Logo
Logo
×

নির্বাচন ২০২৪

বিরোধীদের নির্বাচন বর্জন কর্মসূচি সফল

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

বিরোধীদের নির্বাচন বর্জন কর্মসূচি সফল

ভোটার না থাকায় রাজধানীর ভোট কেন্দ্রে ঘুমাচ্ছেন এক পোলিং এজেন্ট

বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়েই আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের দিন সরেজমিনে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, বিরোধী দলবিহীন একপেশে নির্বাচন নিয়ে জনসাধারণ আগ্রহ দেখায়নি। শীতের সকালের আড়মোড়া ভেঙে বেশির ভাগ ভোটারই কেন্দ্রে আসেননি। রাজধানীসহ সারাদেশের অধিকাংশ ভোটকেন্দ্রগুলো ছিল ফাঁকা।

আওয়ামী লীগ যথাসাধ্য চেষ্টা করেছে ভোটারদের কেন্দ্রে আনতে। নরম গরম উভয় পন্থাই অবলম্বন করেছিল সরকার। গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি পর্যন্ত দিয়েছে। সঙ্গে ছিল আর্থিক প্রলোভনও। আগের রাতে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এছাড়া সরকারি সুবিধাভোগীদের বয়স্ক ভাতা, গরিবদের কার্ড নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল জোরালোভাবে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা এসব সুবিধাভোগী কার্ড নিয়ে নেন। ভোট দিলে এসব কার্ড ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছিলেন। সরকারি চাকুরিজীবিদেরও ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

ঢাকা শহরে বাড়ি বাড়ি গিয়ে সরকারী দলের এজেন্টরা দরজায় টোকা দিয়েছেন। দরজা খুলতে বলেছেন। কিন্তু অনেকেই দরজা খোলেননি। ঘরের বাতি নিভিয়ে, মোবাইল ফোন বন্ধ করে নিরবে বসে ছিলেন। রিকশা করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তাবেও অনেকে সাড়া দেননি।

সার্বিক চিত্র দেখে দেশে ভোট প্রদানের হার মোটেও আশাব্যাঞ্জক নয় বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। দুপুর একটা নাগাদ সারাদেশের অধিকাংশ ভোট কেন্দ্রগুলোর খালি পড়েছিল। ভোটাররা না আসায় প্রিসাইডিং ও পোলিং অফিসাররা অলস সময় পার করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরিবিলি বসে গুল্পগুজব করেছেন। ঢাকায় অলস এক পোলিং এজেন্টকে কেন্দ্রের ভিতরে ঘুমাতে দেখা গেছে সকালের দিকে।

সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে, বিকাল ৩টা পর্যন্ত ৬ শতাংশের বেশি ভোট পড়েনি। বাকী এক ঘণ্টা ভোটের হার বাড়ার সম্ভাবনা কম। এখন সরকার ভোট বাড়িয়ে দেখাতে পারে। কত শতাংশ ভোট দেখাবে তা সরকারের নীতিনির্ধারকরা ঠিক করবেন। কিন্তু ভোট কেন্দ্রে ভোটাররা যাননি। এটা সারাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁকা ভোট কেন্দ্রের ছবি পোস্ট করছেন ব্যবহারকারীরা। বিশ্লেষকরা বলছেন, ইচ্ছামতো ভোটের হার দেখিয়ে সরকার সুবিধা করতে পারবে না।


মূলত, তিনটি কারণে ভোটাররা কেন্দ্রে যাননি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের জন্য দেশবাসীকে আহবান জানিয়েছিল। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে নির্বাচন প্রত্যাখানের পরামর্শ দেন। সারাদেশে লিফটলেট বিতরণ, উঠান বৈঠক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রদান, ক্ষুদে বার্তা ইত্যাদির মাধ্যমে জনসাধারণকে তাদের দাবির পক্ষে আনতে চেষ্টা করেছে।

বিপরীতে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী ও সরকারি বাহিনীর সদস্যদের দ্বারা বল প্রয়োগের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করেছে। এর পাশাপাশি ভোটের কয়েকদিন আগে থেকেই নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি মারামারি জনমনে আতঙ্ক তৈরি করেছে। সারাদেশেই  কমবেশি হামলা-পাল্টা হামলা হয়েছে। এই একপেশে নির্বাচনে কেউ সংসদ সদস্য হওয়ার সুযোগ হারাতে চায়নি।

এই দুই কারণের সঙ্গে জনজীবনে দুঃসহ মাত্রার দ্রব্যমূল্যের প্রভাব কাজ করেছে। বাজারে সব কিছুরই দাম আকাশছোঁয়া। নির্বাচনের আগে সাধারণত সরকারের পক্ষ থেকে  জনসাধারণকে তুষ্ট করার নানা ধরনের প্রচেষ্টা থাকে। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। বাজারের চড়া দাম দ্রুতই পকেট ফাঁকা করে দিচ্ছে ক্রেতাদের। বাজারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সবাই। সব মিলিয়ে রীতিমতো হাসফাঁস করা অবস্থায় আছে শহর থেকে গ্রাম সব জায়গার সাধারণ নাগরিকরা।

একদিকে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আহবান, অপরদিকে আওয়ামী লীগের সহিংস আচরণ ভোটারদের কেন্দ্রে যেতে নিরুসাহিত করেছে। বিশেষ করে, আওয়ামী লীগের মহড়া জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। দেশের অধিকাংশ ভোটারই নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করে বিরোধী দলের আহবানে সাড়া দিয়েছে। দুর্নীতি, লুপপাট, গুম, বিচার-বর্হিভুত হত্যার দায়ে জর্জরিত আওয়ামী লীগের দায় ভোটরা নিতে চায়নি।

তাই বলা যায় বিরোধী দলের ভোট বর্জন কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে। তারা ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছে, নির্বাচনের অগ্রহণযোগ্যতা সম্পর্কে। জনসাধারণ সরকারের একপেশে নির্বাচনকে প্রত্যাখান করেছে। ভোটাররা ছিল অনঢ়। বিরোধী দলগুলোকে নানা কৌশল করে আওয়ামী লীগ নির্বাচনে আনতে পারেনি। এবার ভোটারদেও কেন্দ্রে আনতে পারলো না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন