দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ সংসদীয় আসনের ভোটগ্রহণ সময় দেখা যায় অনেক কেন্দ্রে প্রার্থীদের এজেন্টও নেই। অলস সময় পার করছেন প্রিসাইডিং ও পোলিং অফিসাররাও। রোববার দুপুর ২.৩০টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঢাকা-১৪ আসনের মিরপুরের পাইকপাড়ার বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রের কোনোটিতে ভোটারদের সারি লক্ষ করা যায়নি। আজ রোববার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ চিত্র দেখা গেছে। কলেজের ১৩৩ নম্বর কেন্দ্রে ভোটারসংখ্যা ২ হাজার ৫১০। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এখানে মাত্র ৬টি ভোট পড়েছে বলে জানা যায়।
ঢাকা-১৪ আসনের শাহ আলী থানায় কেন্দ্রের বাহিরে বহিরাগত থাকলেও কেন্দ্রে কোন ভোটারের দেখা মেলেনি।
এছাড়া কমার্স কলেজ, মনিকানন স্কুল, মিরপুর সরকারি বিদ্যালয়, বিসিআইসি কলেজ, শাহআলী মহিলা কলেজ এলাকায় তেমন কোন ভোটার চোখে পড়েনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ড (৭-১২) এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন গঠিত। এবার এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছয়জন।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাইনুল, স্বতন্ত্র প্রার্থী সাবিনা ছাড়া আসনটির অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির আলমাস উদ্দিন (লাঙ্গল), জাসদের আবু হানিফ (মশাল), তৃণমূল বিএনপির নাজমুল ইসলাম (সোনালী আঁশ), বিএনএফের কামরুল ইসলাম (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির মাহবুব মোড়ল (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমেদ (একতারা), সাংস্কৃতিক মুক্তিজোটের আসিফ হোসেন (ছড়ি), লুৎফর রহমান (কেটলি), জেড আই রাসেল (ঈগল), এমরুল কায়েস খান (রকেট), মোহাম্মদ মহিবুল্লাহ (দালান) ও কাজী ফরিদুল হক (বাঁশি)।
