভোটের সময় প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্রের মতো আওয়ামী লীগের ঘাঁটিতে এই পরিমান ভোট কাস্ট হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে প্রিজাইডিং অফিসার মোসাদ্দেককে ব্যালটে সিল মারার জন্য বই চাচ্ছিলেন। এরই মধ্যে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, তারা খুব বিরক্তই হয়েছেন। প্রিজাইডিং অফিসার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিরক্ত হয়ে বললেন, আপনারা চলে যান, ভোট তো শেষ।

পরে অবশ্য সাংবাদিকদের নজর এড়িয়ে বেশ কিছু কলেজ পড়ুয়া তরুণকে ভোট কেন্দ্রের বুথে প্রবেশ করিয়ে ভোট দানের ব্যবস্থা করলেন মোসাদ্দেক হোসেন। এর মধ্যে দুই তরুণ খুশিতে বলছিলেন, দে... দে..., ভোট দে। প্রচুর ভোট দিতে হবে।

প্রায় একই দৃশ্য দেখা গেল, মোহাম্মদপুর সরকারী কলেজ ও সরকারী গ্রাফিক ডিজাইন কলেজ কেন্দ্রে। কিশোরদের দীর্ঘ উপস্থিতি দেখে একটু সন্দেহই হয়েছিল। নাসির নামে এক তরুণকে জিজ্ঞেস করা হলে তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে দাবি করেন। পরে ভোটার আইডি কার্ড দেখতে চাইলে বলেন, বাসায় রেখে এসেছি। এ সময় পুলিশের এসআই মিজান এগিয়ে এসে ওই কিশোরকে আটক করা হয়েছে বলে নিয়ে চলে যান।

এই দুই কেন্দ্রের গেটের দ্বায়িত্বে থাকা আনসার সদস্যরা বলেন, আমাদের চোখ অন্ধ। কিছুই দেখছি না। দুপুরের পর বলা হয়েছে, নানক সাহেবের ভোটার স্লিপ নিয়ে আসলে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। আমাদের কিছুই করার নেই। যদি ধরার নির্দেশ পেতাম, তাহলে অন্তত একশরও বেশি ভুয়া-জাল এনআইডি কার্ডের ভোটার ধরতে পারতাম।

একই কেন্দ্রর সাব্বির নামের অপর এক তরুণকে প্রশ্ন করা হয়, তারা ভোটার কি না? উত্তরে দশম শ্রেণীতে পড়া ওই কিশোর দাবি করেন, মহল্লার বড় ভাইয়েরা কম্পিউটারের দোকান থেকে আইডি কার্ড বানিয়ে লেমিনেটিং করে দিয়েছে, সেটা দিয়েই ভোট দিয়েছেন সাব্বির।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার দাশ দাবি করেন, তার কেন্দ্রের ৭টি বুথে ৩৫৯৩ ভোটারের মধ্যে ৬৬৬ ভোট কাস্ট হয়েছে। একই ভবনের অপর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিমান কুমার বলেন, তার কেন্দ্রের ৩৬২১ ভোটারের মধ্যে ৫৭৭ ভোট কাস্ট হয়েছে। তবে, এই দুই কেন্দ্রের তরুণ ভোটার একটু বেশি এবং এদের উপস্থিতিও বেশি। এদের স্থানীয় নেতাদের দেওয়া স্লিপেই ব্যালট দিয়েছেন। এনআইডি কার্ড চেক করেননি। 

এদিকে, মগবাজারে ঢাকা-১২ আসনের নয়াটোলা প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৬২৮ ভোটারের মধ্যে ১০৬ ভোট পড়েছে বলে আউটলুককে জানান প্রিজাইডিং অফিসার অমল কুমার সরকার।

একই আসনের বিটিসিএল আইডিয়াল স্কুল কেন্দ্রে ভিন্ন চিত্র দেখা গেছে। এই স্কুলে মোট ৪টি কেন্দ্র। মোট ভোটার ৯৫৩৩। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাস্ট হয়েছে ২ হাজার ১৩টি ভোট। এই চার কেন্দ্রে সকাল থেকেই স্কুলের মাঠে দীর্ঘ লাইন দেখা গেছে। কিন্তু ভোট কম কাস্ট হওয়ার কারণ জানতে চাইলে, প্রিজাইডিং অফিসার মেহদী হাসান জানান, এরা সবাই দলীয় কর্মী। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকালে যেমন দেখে গেছেন, এখনো সেই উপস্থিতিই আছে।

ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে সকাল থেকেই ছিল শুনশান নিরবতা। এই কেন্দ্রেই ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই কেন্দ্রের ২ নং বুথে শেষ সময় পর্যন্ত ভোট পড়েছে ৪২টি। ভোটার ১৩১ জন। ৪ নং বুথে ভোট পড়েছে ৩৭টি। ভোটার ৩১২ জন। ৪ নং কক্ষে ভোট পড়েছে ২৯টি। ভোটার ৩৯৩ জন।

প্রায় একই দৃশ্য রাজাধানী ঢাকার অধিকাংশ কেন্দ্রের। ভোটার উপস্থিতির যে হিসেব নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, বাস্তবতা তার উল্টো। এসব কেন্দ্রের কাস্ট হওয়া ভোটের হিসাব করা হলে দেখা যাবে, ৬ থেকে ৭ শতাংশের বেশি ভোট কাস্ট হবে না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন