Logo
Logo
×

নির্বাচন ২০২৪

৭ জানুয়ারী “ফেলানী হত্যা দিবস”-এ ডামি নির্বাচন বর্জনের আহবান গণঅধিকার পরিষদের

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ এএম

৭ জানুয়ারী “ফেলানী হত্যা দিবস”-এ ডামি নির্বাচন বর্জনের আহবান গণঅধিকার পরিষদের

আগামীকাল ৭ জানুয়ারী “ফেলানী হত্যা দিবসে” আওয়ামী ফ্যাসিবাদের সাজানো ডামি নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে গণঅধিকার পরিষদ। এই দিন ভোট বর্জনের পাশাপাশি ২০১১ সালের ৭ জানুয়ারী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খুন হওয়া বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার ন্যায়বিচারের জন্যে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের আহবায়ক   (ভারপ্রাপ্ত) কর্ণেল অবঃ মিয়া মসিউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, “৭ই জানুয়ারী হলো ফেলানী হত্যা দিবস। ২০১১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী তরুণী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে। এই হত্যাকান্ডের ১৩ বছর পার হলেও বাংলাদেশ আজও ন্যায়বিচার পায়নি। এই ঐতিহাসিক শোক দিবসে দেশপ্রেমিক জনগণ আওয়ামীলীগের সাজানো ডামি নির্বাচনে অংশ নিবে না।” 

নেতৃদ্বয় আরো বলেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের ভোটাধিকার হরণ করার ধারাবাহিকতা রক্ষা করে আরেকটি ডামি নির্বাচনের আয়োজন করেছে ৭ই জানুয়ারী। সমস্ত রাষ্ট্রীয় শক্তিকে দলীয় করণ করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে তারা। জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দিয়ে হামলা করছে অথচ প্রকাশ্যে ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসীদের ধরা হচ্ছে না। সবদিক থেকে ব্যর্থ এই ফ্যাসিস্ট সরকারের ডামি নির্বাচনে অংশ না নিতে আমরা দেশবাসীকে আহবান জানাই। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনগণের সাথে প্রতারণার এই ডামি নির্বাচনের আয়োজকদের বিচার একদিন জনগণই করবে।”

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন