রাজধানীর উত্তরায় ফাঁকা একটি ভোট কেন্দ্র
ঢাকা-৫ নির্বাচনী এলাকার একটি কেন্দ্র। রাস্তার দু’পাশে সারি সারি এজেন্টের টেবিল। এই আসনে আওয়ামী লীগের তিন নেতা নির্বাচন করছেন। একজন নৌকা মার্কা। অন্য দু’জনের একজন ট্রাক অপরজন ঈগল মার্কা পেয়েছেন। বাঘে বাঘে লড়াই হবে এ আসনে এমনটা নির্বাচনের আগে সবাই বলাবলি করছিল। তিন নেতার কর্মী-সমর্থকদের ধারণা ছিল এ আসনে ভোট ভালই পড়বে। ভোটের দিন দেখা গেল সেই চিত্রই যা মানুষ ধারণা করেছিল আর তা হচ্ছে ভোটারশূণ্য কেন্দ্র। বুকে ব্যাজ লাগানো তরুণরা ঘুরছে, আর কেউ এলেই দৌড়ে যাচ্ছে ভোটার ভেবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের হতাশ হতে হয়। ভোটার কই?
একজন করুণ সুরে বললো, শতকরা ১০টা ভোট পড়ে কিনা সন্দেহ আছে। তার কথায় সায় দিল অন্যরা। একজন বললেন, দুপুরের খাওয়ার পর কিছু ভোটার আসতে পারে। একজন বললো, ভাই ভোটার আইলেই কি? না আইলে কি? আমাগো ভোটার দরকার নাই, আমাগো দরকার এমপি, ভোট লাগবে না, আমরা চাই এমপি! তার কথা শুনে অন্যরা শুকনো হাসি দিলো। বিনা ভোটের এমপি দেখতে দেখতে বোধ হয় এরাও ক্লান্ত।
