আজ ফেলানী হত্যা দিবস : ফেলানী হত্যার প্রতিবাদে আজ ভোট বর্জনের আহ্বান রাজনীতিবিদদের
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
আজ সাত জানুয়ারি। ২০১১ সালের এই দিনে সীমান্তে বিএসএফের গুলিত নিহত হয়েছিলেন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। সে সময় তার মরদেহ ঝুলে ছিল সীমান্তের কাঁটাতারে। ফেলানীর ঝুলে থাকা নিথর দেহের ছবি দেশে-বিদেশে নিন্দার ঝড় তুলেছিল।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ রামখানা কলোনীটারী গ্রামে ফেলানীর কবর। সেখানে চিরতরে শুয়ে আছে নিস্পাপ মেয়েটি।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্যরা ফেলানীকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল সাড়ে ৪ ঘণ্টা। সেই ছবি মানুষকে বিক্ষুব্ধ করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হত্যার বিচারের দাবি তোলে। ওই ঘটনার ৩০ ঘণ্টা পর বিজিবির কাছে ফেলানীর মরদেহ হস্তান্তর করেছিলে বিএসএফ।
এদিকে ফেলানী হত্যার এইদিনে আজ ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। বিএনপি, জামায়াতে ইসলামী, গনতন্ত্র মঞ্চ, গনঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এই দিনে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। কারণ ফেলানী হত্যার বিচারের দাবি তোলেনি সরকার৷ কারণ বিনা ভোটের সরকার শুধুমাত্র ভারতের সমর্থনে টিকে আছে।
শনিবার বরিশালের চরমোনাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সার্বভৌমত্ব বিপন্ন করার নির্বাচন থেকে বিরত থাকতে হবে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রকাশ্য জনসভায় বললেছেন ‘ভারত আছে তো আমরা আছি’। আরেক প্রার্থী বলেছেন, ‘আমি শেখ হাসিনা ও ভারতের প্রার্থী’। এ ধরণের বক্তব্যের প্রতিবাদ না করায়, সহজেই বুঝা যায় এ বক্তব্য খোদ আওয়ামী লীগের। দেশ আর আমাদের হাতে নেই, পুরোপুরি ভারতের কব্জায়। কাজেই ভোট বর্জন করে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে হবে।
এ সময় সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানান চরমোনাই পীর।
ফেলানী হত্যার বিষয়ে তার বাবা নুর ইসলাম গত বছর সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতের আসাম থেকে তিনি ফেলানীকে নিয়ে দেশে ফিরছিলেন। ২০০২ সাল থেকে আসামে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি একটি চায়ের দোকান চালাতেন। ফেলানি যখন নিহত হয় তখন তার বয়স ছিল ১৪ বছর।
ফেলানীর মা জাহানারা বেগম বলেন, প্রতিবছর এই দিনটা যায় কান্না করে। আমি আজো ফেলানীর মুখটা ভুলতে পারিনি। এখনো রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।'
কুড়িগ্রামের মানবাধিকার কর্মী অ্যডাভোকেট অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন গত বছর গণমাধ্যমকে জানিয়ছিলেন ২০১৫ সালের ১৩ জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সে দেশের সুপ্রিম কোর্টে রিট আবেদন করে। ২০১৭ সালের ২৫ অক্টোবর শুনানির পর আদালতে শুনানির তারিখ বার বার পিছিয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতে ফেলানী হত্যা মামলাটি এখনো বিবেচনাধীন।
