Logo
Logo
×

নির্বাচন ২০২৪

আজ সংসদ নির্বাচন: আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের পাতানো লড়াই

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:০১ এএম

আজ সংসদ নির্বাচন: আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের পাতানো লড়াই

আজ ৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠান হবে। তিনশ’ আসনের মধ্যে একপ্রার্থীর মৃত্যুতে একটি আসনের নির্বাচন স্থগিত করায় ভোট হবে ২৯৯ আসনে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার এক হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থীসংখ্যা এক হাজার ৫৩৪ জন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। তবে রাজনৈতিক দল নয়, এ নির্বাচনে পাতানো লড়াই হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগেরই অন্য নেতাদের সাথে। তাই এ নির্বাচনের ব্যাপারে মানুষের আগ্রহ খুবই কম। তবে সরকারি দল ও সরকার নানা কায়দায় এবং ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের কেন্দ্রে নেয়ার পরিকল্পনা এঁটেছে।

দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি ৭৬ লাখ নয় হাজার ৭৪১ জন এবং নারী ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন।

দ্বাদশ সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটে থাকছে ২৮টি দল। এবার সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এরপরই রয়েছে জাতীয় পার্টি, তাদের প্রার্থী রয়েছেন ২৬৫ জন। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির। এবারের নির্বাচন আসন ভাগাভাগির এবং সাজানো পাতানো নির্বাচন হিসেবে এরইমধ্যে পরিচিতি পেয়ে গেছে যা দেশের গণতন্ত্র ও নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রে বিপর্যয়ের ধারাবাহিকতা বলা যায়।

বাংলাদেশে এর আগে অনুষ্ঠিত ১১টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। সে নির্বাচনগুলো হচ্ছে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম সংসদ এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয় এরশাদ সরকারের পতনের পর। ওই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি হয় ষষ্ঠ সংসদ নির্বাচন। বিতর্কিত এ নির্বাচনে বিএনপি ২৭৮টি আসন পায়। এটি বিতর্কিত নির্বাচন হলেও বিএনপি সরকার এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বিরোধী দলগুলোর দাবি বাস্তবায়ন করে।

প্রথম তত্ত্বাধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এতে আওয়ামী লীগ ১৪৬টি আসন পায়, বিএনপি পায় ১১৬টি আসন। জাতীয় পার্টি ৩২টি আসন পেয়েছিল। জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। তারা ২১৬ আসন পায়, তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এ নির্বাচনে আওয়ামী লীগ ৬২টি আসন পেয়েছিল।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর হয় নবম সংসদ নির্বাচন। বস্তুতপক্ষে এ নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচনী সংস্কৃতি একটা নতুন বিপর্যয়ে পড়ে। ব্যাপকভাবে ধারণা রয়েছে, ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের সব কাজের বৈধতা দেয়ার ঘোষণা দিয়ে বিশেষ আনুকূল্য পান শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পায় আর বিএনপি পায় মাত্র ৩০টি আসন।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে বলা হয় বিনা ভোটের নির্বাচন। এ নির্বাচনে ১৫৩জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৪৭ আসনে ভোট হলেও তাতে শতকরা ৫ ভাগের মত ভোট পড়ে। শেখ হাসিনা সরকারের অধীনে এ নির্বাচন হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নিলেও এ নির্বাচনে সরকার কর্তৃত্ববাদী চরিত্র নিয়ে আবির্ভূত হয়। বিএনপিকে কোন রকম নির্বাচনী প্রচারণাই চালাতে দেয়া হয়নি। ব্যাপকভাবে অভিযোগ করা হয় ওই নির্বাচনে আগের রাতেই অনেক এলাকায় ব্যালটবাক্সে সিল পিটিয়ে ব্যালট ভরে রাখে নৌকার সমর্থকরা। ফলে এ নির্বাচন রাজনৈতিকভাবে ‘রাতের নির্বাচন’ হিসেবে পরিচিতি পায়।

পাঁচ বছর পর আবার একটি প্রহসনের নির্বাচন ২০২৪ সালর ৭ জানুয়ারি। এ নির্বাচনেও জনমতের প্রতিফলন ঘটবে না বা প্রকৃত নির্বাচন হবে না। কারণ এ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুমতি দিয়েছে আওয়ামী লীগ। আর জাতীয় পার্টির সাথে তাদের হয়েছে আসন ভাগাভাগি। এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরও অন্ধকারের দিকে ধাবিত হবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন